• ই-পেপার

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-রাশিয়ার আপত্তির পরও আবার মানবাধিকার প্রধান ফলকার তুর্ক

কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা বেড়ে ৩০৭৫

অনলাইন ডেস্ক
কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা বেড়ে ৩০৭৫
ছবি : রয়টার্স

কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা বেড়ে ৩০৭৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৩৫৪ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার (২৫ জুলাই) প্রকাশিত সরকারি তথ্যে জানানো হয়। 

আফ্রিকা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, সাম্প্রতিক এই প্রাদুর্ভাবটি মহাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইবোলা প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বেশ কয়েক সপ্তাহ ধরে কর্তৃপক্ষের নজরদারির আড়ালে রোগটি ছড়িয়ে পড়ার পর, গত ১৫ মে কঙ্গো সরকার নতুন করে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেয়। চিকিৎসকরা জানিয়েছেন, এই সংক্রমণটি বিরল ‘বান্ডিবুগিও’ ভাইরাসের কারণে ঘটেছে, যার কোনো অনুমোদিত টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই।

ভাইরাসের বিস্তার ঠেকাতে ও প্রতিষেধক খোঁজার আশায় গবেষকদের বহু প্রতীক্ষিত একটি গবেষণার পর চিকিৎসার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল (মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ) শুরু হয়েছে। তবে কঙ্গোতে ইবোলা নিয়ন্ত্রণের এই প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একদিকে তহবিলের তীব্র ঘাটতি, অন্যদিকে কঙ্গোর পূর্বাঞ্চলীয় সংঘাতময় এলাকায় সশস্ত্র গোষ্ঠীর দ্বারা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাস্থ্যকর্মীরা সেখানে পুরোপুরি কাজ করতে পারছেন না।

জার্মানিতে প্রাইড উৎসবে গাড়ি হামলায় নিহত ১, সন্দেহভাজন পলাতক

অনলাইন ডেস্ক
জার্মানিতে প্রাইড উৎসবে গাড়ি হামলায় নিহত ১, সন্দেহভাজন পলাতক
ছবি : রয়টার্স

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উদযাপন চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর চালক গাড়িটি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে জার্মানিজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যে এক চরমপন্থী ইসলামপন্থীকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যানুযায়ী, রাত আনুমানিক ১০টার দিকে একটি দ্রুতগামী সাদা রঙের ভ্যান বা মিনিবাস টিয়ারগার্টেন পার্কে উদযাপনে থাকা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। একাধিক পথচারীকে আঘাত করার পর গাড়িটি একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়। ফায়ার সার্ভিস জানায়, আহত ১৭ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পরপরই চালক গাড়িটি ফেলে রেখে পায়ে হেঁটে পালিয়ে যায়। বার্লিন পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করেছে। উক্ত ব্যক্তি আগে থেকেই বার্লিনের চরমপন্থী ইসলামপন্থী মহলের সদস্য হিসেবে পুলিশের তালিকায় তালিকাভুক্ত ছিলেন। ইউরোপের অন্যতম বৃহত্তম এলজিবিটিকিউ আয়োজন ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে লাখ লাখ মানুষ বার্লিনে সমবেত হয়েছিলেন, তবে এই ঘটনার পর উৎসবের স্থানজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের নিউ ইয়র্কের ঐতিহাসিক স্টোনওয়াল আন্দোলনের স্মরণে ১৯৭৯ সাল থেকে প্রতি বছর বার্লিনে সমতা ও বৈষম্যবিরোধী এই প্রাইড প্যারেড আয়োজিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এর আগে লাইপজিগ, ম্যানহাইম ও ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটেও গাড়ি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন।

‘শুধু পদত্যাগে রাষ্ট্র গঠন হবে না, চাই শিক্ষা ব্যবস্থার সংস্কার’

কালের কণ্ঠ ডেস্ক
‘শুধু পদত্যাগে রাষ্ট্র গঠন হবে না, চাই শিক্ষা ব্যবস্থার সংস্কার’
জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সংগৃহীত ছবি

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একটা বড় ধাক্কা খেয়েছে তেলাপোকার আক্রমণে। ভারতে এক যুগ ধরে নরেন্দ্র মোদী যতটা নিশ্চিন্তে দেশ শাসন করছিলেন, তরুণ প্রজন্ম বুঝিয়ে দিল ব্যাপারটা অত সহজ নয়। কেন্দ্রের জোর খাটিয়ে, ভোটার তালিকা নয়ছয় করে ভোটে হয়ত জেতা যায়, তবে অন্যায় করলে পার পাওয়া যায় না। গণতন্ত্র নিছক পাঁচ বছরে একবার ভোট নয়, গণতন্ত্র একটি নিরন্তর চর্চা। গণতন্ত্রে নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ; প্রতিবাদ, প্রতিরোধ, সভা-সমাবেশও গণতন্ত্রেরই অংশ। এমনকি দাবির মুখে পদত্যাগও গণতন্ত্রেরই সৌন্দর্য। তবে মাঝের সময়টায় শিক্ষার্থীদের দিনের পর দিন যন্তর-মন্তরে পড়ে থাকা, অনশন করা, পুলিশের লাঠিচার্জ আর টিয়ারগ্যাসের মুখোমুখি হওয়া গণতন্ত্রের সুন্দর ফুলের কাঁটা।

ককরোচ জনতা পার্টি-সিজেপি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে গত ৭ জুন। আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সে আন্দোলন শেষ হয়েছে ২৫ জুলাই, ৪৯ দিন পর। তরুণ প্রজন্মের আবেগ আর তাদের দাবির ন্যায্যতা বুঝে শিক্ষামন্ত্রী যদি ৭ বা ৮ জুনই পদত্যাগ করতেন, তাহলে হয়ত জল এতদূর গড়াতোই না। প্রথম ৪৪ দিন সরকার, সুশীল সমাজ কেউ তেলাপোকার আন্দোলন গায়েই মাখায়নি। গত ২০ জুলাই সিজেপি যখন ‘সংসদ চলো’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হামলার শিকার হলো, তখন সবার টনক নড়ল। 

আন্দোলনের মুখে বা ঘটনার দায় কাঁধে নিয়ে পদত্যাগের ঘটনা কিন্তু ভারতে নতুন নয়। ভারতের ইতিহাসে রাজনৈতিক জবাবদিহির সবচেয়ে বড় উদাহরণ লাল বাহাদুর শাস্ত্রী, তাও দেশ স্বাধীনের মাত্র ৯ বছরের মাথায়। ১৯৫৬ সালে তামিলনাড়ুর আরিয়ালুরে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ মারা যায়। সে দুর্ঘটনার নৈতিক দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছিলেন তখনকার রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের গাইসালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৯০ জন মানুষের মৃত্যুর দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তখনকার রেলমন্ত্রী নীতিশ কুমার। ১৯৯৩ সালে একটি বিমান দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তখনকার বেসামরিক বিমান মন্ত্রী মাধবরাও সিন্ধিয়া। স্বাধীন ভারতের প্রথম বড় আর্থিক কেলেঙ্কারি বা ‘মুন্ধরা কেলেঙ্কারি’র তদন্তে এলআইসি-এর শেয়ার কেনায় অনিয়ম ধরা পড়লে ১৯৫৮ সালে পদত্যাগ করতে হয়েছিল অর্থমন্ত্রী টি. টি. কৃষ্ণমাচারীকে। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের সময় ভারতের সামরিক প্রস্তুতিতে ঘাটতি এবং বিপর্যয়ের কারণে তীব্র সমালোচনার মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন তখনকার প্রতিরক্ষামন্ত্রী ভি. কে. কৃষ্ণ মেনন। ১৯৮৭ সালে বোফর্স ও সাবমেরিন চুক্তিতে দুর্নীতির তদন্ত নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেছিলেন রাজিব গান্ধী সরকারের প্রতিরক্ষামন্ত্রী ভিপি সিং। ২০১০ ও ২০১১ সালে ২ জি স্পেকট্রাম কেলেঙ্কারি এবং এয়ারসেল-ম্যাক্সিস দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছিলেন এ. রাজা এবং দয়ানিধি মারান। এমনকি নরেন্দ্র মোদী সরকারের আমলেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রথম উদাহরণ নয়। ২০১৮ সালে মিটু আন্দোলনের জোয়ারে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগে বাধ্য হয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।

রেল দুর্ঘটনার জন্য যেমন রেলমন্ত্রী দায়ী নন, বিমান দুর্ঘটনার জন্য যেমন বিমানমন্ত্রীর দায়ী নন; তেমনি প্রশ্ন ফাঁসের দায়ও পুরোপুরি শিক্ষামন্ত্রীর নয়। তবু নৈতিক দায় নিতে হয় দায়িত্বশীলদের। আদালতে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত না হলেও পদত্যাগ করতে হয় এম জে আকবরের মত বাঘা সাংবাদিককেও।

প্রশ্নপত্র ফাঁস একটি গুরুতর অপরাধ। প্রশ্নপত্র ফাঁস অসংখ্য শিক্ষার্থীর জীবন তছনছ করে দিতে পারে। ৩ মে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর পেয়ে সাথে সাথে সরকার সে পরীক্ষা বাতিল করেছে। শিক্ষার্থীদের জীবন থেকে ‍যাতে একটি বছর হারিয়ে না যায়, সে জন্য ভারত সরকার দ্রুততম সময়ে নজিরবিহীন নিরাপত্তায় আবার পরীক্ষা নিয়েছে। পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়া ছাড়া তাৎক্ষণিকভাবে সরকারের আর কিছু করার ছিল না। কিন্তু প্রথমবার যাদের পরীক্ষা ভালো হয়েছে দ্বিতীয়বার তাদের পরীক্ষা ভালো নাও হতে পারে। অর্থনৈতিক সংকটে অনেকে হয়ত দ্বিতীয় পরীক্ষায় অংশ নিতে পারেননি। তরুণ বয়সে এত বড় চাপ সামলানোর মত মানসিক শক্তির সবার থাকে না। ৩ মের নিট পরীক্ষা বাতিলের পর ভারতের বিভিন্ন রাজ্যে অন্তত ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাহলে কি ফাঁস হওয়ার প্রশ্নের পরীক্ষাই বহাল রাখা উচিত ছিল। ন্যায্যতা তো সেটারও অনুমোদন দেবে না। দায়িত্বশীলতা আসলে এক ধরনের শাখের করাত।

৩ মে’র নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস- ভারতে এ ধরনের ঘটনা প্রথমও নয়, সম্ভবত শেষও নয়। এমনকি ৩ মের পরও, এত আন্দোলনের মাঝেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পুলিশ অনেককে আটক করেছে। প্রশ্নপত্র ফাঁস ভারতে নতুন কোনো প্রবণতা নয়। বিভিন্ন রাজ্যে ভর্তি বা চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা আকছার শোনা যায়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। এখন ধর্মেন্দ্র প্রধানের বিদায়ে কি কাল থেকে প্রশ্ন ফাঁস বন্ধ হয়ে যাবে? সম্ভবত না। কী করতে হবে, সেটা সহজ কথায় বলে দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে শরিক হয়ে টানা ২৬ দিন অনশন করা শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনকারী ও দেশবাসীকে অভিনন্দন জানিয়ে সোনম বলেছেন, ‘শুধু পদত্যাগে জাতি গঠন সম্ভব নয়। আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। ভবিষ্যতে এ বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে।’ শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে সোনম বলেছেন, ভবিষ্যতে যাতে আর কোনো অন্যায় না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’ আসলেই এক শিক্ষামন্ত্রীর বিদায়ে সমস্যার বিদায় হবে না। প্রশ্ন ফাঁস বন্ধ করতে সরকারকে প্রতিশ্রুত কঠোর আইন করতে হবে, তা কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

শিক্ষামন্ত্রীর পদতাগে অবশ্যই ৭০ দিন বয়সী সংগঠন ককরোচ জনতা পার্টি-সিজেপি তথা প্রতিবাদী তারুণ্যের জয় হয়েছে। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে গণতন্ত্রেরই। প্রতিবাদ-প্রতিরোধে যে ন্যাযতা ও জবাবদিহিতার সমাজ গঠনের স্বপ্ন তা আরেকধাপ এগিয়েছে। সোনম ওয়াংচুক বলেছেন, ‘আমি সরকার ও শিক্ষামন্ত্রীর পদক্ষেপকে স্বাগত ও সম্মান জানাই। দেশবাসীকে অভিনন্দন জানাই। আজ আমরা এখানে গণতন্ত্রেরই জয় দেখলাম।

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ

অনলাইন ডেস্ক
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ

ভারতের উত্তর প্রদেশে অবস্থিত প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান সারনাথ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে এ স্বীকৃতি দেওয়া হয়। এর ফলে ভারতের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫টিতে।

ইউনেস্কোর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও প্রতিনিধি টিম কার্টিস এ স্বীকৃতিকে ভারত সরকার ও জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ইউনেস্কোর পক্ষ থেকে ভারত সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে সারনাথ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান ও অনুপ্রেরণার উৎস। এখানেই গৌতম বুদ্ধ প্রথম ধর্মদেশনা দেন, যেখানে তিনি করুণা, প্রজ্ঞা ও শান্তির বাণী প্রচার করেছিলেন। সেই শিক্ষা আজও বিশ্বজুড়ে সমানভাবে প্রাসঙ্গিক। সারনাথের মন্দির, স্তূপ ও বিহার শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বিশ্বাস, ভক্তি এবং অভিন্ন মানবিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। এই অসাধারণ ঐতিহ্য সংরক্ষণ করা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সম্মিলিত দায়িত্ব।’

বিশ্বের অন্যতম প্রাচীন জনবসতিপূর্ণ নগরী বারাণসীতে অবস্থিত সারনাথের প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্য নিদর্শনগুলোই এই বিশ্ব ঐতিহ্য সম্পদের অন্তর্ভুক্ত। বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বোধিলাভের পর গৌতম বুদ্ধ সারনাথে এসে তাঁর প্রথম পাঁচ শিষ্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানেই প্রথম ধর্মদেশনা দেন। বৌদ্ধ ধর্মের ইতিহাসে এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তনের সূচনা হিসেবে বিবেচনা করা হয়।

পরবর্তী শতাব্দীগুলোতে সারনাথ বৌদ্ধ শিক্ষা, গবেষণা ও তীর্থযাত্রার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। বিভিন্ন রাজা, দাতা ও বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতায় এখানে অসংখ্য স্তূপ, মন্দির ও বিহার নির্মিত হয়। ফলে সারনাথ বিশ্বের চারটি প্রধান বৌদ্ধ তীর্থস্থানের একটি হিসেবে প্রতিষ্ঠা পায়।

বর্তমানে এই ঐতিহ্যের প্রধান নিদর্শন দুটি সংরক্ষিত প্রত্নস্থল—চৌখণ্ডী স্তূপ (Chaukhandi Stupa) এবং সারনাথ প্রত্নতাত্ত্বিক এলাকা (Archaeological Remains of Sarnath)। এর মধ্যে রয়েছে বিখ্যাত ধামেখ স্তূপ (Dhamek Stupa) ও ধর্মরাজিকা স্তূপ (Dharmarajika Stupa)। এসব নিদর্শন মিলিয়ে গড়ে উঠেছে ঐতিহাসিক ডিয়ার পার্ক (Deer Park)।

বৌদ্ধ ঐতিহ্যে এই স্থানটি ঋষিপতন (Rishipatana/Isipatana) বা মৃগদাব (Mrigadava) নামেও পরিচিত। বিশ্ব ঐতিহ্য কমিটি ১৯৭২ সালের বিশ্ব ঐতিহ্য কনভেনশন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা। তারা এমন সাংস্কৃতিক ও প্রাকৃতিক স্থানকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়, যেগুলোর অসাধারণ সার্বজনীন মূল্য (Outstanding Universal Value) রয়েছে এবং যা সমগ্র মানবজাতির অভিন্ন ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত।

১৯৭২ সালে কনভেনশন গৃহীত হওয়ার পর থেকে বর্তমানে বিশ্বের ১৭০টি দেশে ১ হাজার ২৪৮টি সাংস্কৃতিক, প্রাকৃতিক ও মিশ্র বিশ্ব ঐতিহ্য ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।