পথশিশু ও কর্মজীবী শিশুরা বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও নানা ধরনের শোষণের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। তিনি বলেছেন, অরক্ষিত পরিবেশে বসবাসের কারণে এসব শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরো জোরদার করতে হবে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীতে ঢাকা আহছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক অ্যাডভোকেসি সভায় সমাজকল্যাণ সচিব এসব কথা বলেন।
কর্মজীবী শিশু ও পথশিশুদের বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও নীতিনির্ধারণী অংশীজনদের নিয়ে এই সভার আয়োজন করে ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের অধীন পরিচালিত ড্রপ-ইন সেন্টার (ডিআইসি) প্রকল্প।
সমাজকল্যাণ সচিব বলেন, পথশিশু ও কর্মজীবী শিশুরা প্রতিনিয়ত সহিংসতা, নির্যাতন, বৈষম্য ও সামাজিক কলঙ্কের বোঝা নিয়ে জীবনযাপন করছে। তাদের নিরাপদ পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যার ঝুঁকি আরো বাড়বে।
সভায় সভাপতির বক্তব্যে ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, গ্রামীণ এলাকায় বাল্যবিবাহের হার তুলনামূলক বেশি। তবে দেশের শহরাঞ্চলেও লক্ষাধিক শ্রমজীবী শিশু রয়েছে, যাদের একটি বড় অংশ এই ঝুঁকিতে দিন কাটাচ্ছে।
ডিআইসি প্রকল্পের বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান।
আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের তথ্য উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এখনো বাল্যবিবাহ একটি বড় সামাজিক সমস্যা। দেশে প্রায় অর্ধেক মেয়েরই ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে হয়ে যাচ্ছে, যা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন পুলিশের ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, ঢাকা আহছানিয়া মিশনের সহসভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমদ, ডা. মোহাম্মদ খলিল উল্লাহ, ড. এস এম খলিলুর রহমান এবং ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক (কর্মসূচি) কে এম জাহিদুজ্জামান। বক্তারা শিশুদের সুরক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।




