চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক ও চিকিৎসকদের বই উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। লোহাগাড়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি নাহিয়ান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (১২ জুন) বিকেলে লোহাগাড়ার আর্ক চুনতি রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লোহাগাড়া প্রেসক্লাবের সদস্য, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরে লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইশতিয়াকুর রহমান এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোসাইন মুহাম্মদ ফয়সাল।
বইয়ের প্রতি নিজের আগ্রহের কথা তুলে ধরে প্রধান অতিথি ইউএনও মো. বায়েজিদ-বিন-আকন্দ বলেন, অবসর সময় পেলেই তিনি বই পড়েন। তাঁর ব্যক্তিগত সংগ্রহে প্রায় ৯০০ বই রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন প্রধান অতিথি ইউএনও মো. বায়েজিদ-বিন-আকন্দের হাতে দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ‘রহস্যময় জঙ্গলবাড়ি’ বইটি তুলে দেন।
পরে ইউএনও মো. বায়েজিদ-বিন-আকন্দ এবং লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি ডা. মুহাম্মদ ইকবাল হোসাইনের হাতে ইমদাদুল হক মিলনের আরেকটি বই ‘মুখোশ পরা মানুষ’ তুলে দেন।
বই উপহার কর্মসূচিতে বক্তারা বলেন, জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস মানুষের চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে। সাংবাদিক ও চিকিৎসকদের মতো সমাজের গুরুত্বপূর্ণ পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।








