ভারতের গুজরাটের ভাবনগর জেলায় এক রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলার ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে পালিতানা তালুকার গারজিয়া গ্রামে।
সেখানে একটি সিংহ হঠাৎ এক পশুপালকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিংহটি ওই ব্যক্তিকে মাটিতে চেপে ধরে রেখেছে। আশপাশের লোকজন প্রাণীটিকে তাড়ানোর চেষ্টা করলেও প্রথমে সেটি শিকারকে ছাড়তে রাজি হয়নি।
এ সময় গ্রামবাসীদের চিৎকার শোনা যায় এবং কয়েকজন সিংহটিকে দূরে সরাতে পাথর নিক্ষেপ করেন। ধস্তাধস্তির একপর্যায়ে সিংহটি পশুপালকের পায়ে কামড় বসায়, ফলে তিনি গুরুতর আহত হন।
আহত পশুপালকের নাম কালুভাই বোগভাই গামারা। রবিবার সকালে তিনি নিজের বাড়িতে ছিলেন, তখনই সিংহটি হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলার পর তাকে দ্রুত পালিতানা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভাবনগর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পরপরই বন বিভাগ গ্রামের ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। একই সঙ্গে হামলায় জড়িত সিংহটিকে শনাক্ত ও ধরার অভিযানও শুরু করেছেন কর্মকর্তারা।
পালিতানা বন বিভাগের কর্মকর্তা চিরাগ আমিন জানান, হামলার পর এলাকায় একাধিক দল মোতায়েন করা হয়েছে এবং সিংহটিকে ধরতে অভিযান চলছে। এ ঘটনার পর গারজিয়া গ্রাম ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিশেষ করে গবাদিপশুর মালিক ও স্থানীয় বাসিন্দারা নিজেদের পরিবার এবং পশুসম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
স্থানীয়দের আশঙ্কা, মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়তে থাকায় ভবিষ্যতে এ ধরনের হামলার ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে।