• ই-পেপার

গুমের নতুন আইনের খসড়া প্রকাশ

আমিরাতে প্রবাসীদের ভিসা বাতিল নিয়ে যা জানাল দূতাবাস

অনলাইন ডেস্ক
আমিরাতে প্রবাসীদের ভিসা বাতিল নিয়ে যা জানাল দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিলের কারণ খুঁজছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। সোমবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক বাংলাদেশি ভাই-বোন যারা ছুটিতে বা অন্য কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, হঠাৎ করে কোনো কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। এতে আমিরাতে রেসিডেন্সি আছে এমন প্রবাসীদের মাঝে অনেক উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।

প্রবাসীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে এরই মধ্যেই কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি।

এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোনো কারণে ঘটছে কি না, সেটি জানার ও বোঝার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

আমরা আপনাদের আরো আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই এই বিষয়ে অবগত ও নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

দূতাবাস সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সঙ্গে সমন্বয় করে আপনাদের জানাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা, দূতাবাসের ইমেইল আইডি ব্যবহার করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন; অনেকেই আবার তা না বুঝে শেয়ার দিচ্ছেন। এসব বিষয় থেকে দূরে থাকুন। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে, বাংলাদেশ ও আমিরাতের সব ধরনের আইন-কানুন মেনে চলুন ও একমাত্র অফিশিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখুন।

রাষ্ট্রপতি নির্বাচন

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

অনলাইন ডেস্ক
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করবেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলায় ১১টায় এ বৈঠকের কথা রয়েছে।

এরআগে সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।

এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। ওই দিন দুপুরে তিনি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার বরাবর জমা দেন। সংবিধান ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠানো হয়।

সরকারি গুদামে ১০ লাখ টন বেশি খাদ্যশস্য মজুদ

বাসস
সরকারি গুদামে ১০ লাখ টন বেশি খাদ্যশস্য মজুদ

দেশের সরকারি গুদামগুলোতে বর্তমানে চাল, গম ও ধান মিলিয়ে ফ্লোটিং মজুদসহ ২৩ লাখ ৭৪ হাজার ৭৬৩ টন খাদ্যশস্য মজুদ রয়েছে, যা নিরাপদ খাদ্য মজুদের নির্ধারিত সীমার চেয়ে প্রায় ১০ লাখ ২৪ হাজার টন বেশি। খাদ্য মন্ত্রণালয় বলছে, এ মজুদ দেশের খাদ্য নিরাপত্তাকে আরো শক্তিশালী ভিত্তি দেবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত সরকারি গুদামে ১৯ লাখ ৬০ হাজার ৭৪৬ টন চাল, ২ লাখ ৯৫ হাজার ৬৮৯ টন গম এবং ১ লাখ ৬৮ হাজার ৬০৫ টন ধান মজুদ রয়েছে। ধানকে চালে রূপান্তরের হিসাব এবং ৮ হাজার ৭৩৫ টন ফ্লোটিং চালসহ মোট মজুদ দাঁড়িয়েছে ২৩ লাখ ৭৪ হাজার ৭৬৩ টন।

সাধারণত দেশে নিরাপদ খাদ্য মজুদের সর্বনিম্ন পরিমাণ ধরা হয় ১৩ লাখ ৫০ হাজার টন। তবে বর্ধিত জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ বিবেচনায় বর্তমান সরকার নিরাপদ খাদ্য মজুদের নতুন লক্ষ্যমাত্রা ১৬ লাখ টনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে সরকারি খাদ্য সংরক্ষণ সক্ষমতা (ক্যাপাসিটি) বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে সংরক্ষণ সক্ষমতা ২৪ লাখ টন থেকে বাড়িয়ে ২৭ লাখ টনে উন্নীত করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এটি ৩৪ লাখ টনে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে গত ২৩ জুলাই পর্যন্ত মোট ১৩ লাখ ৬৫ হাজার ৪৩১ টন ধান ও চাল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪ লাখ ৫৯ হাজার ৪৯৮ টন ধান, ৯ লাখ ৮৯ হাজার ৪২০ টন সেদ্ধ চাল এবং ৭৬ হাজার ৮১৪ টন আতপ চাল। একই সময়ে ৫২৩ টন গমও সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৩ লাখ ২০ হাজার ৮০০ টন খাদ্যশস্য দেশে আমদানি হয়েছে। এর মধ্যে সরকারি পর্যায়ে চাল ও গম মিলিয়ে ১১ লাখ ৬৫ হাজার টন এবং বেসরকারি পর্যায়ে ৩ লাখ ৯ হাজার ১৫০ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এ সময়ে খাদ্য সহায়তা হিসেবে কোনো আমদানির প্রয়োজন হয়নি।

খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান অত্যন্ত সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কৃষক ও চালকল মালিকদের সহযোগিতা এবং মন্ত্রণালয়ের সমন্বিত ব্যবস্থাপনার ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ সম্ভব হয়েছে।

তিনি বলেন, সরকারি গুদামগুলোতে চাল ও গমের পর্যাপ্ত ও নিরাপদ মজুদ রয়েছে। এ মজুদ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) গবেষণা পরিচালক ফিরোজ আল মাহমুদ বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় খাদ্যশস্যের মজুদ ও সংরক্ষণ সক্ষমতা আরো বাড়ানো হচ্ছে।

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিতের পাশাপাশি সেগুলোর সঠিক সংরক্ষণ ও গুণগতমান বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কৃষকদের কাছ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ধান ও চাল সংগ্রহ এবং সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

অনলাইন ডেস্ক
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় বাংলাদেশের মেগাসিটি ঢাকার অবস্থান রয়েছে তালিকার ৯ নম্বরে। যার বায়ুমান স্কোর ১০৯। এই অবস্থার বায়ুর মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এ ছাড়া বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ১৭৭। এই অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে বিবেচনা করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যার বায়ুমান স্কোর ১৭২। তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। যার বায়ুমান স্কোর ১৬০। চতুর্থ অবস্থানে রয়েছে ইসরায়েলের অন্যতম প্রধান নগরী তেল আবিব। যার বায়ুমান স্কোর ১২৪ এবং পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। যার বায়ুমান স্কোর ১১৯।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।