প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুরে ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
ঐতিহাসিক জয় পাওয়ায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো—
‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় টাইগাররা। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে। এ অর্জনের জন্য তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।’
দ্বিতীয় ওয়ানডেতে ৩৬ বল বাকি রেখে ৫ উইকেটের জয় পাওয়ার বিপরীতে মিরপুরেই প্রথম ওয়ানডেতে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে আগামী ১৪ জুন, ভেন্যু যথারীতি মিরপুর।




