নিজের স্ত্রী ও দুই মেয়েকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে দক্ষিণ আফ্রিকায় গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তাকে আটক করা হয়। এখন তাকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, শুক্রবার জোহানেসবার্গের কেনসিংটন এলাকা থেকে ৪৫ বছর বয়সী এনডোডানা মখানিয়িসি চশুমাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জিম্বাবুয়ের নাগরিক। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের দুই দিন আগে তিনি একটি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে লন্ডনের হিথ্রো বিমানবন্দর দিয়ে যুক্তরাজ্য ছেড়ে দক্ষিণ আফ্রিকায় যান। এর আগে সোমবার বেডফোর্ডশায়ারের গ্রেট ডেনহাম এলাকায় পরিবারের বাড়ি থেকে ৪২ বছর বয়সী নোথাবো জানডিলে চশুমা, ১৫ বছর বয়সী নাটালি এবং পাঁচ বছর বয়সী নালার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই হত্যা মামলা তদন্ত শুরু হয়।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, এনডোডানা মখানিয়িসি চশুমার বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ আনার অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার পুলিশের মুখপাত্র আথলেন্দা মাথে বলেন, এই গ্রেপ্তার একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, কোনো অপরাধে সন্দেহভাজন ব্যক্তির জন্য দক্ষিণ আফ্রিকা নিরাপদ আশ্রয় নয়। মাথে আরো জানান, সন্দেহভাজন ব্যক্তিকে সোমবার আদালতে হাজির করা হবে। এরপর যুক্তরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং প্রত্যর্পণের ব্যবস্থা নেওয়া হবে।
বেডফোর্ডশায়ার পুলিশের গোয়েন্দা পরিদর্শক লি মার্টিন বলেন, এটি খুব দ্রুত এগিয়ে যাওয়া একটি তদন্ত। এই তদন্তে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি, ইন্টারপোল এবং জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করেছে। তিনি বলেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টার ফলে অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সিপিএসের প্রধান ক্রাউন প্রসিকিউটর এমা ডেভিস বলেন, বেডফোর্ডশায়ার পুলিশের দেওয়া প্রমাণ সতর্কভাবে পর্যালোচনা করার পরই হত্যার অভিযোগ আনার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, নিহত নোথাবো, নাটালি ও নালার পরিবারের সদস্যদের প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
পুলিশ জানায়, কয়েক দিন ধরে পরিবারটির কাউকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা সোমবার পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভেতর তিনজনের মরদেহ উদ্ধার করে। এদিকে, পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, মানুষের প্রার্থনা, সমবেদনা এবং সহমর্মিতা তাদের এই কঠিন সময় পার করতে শক্তি জুগিয়েছে। নিহত পাঁচ বছর বয়সী নালার স্কুল পিলগ্রিমস প্রি-প্রেপ স্কুলের প্রধান শিক্ষক জো ওয়েবস্টার তাকে 'রোদের আলোর মতো উজ্জ্বল একটি শিশু' হিসেবে স্মরণ করেছেন। অন্যদিকে, বেডফোর্ড গার্লস স্কুলের প্রধান জেমা গিবসন বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী নাটালি ছিল অত্যন্ত মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি নাটালিকে একজন দক্ষ নৃত্যশিল্পী, সংগীতশিল্পী এবং ক্রীড়াবিদ হিসেবে স্মরণ করেন।





