বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে সেলেসাওদের অপ্রত্যাশিত বিদায়ে যেমন হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক, তেমনি মন ভেঙেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকারও। তাদেরই একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
সোমবার (৬ জুলাই) নরওয়ের বিপক্ষে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন এই অভিনেত্রী।
ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তটিনী লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সঙ্গেই থাকব।’

পোস্টে ব্যবহৃত ছবিতেও ফুটে উঠেছে তার হতাশা। ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না আড়াল করার ভঙ্গিতে দেখা যায় তাকে, যা ব্রাজিলের পরাজয়ে ভেঙে পড়া সমর্থকদের অনুভূতিরই প্রতিফলন। শুধু তাই নয়, নিজের পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে প্রিয় দলের বিদায়ের কষ্ট প্রকাশ করেছেন তিনি।
তটিনীর এই পোস্টে অসংখ্য ভক্ত ও অনুসারী মন্তব্য করে তাকে সান্ত্বনা দিয়েছেন। অনেকেই ব্রাজিলের প্রতি নিজেদের অবিচল সমর্থনের কথাও জানিয়েছেন।
মাসুদ রানা রাজ মাসুদ নামে একজন লিখেছেন, ‘যারা ব্রাজিল সাপোর্টার তারা জীবনেও পল্টি নিয়ে অন্য দল করবে না যেমন আর্জেন্টিনা পল্টিবাজ তারা হেরে গেলে তাদের সাপোর্টার অন্য দলে যোগ দিতে দেরি করে না। জিতলেও ব্রাজিল হারলেও ব্রাজিল সব সময় প্রিয় দল ব্রাজিল। ইনশাআল্লাহ আবার দেখা হবে ২০৩০ সালে তবে আমি ঐ সময় বেচে নাও থাকতে পারি শুভ কামনা সবসময় প্রিয় দল ব্রাজিলের জন্য।’

আরেকজনের মন্তব্য, ‘আমরা ম্যাচ হেরেছি তাতে কোন দুঃখ নেই আমাদের বস নেইমার তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে পারছে এতে আমরা খুশি।’
ব্রাজিলের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে নানা আলোচনা। হতাশা থাকলেও অনেক সমর্থকের মতো তটিনীর বার্তাও একটাই—জয়-পরাজয় যাই হোক, প্রিয় দলের প্রতি ভালোবাসা অটুট থাকবে।




