২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্ব শেষে চার দলই মূল আসরে জায়গা নিশ্চিত করেছে।
গ্রুপ ‘এ’-তে শীর্ষ দুটি দল হিসেবে এগিয়েছে নেপাল ও মালয়েশিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে যোগ্যতা অর্জন করেছে হংকং ও ওমান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নেপাল বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। প্রথম ম্যাচে তারা চীনকে ২২১ রানের বিশাল ব্যবধানে হারায়। ওই ম্যাচে ৩১৩ রানের বিশাল সংগ্রহ গড়ে নেপাল, যেখানে ওপেনার কুশল ভুর্তেল মাত্র ৪৩ বলে ১২৯ রান করেন।
এরপর মালয়েশিয়ার বিপক্ষেও ব্যাটিং ঝড় তোলে নেপাল। ভুর্তেলের আরেকটি সেঞ্চুরিতে ২৭৫ রান সংগ্রহ করে দলটি এবং ১৬৭ রানের জয় তুলে নেয়। এই দুই জয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে জায়গা করে নেয় তারা।
এদিকে মালয়েশিয়া চীনের বিপক্ষে জয় পেয়েই এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করে।
গ্রুপ ‘বি’-তে হংকং ও ওমান দুটিই বাহরাইন ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে অপরাজিত থাকে। ফলে তাদের মধ্যকার শেষ ম্যাচটি শুধুই সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণের জন্য অনুষ্ঠিত হবে।
এশিয়ান গেমসের মূল পর্বে এই চার দল যোগ দেবে এশিয়ার পাঁচ পূর্ণ সদস্য দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। আয়োজক দেশ জাপান আগেই সরাসরি জায়গা নিশ্চিত করেছিল।
আগামী ২৪ সেপ্টেম্বর পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।
এর আগে নারী ক্রিকেট ইভেন্টের জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া ও চীন যোগ্যতা অর্জন করেছে। নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।




