বিশ্বকাপ মহারণের ফাইনালে ইউরোপের সেরা স্পেনের মুখোমুখি হবেন মেসিরা। রবিবার রাতে মুখোমুখি হবেন তারা। মাঠে নামার আগে সোশ্যাল প্ল্যাটফর্ম নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ছবিতে সব ফুটবলার, সাপোর্ট স্টাফ ছাড়াও দলের সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্য রয়েছেন।
শেয়ার করা ছবিতে মুহূর্তেই ভক্তদের মন্তব্য এবং প্রতিক্রিয়ার ঝড় ওঠে। বিশ্বের নানা প্রান্ত থেকে মেসিপ্রেমীরা আর্জেন্টিনার সমর্থনে বিভিন্ন মন্তব্য করেছেন। বিশ্বকাপ ফাইনালের আগে মেসি বিশেষ বার্তা দিয়েছেন সতীর্থদের। আর্জেন্টিনার একতা তুলে ধরেছেন। একই সঙ্গে সম্ভবত বিদায়ের ইঙ্গিতও দিতে চেয়েছেন।
ছবি পোস্ট করে লিও লিখেছেন, ‘একটা পরিবার। গত কিছু বছরে কয়েকটা খেতাব জয়ই শুধু নয়, পুরো যাত্রাপথটাই ছিল অসাধারণ। এই দলের সঙ্গে প্রতিদিনের পথচলা, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানো সব কিছুই। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমরা। আমার প্রত্যেক সতীর্থ, দলের সব টেকনিক্যাল স্টাফ এবং সেই সব মানুষকে ধন্যবাদ, যারা আমাদের জাতীয় দলকে পরিবারের মতো ধরে রাখতে প্রতিদিন পরিশ্রম করেন। রবিবার যা-ই হোক না কেন, এই দলটা এমন একটা গল্প লিখে ফেলেছে, যেটা আমরা কখনো ভুলব না। গল্পটা কেউ মুছে দিতেও পারবে না।’
ফাইনালের আগে দলকে উদ্বুদ্ধ করে তিনি আরো লিখেছেন, ‘চলো আর্জেন্টিনা। আমরা ইতিমধ্যেই বিশেষ কিছুর সাক্ষী হয়েছি। সেমিফাইনালে জাতীয় সংগীত বেজে ওঠার মুহূর্ত থেকেই আমরা অনুভব করতে পারছিলাম। জানি, সমর্থকরা যেকোনো ম্যাচের থেকে বেশি ওই ম্যাচ জিততে চেয়েছিল। প্রথমত, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল। দ্বিতীয়ত, জিততে পারলে আরো একটা বিশ্বকাপ ফাইনাল। এর তাৎপর্য অপরিসীম। আমি জানি, আর্জেন্টিনার মানুষ কতটা খুশি হয়েছে। আমার মা, পরিবারের অন্যরা আমাকে মানুষের উদ্যাপনের ছবি পাঠিয়েছেন। আর্জেন্টিনাবাসীকে এই আনন্দটা দিতে পেরে আমি খুশি এবং গর্বিত।’
বিশ্বকাপ ফাইনাল নিয়ে মেসি বলেছেন, ‘এক বছর ধরে প্রস্তুতি নিয়েছি। কঠোর অনুশীলন করেছি। নিজেকে শারীরিকভাবে সর্বোচ্চ জায়গায় রাখতে সর্বস্ব দিয়েছি। এই মুহূর্তে শুধু উপভোগ করতে চাই।’
‘গত বিশ্বকাপ জয় বা অন্য কোনো ট্রফির কথা বলছি না। এই দল সব সময় নিজেদের সেরাটাই দেয়। এই দল কানো কাছে ঋণী নয়। আমাদের এই দল কখনো চেষ্টা করা বন্ধ করে দেয় না। আমরা আমাদের ফুটবল এবং দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নেমেছিলাম। শেষ পর্যন্ত আমরা আরো একটা বিশ্বকাপ ফাইনালে উঠেছি বলে’—যোগ করেন এই মহাতারকা।