• ই-পেপার

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

ফের মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন! জানা গেল সম্ভাব্য তারিখ

ক্রীড়া ডেস্ক
ফের মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন! জানা গেল সম্ভাব্য তারিখ
ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের কাছে ১-০ গোলের হারে শিরোপা হারানোর ক্ষত এখনো তাজা আলবিসেলেস্তে সমর্থকদের হৃদয়ে। সেই রোমাঞ্চকর ফাইনালের স্মৃতি ফিকে হওয়ার আগেই আবারও হাইভোল্টেজ এক মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে দুই ফুটবল পরাশক্তির। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের শেষের দিকেই অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’। ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছেন স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। 

স্প্যানিশ নামজাদা ক্রীড়া দৈনিক ‘মার্কা’র এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফা ম্যাচটি মাঠে গড়াতে নতুন করে আলোচনায় বসেছে। ২০২৪ কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো জয়ী স্পেনের মধ্যকার এই মেগা-ম্যাচটি দীর্ঘদিন ধরেই প্রশাসনিক জটিলতায় আটকে ছিল।

প্রাথমিক সিডিউল অনুযায়ী, চলতি বছরের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে বিরাজমান রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর ভেন্যু নির্বাচনে শুরু হয় দুই দেশের স্নায়ুযুদ্ধ, স্পেন ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করতে চাইলে আর্জেন্টিনা পাল্টা দাবি তোলে বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্তাল স্টেডিয়ামের। কোনো পক্ষই নতিস্বীকার না করায় ম্যাচটি একপ্রকার অনিশ্চয়তার মুখেই পড়ে গিয়েছিল।

তবে সাম্প্রতিক বিশ্বকাজের উত্তাপের পর সেই বরফ গলতে শুরু করেছে। মার্কার প্রতিবেদন বলছে, চলতি বছরের ৯ থেকে ১৭ নভেম্বরের আন্তর্জাতিক ফিফা উইন্ডোকেই এই স্বপ্নের ফিনালিসিমার সম্ভাব্য সময়সূচি হিসেবে ধরা হচ্ছে। যদিও চূড়ান্ত তারিখ ও নিরপেক্ষ ভেন্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি দুই ফুটবল সংস্থা। 

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার
ছেলে মাতেওর সঙ্গে কুকুরেয়া। ছবি : এক্স থেকে

একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দেখা যেত। আশির দশকে শুরু হয়ে দুই হাজার সালের আগ পর্যন্ত এই ট্রেন্ড ছিল। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো তারকারা ছিলেন কার্লোস ভালদেরামো, ডেভিড বেকহ্যাম, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রোনালদিনহোরা ।

এখন স্টাইলে পরিবর্তন এসেছে। ফুটবলাররা এখন ফেড কাট দিয়ে মাঠ নামতে পছন্দ করেন। তবে একটু ব্যতিক্রম মার্ক কুকুরেয়া, মাতেও গুয়েন্ডোজি ও বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। পায়ের জাদুর সঙ্গে ঝাঁকড়া চুলে মাঠ মাতিয়ে রাখছেন।

কুকুরেয়ার লম্বা চুল রাখার পেছনের গল্পটা অবশ্য হৃদয়বিদারক। অন্যরা কাঁচির নিচে নিজেদের সঁপে দিতে পারলেও স্পেনের ডিফেন্ডার সহজে পারবেন না। কেন পারবেন না তারই গল্প এবার শুনিয়েছেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার। বড় ছেলের জন্যই তিনিই চুল কাটেন না।

 

কুকুরেয়ার তিন সন্তান। মাতেও, রিও ও বেলা। এর মধ্যে বড় ছেলে মাতেও অটিজমে ভুগছেন। ৩ বছর বয়সে তার এই সমস্যা ধরা পড়ে। মাতেও লম্বা চুল পছন্দ করে বলেই আর চুল কাটতে পারেন না। কুকুরেয়ার মনে ভয়, যদি কখনো তাকে ভুলে যায় ছেলে, তখন যেন লম্বা চুল মাতেওকে চিনতে সহায়তা করে। ছেলে মাতেওর চুল তার মতোই।

লম্বা চুল রাখার পেছনের গল্প বলতে গিয়ে চোখ ভিজে আসা বিশ্বকাপজয়ী কুকুরেয়া বলেছেন, ‘আমার বিশেষ চাহিদা সম্পন্ন এক ছেলে আছে। টাকা-পয়সা না থাকার পরিবর্তে আমার ছেলে যদি সুস্থ থাকত আমি খুশি হতাম। চুল বড় করেছি কারণ আমার ছেলে পছন্দ করে। এক মুহূর্তের জন্যও যদি সে আমাকে ভুলে যায় অন্তত এই চুল দেখে যেন চিনতে পারে।’

‘নিজেদের চরকায় তেল দিন’, সমালোচকদের কেন এই কথা বললেন নেইমার

ক্রীড়া ডেস্ক
‘নিজেদের চরকায় তেল দিন’, সমালোচকদের কেন এই কথা বললেন নেইমার
ছবি : রয়টার্স

ফুটবল বিশ্ব যখন বিশ্বমঞ্চ থেকে ব্রাজিলের বিদায়শোকে আচ্ছন্ন, ঠিক তখনই মাঠের পারফরম্যান্স সরিয়ে নতুন এক বিতর্কের জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নেইমার জুনিয়র। নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্টের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর জাতীয় দলের সঙ্গে সান্তোস তারকার ছুটি কাটাতে যাওয়ার কথা ছিল স্বাভাবিক। কিন্তু সেই ছুটিতে ‘ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে’ অংশ নেওয়ায় তাকে ঘিরে শুরু হয়েছে সমালোচনার তীব্র ঝড়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ আর প্রশ্নের তীর যখন নেইমারের পেশাদারত্বের দিকে, ঠিক তখনই তিনি ঘি ঢেলেছেন আগুনে। প্রথম দিনের পর প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও তাকে পোকার টেবিলে দেখা যায়। কাকতালীয়ভাবে, একই সময়ে কোপা সুদামেরিকানায় মাঠে লড়ছিল তার নিজ ক্লাব সান্তোস। দলের অধিনায়ক হয়েও গ্যালারিতে কিংবা ডাগআউটে নেইমারের অনুপস্থিতি তার ফুটবলের প্রতি একাগ্রতা নিয়ে বড় প্রশ্নচিহ্ন এঁকে দেয়।

তবে এসব সমালোচনাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সমালোচকদের সরাসরি ‘নিজেদের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নিজের দায়িত্ব অবহেলার অভিযোগ উড়িয়ে দিয়ে ক্ষোভের সঙ্গে নেইমার বলেন, ‘আমি এখানে ক্লাবের দ্বিতীয় ট্রেনিং সেশনে হাড়ভাঙা খাটুনি খাটছি। অথচ সবাই মেতে আছে ছুটির দিনে আমি কেন পোকার খেললাম তা নিয়ে! সকালে নিয়ম মেনে অনুশীলন করেছি, বিরতির পর আবারও মাঠে ফিরেছি। মাঝের দিনটা আমার নির্ধারিত ছুটি ছিল। সেই সময়ে আমি কী করব না করব, তা নিয়ে অন্যদের এত মাথাব্যথা কেন? দয়া করে সবাই নিজেদের চরকায় তেল দিন।’

পোকার খেলার প্রতি নেইমারের দুর্বলতা অবশ্য নতুন কিছু নয়। বহু বছর ধরেই পেশাদার পর্যায়ে এই কার্ড গেমের সঙ্গে যুক্ত তিনি। এর আগের আসরেও প্রায় সাড়ে ৩০০ প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়ে নিজের পোকার দক্ষতা প্রমাণ করেছিলেন এই তারকা।

মাঠের বাইরের এই তপ্ত বিতর্কের মাঝেও ফুটবলে মনোযোগ সরাননি নেইমার। সান্তোস কোচ ইতোমধ্যে নিশ্চিত করেছেন, ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে আগামী রবিবার শাপেকোয়েনসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন অধিনায়ক। বিতর্ককে পেছনে ফেলে এবার পায়ের জাদুতে মাঠেই সমালোচকদের মুখ বন্ধ করতে প্রস্তুত ব্রাজিলের এই পোস্টার বয়।  

অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

ক্রীড়া ডেস্ক
অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!
ছবি : রয়টার্স

৩৯ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে নামার পর স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল, এটিই হয়তো আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ নাচ। ভক্তদের হৃদয়ে বিদায়ের সুর বেজে উঠলেও পুরো টুর্নামেন্টজুড়ে বয়সের সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ৮টি গোল ও ৪টি অ্যাসিস্টে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খেতাব নিয়ে আসর শেষ করলেও, স্পেনের কাছে রোমাঞ্চকর ফাইনালে হেরে শিরোপা ছোঁয়া হয়নি তার।

ফাইনালের সেই হৃদয়বিদারক হারের পরও নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে টু-শব্দটিও করেননি ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। কোচ লিওনেল স্কালোনি মেসির জন্য জাতীয় দলের দরজা আজীবন খোলা রাখার ঘোষণা দিলেও, আর্জেন্টাইন সংবাদমাধ্যমে এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। খুব শিগগিরই বুট জোড়া তুলে রাখতে যাচ্ছেন আলবিসেলেস্তে অধিনায়ক। আর সেই পরিকল্পনাও প্রায় চূড়ান্ত! 

আর্জেন্টিনার বেশ কয়েকটি নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দল পুনর্গঠন ও পরিবর্তনের ধারা যাতে মসৃণ হয়, সে জন্য আরো কিছুদিন জাতীয় দলের সঙ্গেই থাকবেন মেসি। তবে আগামী ২০৩০ বিশ্বকাপে তিনি যে আর অংশ নিচ্ছেন না, তা প্রায় নিশ্চিত। অর্থাৎ নিজের মহাকাব্যিক আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পাতায় ইতি টানার সঠিক মুহূর্তটিই বেছে নিতে যাচ্ছেন এই কিংবদন্তি।

এদিকে স্পোর্টস নেটওয়ার্ক ‘বিইন স্পোর্টসে’র বরাতে জানা গেছে, লিওনেল মেসির বিদায়কে স্মরণীয় ও ঐতিহাসিক করে রাখতে এক অভাবনীয় আয়োজনের ছক কষছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু একটি সাধারণ পোস্ট বা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে অন্যান্য মহাতারকাদের বিদায় মিললেও, মেসির ক্ষেত্রে তা হচ্ছে না। বুয়েনস আইরেসে একটি বিশেষ ম্যাচের আয়োজন করে বিশ্বসেরা এই ফুটবলারকে রাষ্ট্রীয় মর্যাদায় জমকালো সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

মেসির হাত ধরেই আর্জেন্টিনার ফুটবলে এসেছে ইতিহাসের অন্যতম সেরা স্বর্ণযুগ। ২০২১ কোপা আমেরিকা দিয়ে শিরপাখরা কাটিয়ে ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপেও একাই দলকে টেনে তোলেন ফাইনাল পর্যন্ত। ফুটবলের বরপুত্র যখন বিদায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন তার বিদায়বেলাটি যে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের মতোই মহিমান্বিত হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।