• ই-পেপার

ইউনিয়ন পরিষদে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, প্রশাসক বদলের দাবি স্থানীয়দের

রাজবাড়ীতে বিস্কিটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বিস্কিটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

রাজবাড়ীতে বিস্কিট খাওয়ানোর প্রলোভনে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রাতুল মোল্লা (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার রাতুল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মো. রহিম মোল্লার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (৪ জুলাই) দুপুরে মেয়েকে বাড়িতে রেখে বাহিরে যান মা। এই সুযোগে চাচাতো ভাই রাতুল মোল্লা বিস্কিট খাওয়ানোর প্রলোভনে শিশুটিকে ডেকে একটি ঘরের মধ্যে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েকে খোঁজাখুজির এক পর্যায়ে চিৎকার শুনতে পেয়ে ওই বাড়ির দিকে এগিয়ে যান মা। ওই সময় তার উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত রাতুল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘শিশুটির মা বাদী হয়ে গত রবিবার রাতে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার একমাত্র আসামি হিসেবে রাতুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।’

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ
সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে গলাচিপার ১১ জন জেলেসহ ফিশিং ট্রলার ডুবে গেছ। পরে ৫ জন জীবিত উদ্ধার হলেও ৬ জন জেলে এখনো নিখোঁজ রয়েছে। 

রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরের দিকে উদ্ধার হওয়া জেলেরা সাগরে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর গলাচিপা থানায় খবরটি জানান বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ।

ফিশিং ট্রলারে নিখোঁজ ৬ জন জেলেরা হলেন, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টির মৃত গেদু হাওলাদারে ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. এমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান. মো. সায়েম ও মো. আল আমিন, গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, চারদিন আগে গলাচিপার পানপট্টি ইউনিয়নের মো. এমাদুল সিকদারের মালিকানাধীন ফিশিং বোর্ডসহ ১১ জন জেলে নিয়ে চারদিন আগে গত বৃহস্পতিবার গভীর বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকারে যায়। রবিবার বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে এমাদুল সিকদারের ট্রলারটি ১১জন জেলে নিয়ে ডুবে যায়। পরে পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা ৫ জনকে উদ্ধার করলেও বাকি ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেরা তাদের পরিবারকে জানায়। পরে ট্রলার মালিক এমাদুলের পরিবারের পক্ষ থেকে আজ সোমবার দুপুরে গলাচিপা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। তবে উদ্ধার হওয়া জেলেরা এখনো গভীর সমুদ্রে রয়েছেন। তাদের ফিরতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে। 

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রলার মালিক এমাদুলসহ ১১জন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের উপরে যে ৫জন ছিলেন তাদের উদ্ধার করা হয়েছে। ট্রলারের ভিতরে যে ৬ জন ছিল তাদের এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এসব তথ্য ট্রলার মালিক এমাদুলের পরিবারের পক্ষ থেকে থানাকে জানানো হয়েছে। 

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, আমরা উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে কথা বলেছি। এখনো নিখোঁজ ৬ জন জেলেকে উদ্ধারের জন্য বিভিন্ন মাধ্যমে তৎপর রয়েছি। আহত যারা আছেন তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে। 

কক্সবাজারে বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা : তিনজনের ১০ বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা : তিনজনের ১০ বছরের কারাদণ্ড
সংগৃহীত ছবি

কক্সবাজারে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণ চেষ্টার মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকেয়া আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্তরা হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপ এলাকার মো. আনছারুল্লাহ (২৯), আবদুল গফুর (২৬) এবং বেলাল উদ্দিন (৩৬)। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় কটেজ মালিক কাইয়ুমুল হক চৌধুরীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার নাগরিক অ্যালিসা ব্রুক এলিয়ট কক্সবাজারের পেঁচার দ্বীপ সংলগ্ন ‘গুড ভাই কটেজে’ ওঠেন। দুই দিন পর গভীর রাতে কটেজের নিরাপত্তাকর্মী আব্দুল গফুর ও বেলাল চুরির উদ্দেশ্যে কটেজে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ওই নারী পর্যটকের মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় ধস্তাধস্তিতে তিনি আহত হন এবং কটেজ থেকে বের হয়ে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে তিনি ৯৯৯-এ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চাইলে পুলিশ তাকে উদ্ধার করে।

এ ঘটনায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির তৎকালীন উপপরিদর্শক (এসআই) স্বরূপকান্তি দাশ বাদী হয়ে রামু থানায় মামলা করেন। পরবর্তীতে আনছারুল্লাহ ও গফুরকে গ্রেপ্তারের পর তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. শামীম জানান, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।

আবাস হারিয়ে লোকালয়ে কুমির, আতঙ্কে নদীপারের মানুষ

রূপগঞ্জ প্রতিনিধি:
আবাস হারিয়ে লোকালয়ে কুমির, আতঙ্কে নদীপারের মানুষ
ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চেঙ্গাকান্দি পাড়া মসজিদঘাট এলাকায় মেঘনা নদী থেকে একটি কুমির লোকালয়ে চলে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত সাত দিনে অন্তত চারবার কুমিরটিকে নদীর তীর ও জনবসতির কাছাকাছি দেখা গেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত বুধবার মাছ ধরার সময় প্রথম কুমিরটিকে দেখতে পান জেলেরা। এরপর শুক্রবার এবং সর্বশেষ সোমবার বিকেলে একই এলাকায় কুমিরটিকে রোদ পোহাতে দেখা যায়। সোমবার এটি লোকালয়ের আরো কাছে চলে এলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ে।

স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন, ‘ঘাটের পাশে বাঁশঝাড়ের নিচে কুমিরটিকে শুয়ে থাকতে দেখেছি। আকার অনেক বড় হওয়ায় কেউ কাছে যাওয়ার সাহস পাইনি।’

এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয়রা নদীতে নামা, সাঁতার কাটা ও মাছ ধরা থেকে বিরত থাকছেন। অনেকেই নদীর তীরে পাহারা দিচ্ছেন, যাতে কেউ ঝুঁকিপূর্ণ এলাকায় না যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, নদীতে পলি জমে নাব্যতা কমে যাওয়া, অপরিকল্পিত বালু উত্তোলন, পরিবেশ দূষণ এবং আবাসস্থলের পরিবর্তনের কারণে কুমিরটি খাবারের সন্ধানে বা দিকভ্রান্ত হয়ে লোকালয়ের কাছাকাছি চলে এসে থাকতে পারে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বন বিভাগ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ইউনিটকে ইতোমধ্যে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত সবাইকে নদীর তীর থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, মেঘনা নদীর পরিবেশ রক্ষা, অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণ এবং দ্রুত কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।