• ই-পেপার

‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’, আমিরকে নিয়ে সালমান

ব্রাজিল দলকে চিরকাল আমার হৃদয়ে বহন করব : তটিনী

বিনোদন প্রতিবেদক
ব্রাজিল দলকে চিরকাল আমার হৃদয়ে বহন করব : তটিনী
সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে সেলেসাওদের অপ্রত্যাশিত বিদায়ে যেমন হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক, তেমনি মন ভেঙেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকারও। তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সোমবার (৬ জুলাই) নরওয়ের বিপক্ষে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন এই অভিনেত্রী।

ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তটিনী লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সঙ্গেই থাকব।’

May be pop art of text

পোস্টে ব্যবহৃত ছবিতেও ফুটে উঠেছে তার হতাশা। ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না আড়াল করার ভঙ্গিতে দেখা যায় তাকে, যা ব্রাজিলের পরাজয়ে ভেঙে পড়া সমর্থকদের অনুভূতিরই প্রতিফলন। শুধু তাই নয়, নিজের পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে প্রিয় দলের বিদায়ের কষ্ট প্রকাশ করেছেন তিনি।

তটিনীর এই পোস্টে অসংখ্য ভক্ত ও অনুসারী মন্তব্য করে তাকে সান্ত্বনা দিয়েছেন। অনেকেই ব্রাজিলের প্রতি নিজেদের অবিচল সমর্থনের কথাও জানিয়েছেন।

মাসুদ রানা রাজ মাসুদ নামে একজন লিখেছেন, ‘যারা ব্রাজিল সাপোর্টার তারা জীবনেও পল্টি নিয়ে অন্য দল করবে না যেমন আর্জেন্টিনা পল্টিবাজ তারা হেরে গেলে তাদের সাপোর্টার অন্য দলে যোগ দিতে দেরি করে না। জিতলেও ব্রাজিল হারলেও ব্রাজিল সব সময় প্রিয় দল ব্রাজিল। ইনশাআল্লাহ আবার দেখা হবে ২০৩০ সালে তবে আমি ঐ সময় বেচে নাও থাকতে পারি শুভ কামনা সবসময় প্রিয় দল ব্রাজিলের জন্য।’

May be an image of smiling

আরেকজনের মন্তব্য, ‘আমরা ম্যাচ হেরেছি তাতে কোন দুঃখ নেই আমাদের বস নেইমার তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে পারছে এতে আমরা খুশি।’

ব্রাজিলের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে নানা আলোচনা। হতাশা থাকলেও অনেক সমর্থকের মতো তটিনীর বার্তাও একটাই—জয়-পরাজয় যাই হোক, প্রিয় দলের প্রতি ভালোবাসা অটুট থাকবে।
 

মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয় : রোজিনা

বিনোদন প্রতিবেদক
মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয় : রোজিনা
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও এফডিসির বর্তমান পরিবেশ নিয়ে গভীর হতাশা প্রকাশ করে তিনি জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে না নেওয়া হয়।

রবিবার রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির নির্বাচন, চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই বরেণ্য অভিনেত্রী।

রোজিনার অভিযোগ, এবারের শিল্পী সমিতির নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ায় তিনি বিভিন্ন ধরনের অসংগতি প্রত্যক্ষ করেছেন বলে দাবি করেন।

এফডিসির বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করে রোজিনা বলেন, ‘এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমি শিল্পী সমিতিতে যাব কিনা আমার জানা নেই। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেয়া না হয়।’

এটি কোনো তাৎক্ষণিক আবেগের বহিঃপ্রকাশ নয় বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গনের পরিবর্তিত পরিবেশ তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে উল্লেখ করেন রোজিনা। 

তার কথায়, ‘এখনকার মানুষগুলোর মধ্যে শিল্পীদের শ্রদ্ধা করার মতো মানসিকতা একেবারেই নেই।’

কথার প্রসঙ্গে তিনি স্মরণ করেন প্রয়াত নায়করাজ রাজ্জাককে। রোজিনার দাবি, রাজ্জাকও জীবদ্দশায় অভিমান করে বলেছিলেন, তার মৃত্যুর পর যেন মরদেহ এফডিসিতে না নেওয়া হয়। সেই অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে তিনি অনেক আগেই নিজের পরিবারকেও একই নির্দেশনা দিয়ে রেখেছেন।

নির্বাচনে নিজের পরাজয় প্রসঙ্গে রোজিনা বলেন, ‘আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে বলে আমি এমনটি বলছি না। এটা আমি আগে ভেবে রেখেছিলাম। এমনকি আমার পরিবারের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।’

তবে শিল্পী সমিতির প্রতি ক্ষোভ থাকলেও এফডিসির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন না বলেও জানান এই অভিনেত্রী। সরকারি কোনো অনুষ্ঠান বা প্রযোজক সমিতির সদস্য হিসেবে প্রয়োজন হলে তিনি সেখানে যাবেন। তবে সাধারণ কোনো কারণে এফডিসিতে যাওয়ার ইচ্ছা তার আর নেই।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই একাধিক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলেছেন। যদিও এসব অভিযোগের বিষয়ে শিল্পী সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। 

এদিকে রোজিনার এই মন্তব্য প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে দেশের চলচ্চিত্রাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে একজন প্রবীণ শিল্পীর গভীর হতাশা ও উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখছেন।

বিচ্ছেদের ১১ বছর পর বিয়ে করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিচ্ছেদের ১১ বছর পর বিয়ে করলেন অভিনেত্রী
সংগৃহীত ছবি

দীর্ঘ ১১ বছর একাই সন্তানকে বড় করার পর আবারও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ওহ ইউন-আহ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বিয়ের সুখবর জানিয়েছেন তিনি। তবে তাঁর হবু স্বামী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন।

ভিডিওতে ওহ ইউন-আহ জানান, বিবাহবিচ্ছেদের পর জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল ছেলে মিনকে মানুষ করে তোলা। সেই কারণেই এতদিন নিজের ব্যক্তিগত জীবনের চেয়ে ছেলেকেই সব সময় অগ্রাধিকার দিয়েছেন।

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী বলেন, তিনি একসময় ভেবেছিলেন, ছেলেকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দেবেন। কিন্তু সময়ের সঙ্গে এমন একজন মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয়, যাঁর সঙ্গে ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সবচেয়ে বেশি আবেগাপ্লুত করেছে হবু স্বামীর পরিবারের আচরণ। ওহ ইউন-আহ জানান, তাঁর হবু স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা ছেলে মিনকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এমন ঘটনা সহজে ঘটে না। তাই আমার মনে হয়েছে, এই সম্পর্ক নিয়তিতেই ছিল।'

হবু স্বামী শোবিজের বাইরের মানুষ হওয়ায় সম্পর্ক ও বিয়ের বিষয়টি প্রকাশে সতর্ক ছিলেন বলেও জানান এই অভিনেত্রী। 

তাঁর কথায়, অনেক ভেবেচিন্তেই বিষয়টি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। অন্য কোনো মাধ্যমে নয়, প্রথমে নিজের ইউটিউব চ্যানেলের অনুসারীদের কাছেই সুখবরটি জানাতে চেয়েছেন।

ভক্তদের আশ্বস্ত করে ওহ ইউন-আহ বলেন, বিয়ের পরও তাঁর জীবনে বড় কোনো পরিবর্তন আসবে না। আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন এবং পরিবার নিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে চান। একই সঙ্গে তিনি সবার কাছে তাঁদের নতুন জীবনের জন্য আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে বিয়ে করেছিলেন ওহ ইউন-আহ। সেই সংসারে জন্ম নেয় তাঁর ছেলে মিন। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে একাই ছেলেকে লালন-পালন করে আসছেন এই অভিনেত্রী।

অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর
অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভী। ছবি : সংগৃহীত

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। 

আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ আসে। এর আগে গত ৩০ জুন এ মামলায় তাকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

গত ১৮ জুন আত্মসমর্পণের পর জাহের আলভীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কারাগারে থাকা অবস্থায় গত ২১ জুন আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২৪ জুন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান।  দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি। 

আলভী ও ইকরা ২০১০ বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে। এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।