দেশে জাকাতব্যবস্থার আধুনিকায়ন, জাকাত সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং জাকাত বোর্ডকে আরো কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ সোমবার ধর্মমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সভায় জাকাত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, সুশাসন নিশ্চিতকরণ, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি এবং জাকাত তহবিলের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও জনকল্যাণমুখী করে তুলতে বিভিন্ন সুপারিশ নিয়েও মতবিনিময় করেন কমিটির সদস্যরা।
সভায় জাতীয় সংসদের হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহিবুল্লাহহিল বাকী, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ইসলামী অর্থনীতিবিদ মাওলানা আবদুল্লাহ মাসুমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা মত দেন, জাকাত ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিনির্ভর কাঠামোর আওতায় এনে এর সংগ্রহ ও বণ্টন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর করা গেলে দারিদ্র্য বিমোচন ও সামাজিক বৈষম্য হ্রাসে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।




