চলতি জুলাই মাসের প্রথম ৫ দিনে প্রবাসীরা দেশে ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই হিসেবে দেশে প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম ৫ দিনে দেশে এসেছে ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এসেছিল ৪১ কোটি ১০ লাখ ডলার। এই হিসেবে বছর ব্যবধানে বেড়েছে রেমিট্যান্সপ্রবাহ।
এর আগে গত জুন মাসে দেশে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।
এর আগে গত মে মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। যার পরিমাণ ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়। গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এদিকে গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ বা ৩৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।









