• ই-পেপার

সাকিবপত্নীর নীরব প্রতিবাদ

অভিষেক-সূর্যবংশীর ছক্কায় রাশ টানতে চায় বিসিসিআই

ক্রীড়া ডেস্ক
অভিষেক-সূর্যবংশীর ছক্কায় রাশ টানতে চায় বিসিসিআই
জাতীয় দলে অভিষেক হওয়ার পর মুদ্রার উল্টো পিঠ দেখছেন সূর্যবংশী। ছবি : ক্রিকইনফো

এ যেন স্বর্গ থেকে সোজা নরকে পতন। মাস তিনেক আগে দোর্দন্ড প্রতাপে টি-২০ বিশ্বকাপ জেতা ভারত গেছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে। ম্যাচ তো ম্যাচ ভারতের লক্ষ্য ছিল নিজেদের টানা সিরিজ জয়ের রেকর্ডটা আরো বাড়িয়ে নেয়ার। কিন্তু ঘটনা ঘটেছে একদম উল্টো। বিশ্বকাপের পর ৬ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি ভারত। পুচকে আয়ারল্যান্ডের কাছে ২-০ ম্যাচে সিরিজ হারের লজ্জা আরো গভীর হয়েছে ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ে। এক ম্যাচ বাকি থাকতেই ভারত হেরে বসে আছে ৩-০ তে, ভাগ্যিস সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল!

বিশ্বকাপ জেতা অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়াস আইয়ারের হাতে অধিনায়কের দায়িত্ব দিয়ে টি২০ ফরম্যাটে নতুন শুরু করতে চেয়েছিল ভারত। কিন্তু সে চেষ্টা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। ভারদের এই উল্টো রথে চড়ে বসায় বিস্মিত অনেকেই। তবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন সম্ভবত ভারতের রোগটা ধরতে পেরেছেন, ‘ইংল্যান্ড একেবারেই আলাদা। মনে রাখতে হবে এটা আইপিএল নয়। ভারত যত দ্রুত এটা বুঝবে, ততই তাদের জন্য মঙ্গল। আইপিএলে আপনি প্রতি বলেই মারার চেষ্টা করতে পারেন। কিন্তু ইংল্যান্ডে বল সুইং করবে, উইকেটে বাউন্স থাকবে। পরিস্থিতি একদম আলাদা। আর ইংল্যান্ডের বোলাররাও বুঝে গেছে কাকে কীভাবে কাবু করতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।’

২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে দলের সাথে আসা বৈভব সূর্যবংশীকে প্রথম তিন ম্যাচ বসিয়ে রাখা নিয়ে তুমুল সমালোচনা ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে দলে নেয়া হয় বৈভবকে। কিন্তু তাতেও কিছু বদলায়নি। তিন ম্যাচে বৈভব করেছেন ১৪, ১৩ ও ১৫ রান। কিন্তু মাত্র তিন ম্যাচের পারফরম্যান্স দেখে বিশ্বকাপ হিরো সঞ্জুকে বাদ দেয়া নিয়েও এখন সমালোচনা হচ্ছে। সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল বলেছেন, ‘আপনারা আবেগে সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তিতে নয়। যুক্তিতে নিলে কিছুতেই স্যামসনকে বাদ দেয়া যেতো না।’

ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই দলের পারফরম্যান্স মূল্যায়নে বৈঠকে বসবে। বৈঠকে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়াস আইয়ারও থাকবেন। বিসিসিআই সেক্রেটারি  দেবজিত সাইকি বলেছেন, ‘আমরা দলের পারফরম্যান্স নিবড়ভাবে অনুসরণ করছি। তবে এটা অস্বাভাবিক নয়, আন্তর্জাতিক ‍ক্রিকেটে এটা হতেই পারে। আমরা এটাকে বাজে ফর্ম হিসেবেই বিবেচনা করছি। সিরিজ শেষে আমরা বসবো। সেখানে সবকিছু আলোচনা করে, ভুলগুলো চিহ্নিত করে দলকে সঠিক পথে ফিরিয়ে আনার কৌশল ঠিক হবে।’

তবে আপাতত বিসিসিআই দলের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর ছক্কা মারার প্রবণতায় একটু রাশ টানতে চায়। অভিষেক শর্মা সিরিজে অন্য ব্যাটসম্যানদের তুলনায় ভালো খেললেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না। বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, অভিষেক ও বৈভবের ছক্কা মারার ক্ষমতা অসাধারণ। কিন্তু একটু সংযত হওয়া উচিত।’ 

সিরিজের চতুর্থ ম্যাচে হারার পর প্রধান কোচ গৌতম গম্ভীরকে দেখা গেছে বৈভব সূর্যবংশীর সাথে দীর্ঘ সময় আলাপ করতে। সেখানে তিনি বিসিসিআইয়ের বার্তা পৌঁছে দিয়েছেন কি না যায়নি। তবে আজ সন্ধ্যায় সিরিজের শেষ ম্যাচে ভারত তদের হারানো গৌরব কিছুটা পুনরুদ্ধার করতে পারে কিনা, সেটার জস্য অপেক্ষা করতে হবে।

ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে অবশেষে মুখ খুললেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক
ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে অবশেষে মুখ খুললেন স্কালোনি
ছবি : রয়টার্স

চলতি বিশ্বকাপে ফুটবল অঙ্গনে এখন জোর গুঞ্জন, আর্জেন্টিনাকে নাকি বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা! বিশ্বমঞ্চে রেফারিং নিয়ে তৈরি হওয়া এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবারই প্রথম বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে মেগা কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি জানান, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কারণেই আসলে অনেকেই আর্জেন্টিনার হার দেখতে মুখিয়ে আছেন। আর সে কারণেই ছড়ানো হচ্ছে ভিত্তিহীন সব গালগল্প।

শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের অবিশ্বাস্য জয়ের পর থেকেই মূলত রেফারিং এবং ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। মিসরের কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশন মাঠের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ফিফার কাছে আনুষ্ঠানিক নালিশও ঠুকেছে। এমনকি অনেকেই দাবি তুলছেন, মহাতারকা লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। যদিও এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো চাক্ষুষ প্রমাণ মেলেনি।

এসব সমালোচনার তীরের জবাবে স্কালোনি বলেন, ‘আজ থেকে ৪০ বছর আগে, ১৯৮৬ সালেও লোকে বলেছিল আমাদের নাকি বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। তাই এ ধরণের গুঞ্জন আমাদের জন্য নতুন কিছু নয়। আমার যতদূর মনে পড়ে, আর্জেন্টিনা সবসময়ই বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টি করা দলগুলোর একটি। প্রতিপক্ষ বা একদল মানুষ কখনোই চাইবে না অন্য কোনো দল জিতুক, এটাই তো স্বাভাবিক।’

ভিএআর সিদ্ধান্তে মিসরের একটি গোল বাতিল হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে আর্জেন্টাইন বস বলেন, ‘বিশ্বকাপের আসর শুরুর আগেই রেফারিরা সব নিয়মের ব্যাখ্যা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলেন। সেই আন্তর্জাতিক নিয়ম মেনেই মাঠে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়গুলো তিলকে তাল করে দেখা হয়, কিন্তু এই আধুনিক ফুটবলে পক্ষপাতিত্বের সুযোগ এখন একেবারেই কম।’

সংবাদ সম্মেলনে লিওনেল মেসির সাম্প্রতিক সময়ের পেনাল্টি মিসের খরা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় স্কালোনিকে। দলের প্রাণভোমরার প্রতি অগাধ বিশ্বাস রেখে কোচ বলেন, ‘লিও যদি পেনাল্টি নিতে চায়, তবে সে ই নেবে। আমাদের দলে পেনাল্টি নেওয়ার মতো অন্য খেলোয়াড়ও আছে, তবে মেসি নিজে নিতে চাইলে সিদ্ধান্ত চূড়ান্ত করার অধিকার কেবল তারই।’

চলতি বিশ্বকাপে মেসি তার নেওয়া দুটি পেনাল্টিই মিস করেছেন। এমনকি ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে নেওয়া শেষ সাতটি পেনাল্টির মধ্যে মাত্র চারটিতে জালের দেখা পেয়েছেন তিনি। তবুও স্কালোনির মতে, মেসির ক্যারিয়ারের বিশাল অর্জন ও সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্স তাকে এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছে।

মাঠে পজিশন পরিবর্তনের ক্ষেত্রেও মেসিকে কোনো শৃঙ্খলে বাঁধেননি স্কালোনি। মিসরের বিপক্ষে সেই ৩-২ গোলের থ্রিলারে ম্যাচের শেষদিকে ডানপ্রান্তে সরে গিয়ে আক্রমণ তৈরি করেছিলেন মেসি, যা দলের জন্য দারুণ কার্যকর প্রমাণিত হয়েছিল।

বিষয়টি ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘এখন সে মাঠের বেশিরভাগ সময় মাঝমাঠে কাটায়, তবে পুরো দল আসলে খেলে তার গতিবিধি লক্ষ করে। খেলার স্বাভাবিক ছন্দেই এমনটা হয়েছে এবং দলও বুঝতে পেরেছে যে সে ওই দিক থেকে কতটা বিপজ্জনক আক্রমণ তৈরি করতে সক্ষম।’

উল্লেখ্য, মিসরের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একটি দুর্দান্ত অ্যাসিস্ট করার পাশাপাশি দলের সমতাসূচক গোলটিও এসেছিল খুদে জাদুকরের পা থেকে। চলতি টুর্নামেন্টে ৪১০ মিনিট মাঠে কাটিয়ে ইতিমধ্যেই ১৫টি সুবর্ণ সুযোগ তৈরির পাশাপাশি ৮টি গোল ও ১টি অ্যাসিস্ট নিজের ঝুলিতে পুরেছেন মেসি। এমনকি শেষ দুই বিশ্বকাপ মিলিয়ে তার গোল সংখ্যা এখন ১৫ এবং অ্যাসিস্ট ৪টি।

৩৯ বছর বয়সেও মেসির ফিটনেস নিয়ে বিন্দুমাত্র শঙ্কা দেখছেন না স্কালোনি। আলবিসেলেস্তেদের কোচ বলেন, ‘লিও আগের মতোই মাঠে দৌড়ায়। খুব বেশি বা কম নয়। পার্থক্য হলো, এখন ওর প্রতিটি পদক্ষেপ ও মুভমেন্ট আগের চেয়ে অনেক বেশি কার্যকর ও ধারালো।’

মেসির পাশাপাশি দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও বেশ সন্তোষ প্রকাশ করেছেন স্কালোনি। কোয়ার্টার ফাইনালের আগে শিষ্যদের আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে তিনি যোগ করেন, ‘কেপ ভার্দের বিপক্ষে আমরা জয়ের যোগ্য দল হিসেবেই জিতেছি, যদিও ম্যাচটি ১২০ মিনিট পর্যন্ত গড়িয়েছিল। আর মিসরের বিপক্ষে আমরা আরও গোছানো ফুটবল খেলেছি। আমরা অনেক সুযোগ তৈরি করতে পেরেছি এবং আমাদের ভুলও ছিল যৎসামান্য।’ 
 

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি : বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টানা হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আজ হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। তবে এই ম্যাচের সমীকরণটি শুধুই একটি সান্ত্বনার জয় নয়, বরং স্বাগতিকদের বিপক্ষে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়ানোর এক অগ্নিপরীক্ষা মেহেদী হাসান মিরাজদের সামনে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাটিং করবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রান পাহাড়ে চড়ার সুযোগ না দিয়ে দ্রুত গুটিয়ে দেওয়াই এখন লক্ষ্য টাইগার বোলারদের।

এদিকে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে শিবিরে এসেছে বড় পরিবর্তন। এই ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে এই ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে। 

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকাররা লিখল, ‘চুরি করে জিতেছে’

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকাররা লিখল, ‘চুরি করে জিতেছে’
ছবি : রয়টার্স

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের সেই অবিশ্বাস্য ও রোমাঞ্চকর জয় নিয়ে তৈরি হওয়া বিতর্ক যেন কিছুতেই থামছে না। এবার সেই মাঠের বিতর্কের রেশ এসে লাগল সাইবার দুনিয়াতেও। 

গত মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত সেই ম্যাচের রেফারিংয়ের তীব্র সমালোচনা করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু মেইল পাঠানো হয়। তবে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ দ্রুতই পুরো বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে, তারা এক ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে এবং বিতর্কিত ওই মেইলগুলো তাদের প্রাতিষ্ঠানিক কোনো বক্তব্য নয়।

0

মিসরের বিপক্ষে ম্যাচের একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার চরম শঙ্কায় পড়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু শেষ মুহূর্তের অবিশ্বাস্য ও দুর্দান্ত এক প্রত্যাবর্তনে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। 

এদিকে এমন নাটকীয় হারের পর ক্ষুব্ধ মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ম্যাচ পরিচালনাকারী রেফারি ও অফিশিয়ালদের বিশ্বকাপ থেকে আজীবনের জন্য বহিষ্কারের আনুষ্ঠানিক দাবি জানায়। তাদের স্পষ্ট অভিযোগ, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার দল মাঠে আর্জেন্টিনার পক্ষে নগ্ন পক্ষপাতিত্ব করেছেন।

এরই মধ্যে আগুনের ঘি ঢেলে নতুন বিতর্ক উসকে দেয় আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’। তারা এক প্রতিবেদনে ফাঁস করে, ম্যাচের পর এএফএর অফিশিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে বেশ কিছু মেইল পাঠানো হয়। যেখানে অবিশ্বাস্যভাবে লেখা ছিল—‘চুরি করে জিতেছে’ এবং এই ফলাফল আসলে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’! সংবাদমাধ্যমটি আরো জানায়, এএফএর অভ্যন্তরীণ সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার পেছনে কলকাঠি নেড়েছে। বিতর্কিত ওই মেইলগুলোতে মিসরের ফুটবলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করা হয়েছিল।

পরিস্থিতি বেগতিক ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে দ্রুত এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে এএফএ জানায়, ‘আমরা সবাইকে জানাতে চাই যে, আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ই-মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।’

একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে এএফএ আরো বলেছে, ‘সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে—তা এড়িয়ে চলার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করছি।’

আটলান্টার সেই হাইভোল্টেজ ম্যাচে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে রূপকথা লেখার দ্বারপ্রান্তে ছিল মিসর। কিন্তু ম্যাচের মাত্র ১১ মিনিট বাকি থাকতে ক্রিস্টিয়ান রোমেরো গোল করে আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান। এর ঠিক পাঁচ মিনিট পর জাদুকরী এক গোলে দলকে সমতায় ফেরান মহাতারকা লিওনেল মেসি। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ জাল কাঁপিয়ে আর্জেন্টিনার ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন। এই নাটকীয় জয়ের ফলে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।