• ই-পেপার

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও হাইজিন সচেতনতা বৃদ্ধিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

হরিজন তরুণী আলোরাধার জীবনে আশার আলো

জাকারিয়া জামান, গাইবান্ধা থেকে
হরিজন তরুণী আলোরাধার জীবনে আশার আলো
ছবি: কালের কণ্ঠ

সংগ্রাম, বঞ্চনা আর ঘুরে দাঁড়ানোর অদম্য ইচ্ছার গল্পে সাজানো হরিজন সম্প্রদায়ের তরুণী আলোরাধার জীবন। গাইবান্ধা সদর উপজেলার কাচারিবাজার এলাকার এই তরুণী বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গে লড়াই করেও তিনি হার মানেননি। এবার বসুন্ধরা শুভসংঘের দেওয়া একটি সেলাই মেশিন তার স্বপ্নপূরণের পথে নতুন আশার আলো জ্বালিয়েছে।

পরিচ্ছন্নতাকর্মী বাবার সীমিত আয়ে তিন বোনের পড়াশোনা চালানো ছিল কঠিন এক সংগ্রাম। সেই সংগ্রামের মধ্য দিয়েই বড় হয়েছেন আলোরাধা। বিয়ের পর স্বামীর সংসারে এলেও আর্থিক সংকট পিছু ছাড়েনি। স্বামীর একটি ছোট দোকান থাকলেও নানা সামাজিক বৈষম্য ও অবহেলার কারণে ব্যবসা ভালো চলে না। ফলে সংসারের চাকা সচল রাখতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় পরিবারটিকে।

আলোরাধা বলেন, ‘ছোটবেলা থেকেই দেখেছি বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন। সমাজে আমরা অনেক সময় অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছি। তবুও পড়াশোনা ছাড়িনি। এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। স্বপ্ন দেখি নিজের পায়ে দাঁড়ানোর। বসুন্ধরা শুভসংঘের দেওয়া এই সেলাই মেশিন আমার কাছে শুধু একটি মেশিন নয়, এটি নতুন জীবনের আশা।’

তিনি বলেন, ‘আমি বিভিন্ন ধরনের পোশাক, ব্লাউজ, ফ্রক, পায়জামা ও শিশুদের পোশাক সেলাই করতে পারি। এখন ঘরে বসেই কাজ করে সংসারে আয় করতে পারব, পড়াশোনার খরচও চালাতে পারব। আমি চাই সমাজের বোঝা হয়ে নয়, নিজের যোগ্যতায় মাথা উঁচু করে বাঁচতে।’

রবিবার (২৬ জুলাই) গাইবান্ধা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে আলোরাধার মত দারিদ্রের সঙ্গে লড়াই করা ৩৬ নারীর হাতে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও শুভসংঘ প্রধান প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।

এ সময় তিনি গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাদুল্লাপুর উপজেলার ৩৬ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন। তিন মাস বিনামূল্যে প্রশিক্ষণ শেষে দক্ষ হয়ে ওঠা নারীরা সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত হন।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের দেওয়া এই সেলাই মেশিন আপনাদের আত্মনির্ভরশীল হওয়ার একটি মাধ্যম। এটি কাজে লাগিয়ে নিজের পরিবারের পোশাক তৈরির পাশাপাশি আয়ও করা সম্ভব। আমরা চাই আপনারা এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হোন, সন্তানদের শিক্ষিত করুন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটান।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা, নাট্যকর্মী মানিক বাহার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদর সরকার বলেন, ‘সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি নারীদের আত্মনির্ভরশীল হওয়ার একটি মাধ্যম। এই উদ্যোগের মাধ্যমে অনেক নারী ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। আপনারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আশপাশের অন্য নারীদেরও এই কাজ শেখাবেন। আমরা বিশ্বাস করি, নারীর ক্ষমতায়ন পুরো পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

গাইবান্ধা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই সেলাই মেশিন বিতরণ কর্মসূচি নারীদের আত্মনির্ভরশীল করে তোলার একটি উদ্যোগ। আমরা আশা করি, এই মেশিন ব্যবহার করে উপকারভোগীরা আয়মুখী কাজে যুক্ত হবেন এবং এলাকায় অন্য নারীদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবেন। বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই উদ্যোগের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের পাশাপাশি সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখবেন।’

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য হুমায়ুন আহম্মেদ বিপ্লব, আহসানিয়া তাসনিম, সুমাইয়া আক্তার, ছামিউল বাসির, আশিদুল ইসলাম, সোহানুর রহমান, আহসান আজিম প্রধান, তৌহিদুল ইসলাম, আফিয়া ইভা, দীবাকর মোদক, সজীব সরকার, সুমাইয়া খাতুন, আবিদা আক্তার, আফরিন আক্তার ও সিনথিয়া আক্তার।

দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
সংগৃহীত ছবি

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ।

এই উদ্যোগে মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে তাদের রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান এবং জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।

রবিবার (২৬ জুলাই) দেবীগঞ্জ পৌর শহরের আলহেরা দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ক্যাম্পেইন প্রাণবন্ত হয়ে ওঠে। অনেকেই জীবনে প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জেনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

ক্যাম্পেইনে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে রক্তের নমুনা সংগ্রহ করে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। পাশাপাশি রক্তদানের উপকারিতা, নিরাপদ রক্তদান পদ্ধতি, রক্ত সংরক্ষণ, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসবকালীন জটিলতা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়।

 

 

রক্তদান নিয়ে সমাজে প্রচলিত ভয় ও ভুল ধারণা দূর করতেও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী, কার্যকরী সদস্য মনিরুল ইসলাম মনির, জসিম ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য শেখ ফরিদ এবং সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক।

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘আগে কখনো রক্তের গ্রুপ পরীক্ষা করাইনি। আজ এখানে এসে বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জানতে পারলাম। এমন উদ্যোগ নিয়মিত হলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। পাশাপাশি রক্তদানের গুরুত্ব সম্পর্কেও জানতে পেরেছি।’

আলহেরা দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মো. সোয়াইব কাশেমী বলেন, ‘এ ধরনের উদ্যোগ তরুণদের সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের অনেক শিক্ষক ও শিক্ষার্থী নিজেদের রক্তের গ্রুপ জানতেন না। বসুন্ধরা শুভসংঘ বিনামূল্যে সেই সুযোগ করে দিয়ে প্রশংসনীয় কাজ করেছে। আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাহিদ সিদ্দিক বাপ্পী বলেন, ‘দুর্ঘটনা, প্রসবকালীন জটিলতা কিংবা হঠাৎ অসুস্থতার সময় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। অনেক সময় রক্তের গ্রুপ না জানার কারণে চিকিৎসা বিলম্বিত হয়, যা জীবনঝুঁকির কারণ হতে পারে। সাধারণ মানুষের এই প্রয়োজন বিবেচনায় রেখেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক নানা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকবে।’

সংগঠনের কার্যকরী সদস্য মনিরুল ইসলাম মনির বলেন, ‘শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, বসুন্ধরা শুভসংঘ বৃক্ষরোপণ, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

উপদেষ্টা পরিষদের সদস্য শেখ ফরিদ বলেন, ‘প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা উচিত। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি পেলে জরুরি মুহূর্তে রক্তের সংকট অনেকটাই কমে আসবে। বসুন্ধরা শুভসংঘ সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজন করা হলে মানুষের মধ্যে সচেতনতা যেমন বাড়বে, তেমনি জরুরি সময়ে নিরাপদ রক্ত সংগ্রহও সহজ হবে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ সামাজিক ও মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছায় রক্তদান, জনসচেতনতামূলক কার্যক্রমসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। দেবীগঞ্জে আয়োজিত এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনও স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পাবনায় বসুন্ধরা শুভসংঘের দুর্নীতি ও মাদকবিরোধী ক্যাম্পেইন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
পাবনায় বসুন্ধরা শুভসংঘের দুর্নীতি ও মাদকবিরোধী ক্যাম্পেইন
ছবি: কালের কণ্ঠ

পাবনার সুজানগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দুর্নীতি ও মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা গেটসংলগ্ন আদর্শ ক্লাবের সামনে আল সাফুরা রেস্তোরাঁর হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে শিক্ষক, সমাজসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পোস্টমাস্টার মো. আফজাল হোসেন। প্রধান অতিথি ছিলেন সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রোজ।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম রোজ বলেন, দুর্নীতি ও মাদক একটি জাতির উন্নয়নের বড় অন্তরায়। তরুণদের নৈতিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে। সচেতনতার মাধ্যমেই মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

বিশেষ আলোচনায় ১৩২ নম্বর চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, মাদক একজন ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। একইভাবে দুর্নীতি রাষ্ট্রীয় উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের বড় বাধা। তাই এসব অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লিয়াকত আলী লিটন বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে পারলে তারা ভবিষ্যতে দুর্নীতি ও মাদক থেকে দূরে থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি ও মাদক সমাজের বড় দুটি ব্যাধি। এগুলো প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

ক্যাম্পেইনের একপর্যায়ে উপস্থিত সবাই দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

চরফ্যাশন

তরুণদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা

মো. শাফায়াত হোসেন,  চরফ্যাশন
তরুণদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা
সংগৃহীত ছবি

তরুণদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে ‘তরুণসমাজকে সামাজিক কাজে অংশগ্রহণের কৌশল’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা শাখার আহ্বায়ক শামীমা নাসরিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব কাউসার আহমেদের সঞ্চালনায় বসুন্ধরা শুভসংঘের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং সমাজসেবায় আগ্রহী তরুণ-তরুণীদের অংশগ্রহণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

আলোচনাসভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের অন্যতম শক্তি হলো তরুণসমাজ। তাদের সৃজনশীল চিন্তা, উদ্যম এবং নেতৃত্বের গুণাবলিকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যা মোকাবেলা করা সম্ভব। মাদক, বাল্যবিবাহ, পরিবেশদূষণ, নিরক্ষরতা, সামাজিক বৈষম্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানবিক সংকট মোকাবেলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরো বলেন, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড শুধু সমাজের উপকারই করে না, বরং একজন তরুণের ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বের দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং দায়িত্ববোধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পড়াশোনার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি মানবিক, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে হবে।

আলোচনায় সামাজিক কাজে অংশগ্রহণের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। এর মধ্যে দলগতভাবে কাজ করা, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, পরিবেশ সংরক্ষণ, রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

অনুষ্ঠানে উপস্থিত তরুণরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে আরো বেশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সমাজের কল্যাণে কাজ করার মাধ্যমে একজন মানুষ যেমন আত্মতৃপ্তি লাভ করেন, তেমনি একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

অংশগ্রহণকারীরা তরুণদের নিয়ে নিয়মিত দক্ষতা উন্নয়ন, সচেতনতামূলক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং সামাজিক নেতৃত্ব বিকাশে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।