ভারতের মহারাষ্ট্রে স্কুল-কলেজের ৫০০ মিটারের মধ্যে এনার্জি ড্রিঙ্কস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। মহারাষ্ট্রের এ সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে কর্ণাটকেও এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠেছে।
শুক্রবার বিজেপি বিধায়ক বিক্রম পচপুতের তোলা এক প্রশ্নের জবাবে মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন মন্ত্রী নরহরি জিরওয়াল বিধানসভায় এই নির্দেশনার কথা জানান। তিনি জানান, এনার্জি ড্রিংকসের নামে শিশুদের জন্য ক্ষতিকর উচ্চ-ক্যাফেইনযুক্ত পানীয়ের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
বিধায়ক বিক্রম পচপুতে বিধানসভায় ‘স্ট্রিং’ নামে একটি জনপ্রিয় এনার্জি ড্রিংকসের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, স্কুলগামী শিশুদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর আসক্তি তৈরি করছে। পচপুতে যুক্তি দিয়ে বলেন, ‘বোতলের গায়েই সতর্কতা লেখা থাকে যে এই পানীয়টি শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য উপযুক্ত নয়। তারপরও, স্কুলের ঠিক বাইরেই এটি অবাধে বিক্রি হচ্ছে। শিশুদের ওপর দীর্ঘমেয়াদি প্রভাবের দিক থেকে বিচার করলে, এই এনার্জি ড্রিংকটি অ্যালকোহলের চেয়েও বেশি ক্ষতিকর প্রমাণিত হচ্ছে।’
বিজেপি বিধায়কের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে মন্ত্রী নরহরি জিরওয়াল জানান, সরকার স্কুলের চারপাশে ৫০০ মিটারের নিষেধাজ্ঞা অঞ্চল কঠোরভাবে কার্যকর করবে। এর আওতায় মাদকদ্রব্যের পাশাপাশি এনার্জি ড্রিঙ্কস বিক্রিও নিষিদ্ধ থাকবে।
মহারাষ্ট্র সরকারের এ সিদ্ধান্তের একদিন পর কর্ণাটকেও একই দাবি উঠেছে। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান শশীধর কোসাম্বে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজের ৫০০ মিটারের এনার্জি ড্রিঙ্কস এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ করার জন্য মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমারকে চিঠি লিখেছেন। মহারাষ্ট্রের সিদ্ধান্তের কথা উল্লেখ করে কোসাম্বে তার চিঠিতে লেখেন, শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে কর্ণাটককেও একই ধরনের নীতি গ্রহণ করা উচিত। কোসাম্বে রাজ্যের স্কুলগুলোর আশপাশে বিভিন্ন এনার্জি ড্রিংকসের ক্রমবর্ধমান বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে, এই ধরনের পানীয় শিশুদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
তিনি উল্লেখ করেন, এই পানীয়গুলোতে প্রায়ই কৃত্রিম রং এবং রাসায়নিক উপাদান থাকে, যা নিয়মিত পান করলে শিক্ষার্থীদের জন্য ক্ষতিকারক হতে পারে। তিনি আরো উল্লেখ করেন, কর্ণাটক শিক্ষা বিভাগ ইতোমধ্যে স্কুল ও কলেজের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করেছে।
তার আবেদনে, তিনি সরকারের কাছে এই নিষেধাজ্ঞার পরিধি ১০০ মিটার থেকে বাড়িয়ে ৫০০ মিটার করার এবং এর মধ্যে এনার্জি ড্রিংকস ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য অন্তর্ভুক্ত করার দাবি জানান।




