• ই-পেপার

সুদের হার কমালে ১ বছরের মধ্যে প্রাইভেট সেক্টর জেগে উঠবে : আবু আহমেদ

ফুটবল বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানাল মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক
ফুটবল বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানাল মার্কিন দূতাবাস

বাংলাদেশের জনগণকে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (১১ জুন) এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ শুধু একটি টুর্নামেন্ট নয়—এ এক বৈশ্বিক উদযাপন। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আপনাদের ম্যাচগুলো দেখার, উপভোগ করার এবং যুক্তরাষ্ট্রে এই বৈশ্বিক আয়োজনের উত্তেজনা অনুভব করার আমন্ত্রণ জানাচ্ছে।

পাউচ ও হিটেড টোব্যাকো বৈধকরণ জনস্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে : বাটা ও বিএনটিটিপি

নিজস্ব প্রতিবেদক
পাউচ ও হিটেড টোব্যাকো বৈধকরণ জনস্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে : বাটা ও বিএনটিটিপি
সংগৃহীত ছবি

প্রস্তাবিত বাজেটে তামাকজাত দ্রব্যের দাম কাঙ্ক্ষিত পরিমাণ বৃদ্ধি করা হয়নি বরং নতুন দুই ধরণের তামাক পণ্যকে করের আওতায় এনে বৈধতা দেওয়া হয়েছে। এভাবে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকোর (ই-সিগারেট, ভেপ ইত্যাদি) বৈধকরণ এবং তামাকজাত দ্রব্যের সামান্য মূল্য বৃদ্ধি জনস্বাস্থ্যকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও তামাক করবিষয়ক নলেজ হাব বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)।

বৃহস্পতিবার (১১ জুন) গণমাধ্যমে প্রেরিত তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় এসব তথ্য জানানো হয়েছে। আরো বলা হয়, প্রথমে আইন থেকে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো পণ্য নিষিদ্ধের বিধান বাদ দেওয়া হয়েছে। তারপর জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ ও পরামর্শ উপেক্ষা করে করের আওতায় এনে এসব পণ্যকে বৈধতা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে জনস্বাস্থ্য পরিস্থিতির ভয়াবহ অবনতিসহ দেশের কোটি কিশোর-তরুণ নতুন নেশার ফাঁদে আটকে পড়বে। শুধুমাত্র রাজস্ব আয় বিবেচনায় নিয়ে এমন ক্ষতিকর নেশাকে বৈধতা দেওয়ায় মানুষ হতাশ হয়েছে। 

প্রতিক্রিয়ায় বলা হয়েছে, জনস্বাস্থ্য বিবেচনায় তামাকজাত দ্রব্যে অ্যাডভেলরেমের পাশাপাশি সুনির্দিষ্ট করারোপের দাবি জানিয়েছিলেন দেশের জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। কিন্তু সরকার কেবল সিগারেটের যৎসামান্য মূল্য বাড়িয়েছে। সিগারেটের ১০ শলাকার মূল্য নিম্ন স্তরে ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা, মধ্যম স্তরে ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতিউচ্চ স্তরে ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করা হয়েছে। বাজারে সিগারেটের প্রায় ৭৫ শতাংশ বিক্রি হয় নিম্ন স্তরের সিগারেট। এই স্তরের মূল্য মাত্র ২ টাকা বা ৩.৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দেশে গড় মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে। তাই সামান্য মূল্যবৃদ্ধি নিম্ন স্তরের সিগারেটকে আরো সহজলভ্য করবে। 

আরো বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের ব্যবহার কমিয়ে আনা ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর সরকার তামাকজাত দ্রব্যের মূল্য ও কর হার বৃদ্ধি করে থাকে। কিন্তু নিম্ন স্তরের সিগারেটের নামমাত্র মূল্যবৃদ্ধিতে ধূমপানের হার বৃদ্ধি পাবে পাশাপাশি অন্যান্য স্তরের সিগারেটের ভোক্তারা নিম্ন স্তরের সিগারেট সেবন শুরু করবে। ফলে ধূমপানের প্রবণতা বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থ্য পরিস্থিতির অবনতি ঘটবে। বহুল ব্যবহৃত সিগারেটের সামান্য মূল্য বৃদ্ধি সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যকেও পূরণ করবে না বরং সুনির্দিষ্ট কর আরোপ না করায় তামাক কোম্পানির মুনাফা অযাচিতভাবে বৃদ্ধি পাবে। একইসঙ্গে বাজেট প্রস্তাবনা থেকে ‘ও তদূর্ধ্ব’ শব্দটি বাতিল না করায় মূল্য কারসাজির মাধ্যমে তামাক কম্পানির রাজস্ব ফাঁকি ও মুনাফা বৃদ্ধির সুযোগ থেকে যাবে।

প্রতিক্রিয়ায় বলা হয়, নিম্ন স্তরের সিগারেটের নামমাত্র মূল্য বৃদ্ধি, ই-সিগারেট ও নিকোটিন পাউচকে বৈধতা প্রদান, বিড়ি, জর্দা ও গুলের মূল্য বৃদ্ধি না করা জনস্বাস্থ্যে প্রশ্নে আমাদের পেছনের দিকে চলার উদাহারণ হয়ে থাকবে। এসব সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক এবং জনস্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে নেতিবাচক। তবে সিগারেটের ট্যাক্স স্ট্যাম্পে কিউআর কোড ব্যবহার, ডিজিটাল ট্রাক ও ট্রেস ব্যবস্থার প্রচলন, সিগারেট ও বিড়ির কাগজের ব্যবসা নিয়ন্ত্রণসহ কয়েকটি প্রস্তাবের প্রশংসা করে তারা বলেন, এসব পদক্ষেপ সিগারেটের অবৈধ বাণিজ্য প্রতিরোধের মাধ্যমে কর ফাঁকি প্রতিরোধ ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে কার্যকর অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

১২ পুলিশ কর্মকর্তার বদলি

অনলাইন ডেস্ক
১২ পুলিশ কর্মকর্তার বদলি
সংগৃহীত ছবি

পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলায় পুলিশ সুপারসহ (এসপি) একই পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) আবু সাইমকে পঞ্চগড়ে, ডিএমপির ডিসি মনিরুল ইসলামকে মৌলভীবাজারে, ডিএমপির ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীতে, ডিএমপির ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহে এবং সিআইডির এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

একই সঙ্গে পঞ্চগড়ের এসপি মিজানুর রহমান, মৌলভীবাজারের এসপি রিয়াজুল ইসলাম ও এসপি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া নোয়াখালীর এসপি টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে, ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে এপিবিএনে এবং পিবিআইয়ের এসপি রাজীব ফরহান ও ট্যুরিস্ট পুলিশের এসপি নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে চায় কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
আদ্-দ্বীন হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে চায় কর্তৃপক্ষ

সম্প্রতি ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করবে। একই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রোগীদের স্বার্থ বিবেচনায় হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে। বর্তমানে হাসপাতালে ৪১৬ জন রোগী ভর্তি আছেন। এছাড়া ১১ জুন প্রায় এক হাজার রোগীকে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে ৬০ জন, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ২০ জন এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে আজ বৃহস্পতিবার বিকেলে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল বুধবার ছয় শিশুর মৃত্যু নিয়ে আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।