• ই-পেপার

ইরান সংকটে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ফের ৪ ডলারের ওপরে

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই : ইসরায়েলি অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই : ইসরায়েলি অর্থমন্ত্রী
ছবি : রয়টার্স

ইরানের বিরুদ্ধে নতুন করে চলমান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো আগ্রহ ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান

প্রতিবেদনে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে সংঘাত চলছে, সেটিই আমাদের জন্য সঠিক এবং সবচেয়ে ভালো। আমরা এতে নিজেদের জড়াতে চাই না।’

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলেও ইসরায়েল এ লড়াই থেকে অনেকটাই দূরে রয়েছে।

এপ্রিলের যুদ্ধবিরতির পর আলোচনা চলাকালে ওয়াশিংটন ইসরায়েলকে সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও তা অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে। এরপর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশ আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

অনলাইন ডেস্ক
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন
ফাইল ছবি

চীনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলের ৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের পুয়ের শহরের মোজিয়াং কাউন্টিতে।

বিষয়টি নিশ্চিত করে চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে (বেইজিং সময়) ভূমিকম্পটি অনুভূত হয়।

প্রতিবেদনে সংস্থাটি জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ২৩.১৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০১.৪৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৬ কিলোমিটার।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধস, নিহত বেড়ে ১০

অনলাইন ডেস্ক
ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধস, নিহত বেড়ে ১০
সংগৃহীত ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন একটি সুড়ঙ্গ ধসে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো অন্তত ১৮ জন সুড়ঙ্গের ভেতরে আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, হিমালয়সংলগ্ন সিকিম রাজ্যে তিস্তা নদীর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল। গতকাল সোমবার সামারদুং নামের ওই টানেলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দেশটির কর্মকর্তা জানান, এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের কারণে সুড়ঙ্গটি ধসে পড়ে। 

এ অঞ্চলের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে।

মোদির বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা
ছবি : ভিডিও থেকে নেওয়া।

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার কংগ্রেস প্রকাশিত একটি ভিডিওতে এ কর্মসূচির দৃশ্য দেখা যায়।

শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আন্দোলন করছে। এর অংশ হিসেবে সোমবার নয়াদিল্লিতে সংসদ অভিমুখে মিছিল করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। আন্দোলনকারীদের দাবি, এতে অন্তত ১৮০ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল গান্ধী লিখেছেন, ‘গতকাল শিক্ষার্থীদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তার জবাবদিহি চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদির বাসভবন পর্যন্ত মিছিল করেছি।’

 

সোমবার যন্তর মন্তর ও আশপাশের এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। প্রত্যক্ষদর্শীদের মতে, অনেক বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগিয়ে যান। তাদের থামাতে সংসদ ভবনের কাছাকাছি এলাকায় বাস দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।

একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান, বহু স্তরের ব্যারিকেড, প্রায় ৩ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন এবং ইন্টারনেট সেবা বন্ধ থাকার পরও বিপুলসংখ্যক বিক্ষোভকারী সংসদের কাছাকাছি পৌঁছে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে।

 

এদিকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির প্রথম বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা দলটির প্রতিনিধিদের আশ্বাস দিয়েছেন যে, তাদের দাবিগুলো সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করবে। সোমবার সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তবে সিজেপির অভিযোগ, তাদের কর্মসূচিতে দিল্লি পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। দলটির দাবি, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে. আংমোর সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

যন্তর মন্তরের বিক্ষোভ মঞ্চ সরিয়ে দেওয়ার পরও সিজেপি কেরালা হাউসের কাছে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।