রাজধানীর মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ঘাটতি রাখা হবে না।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি আহতদের স্বজনদেরও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। বাইরে থেকে ওষুধ বা চিকিৎসা-সামগ্রী কিনতে হলেও তার পুরো খরচ সরকার বহন করবে। এজন্য সব ব্যয়ের হিসাব সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আহতদের প্রাথমিক খরচ মেটাতে নগদ অর্থও দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহত হন ৬ জন। তাদের মধ্যে ৫ জন নিটোরে এবং একজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে আহতরা শঙ্কামুক্ত।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি ও নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান উপস্থিত ছিলেন।




