• ই-পেপার

সাগর-রুনি হত্যা মামলায় প্রতিবেদন পেছাল ৬৬ বার

রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ

অনলাইন ডেস্ক
রেলসেবা বঞ্চিত ১৬ জেলা, সম্প্রসারণে সরকারের উদ্যোগ

দেশের সব জেলাকে জাতীয় রেল নেটওয়ার্কের আওতায় আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এ লক্ষ্যে নতুন রেলপথ নির্মাণ, বিদ্যমান লাইনের সম্প্রসারণ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলা রেল যোগাযোগের আওতায় আসবে।

রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে দেশের ৪৮টি জেলা জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এখনো ১৬টি জেলায় রেলপথ পৌঁছেনি। প্রথম ধাপে রেলসেবা বঞ্চিত ১০টি জেলাকে নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে পর্যায়ক্রমে বাকি ছয়টি জেলায়ও রেল সংযোগ সম্প্রসারণ করা হবে। ঢাকা মেইল এসংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে।

সূত্র আরো জানায়, প্রথম ধাপে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব জেলার সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক সমীক্ষার কাজ চলছে। অন্যদিকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ভোলা, নেত্রকোনা ও মানিকগঞ্জকে পরবর্তী ধাপে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সাতক্ষীরায় রেলপথ সম্প্রসারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে এবং এসংক্রান্ত প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একইভাবে মধুখালী-মাগুরা রেলপথের সম্প্রসারণ, নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন এবং শেরপুর হয়ে নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা নিয়েও কাজ চলছে।

বরিশাল বিভাগেও রেল যোগাযোগ সম্প্রসারণে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ভাঙ্গা থেকে বরিশাল, পটুয়াখালী, পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত প্রায় ২০৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়ন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৪ হাজার কোটি টাকা।

তবে রেলওয়ের কর্মকর্তারা বলছেন, নতুন জেলাগুলোতে ট্রেন চলতে এখনই সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। সম্ভাব্যতা যাচাই, প্রকল্প প্রণয়ন, অর্থায়ন, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, রেলবঞ্চিত জেলাগুলোকে নেটওয়ার্কে আনতে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। বর্তমানে বেশির ভাগ প্রকল্পই সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে। এসব সমীক্ষা শেষ হওয়ার পর ধাপে ধাপে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন চার শতাধিক যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল করছে। বছরে প্রায় ১০ কোটি যাত্রী রেলে ভ্রমণ করেন এবং পরিবহন করা হয় প্রায় এক কোটি টন পণ্য। নতুন জেলাগুলো রেল নেটওয়ার্কে যুক্ত হলে যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা আরো বাড়বে বলে আশা করছে রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০১৬-২০৪৫ মেয়াদের রেলওয়ের মহাপরিকল্পনা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। নতুন পরিকল্পনায় এর সময়সীমা আরো বাড়তে পারে। একই সঙ্গে নতুন রেললাইন নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় লোকোমোটিভ, কোচ ও অন্যান্য অবকাঠামো প্রস্তুতের সমন্বিত পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে নতুন রেলপথ চালুর সঙ্গে সঙ্গেই যাত্রীসেবা নিশ্চিত করা যায়।
এ বিষয়ে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘দেশের যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় রেলসেবাকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে পর্যায়ক্রমে ৬৪টি জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

৬ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক
৬ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৬টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা চক্র

বাসস
পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা চক্র
ছবি: মালদ্বীপ প্রেসিডেন্টের ফেসবুক পেজ থেকে

মালদ্বীপ সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে চা চক্রের আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। গতকাল শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এই আয়োজন করা হয়।

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বর্তমানে মালদ্বীপ সফর করছেন খলিলুর রহমান। 

দুই দেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করা এবং সহযোগীতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে সরকারি সফরে খলিলুর রহমান গতকাল মালদ্বীপে পৌঁছালে প্রেসিডেন্ট মুইজ্জু এ চা চক্রের আয়োজন করেন।

মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশটি সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সফরে তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

গতকাল মালদ্বীপ পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ড. খালিলুর রহমানকে স্বাগত জানান।

বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার ক্ষেত্রে এ সফরকে ‘একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আরো গভীর সম্পৃক্ততার পথ সুগম হবে।

মন্ত্রণালয়ের মতে, ‘এই সফর আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদারের ভিত্তি তৈরি করবে।’

সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান। এ ছাড়া তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বৈঠকে বাংলাদেশ-মালদ্বীপ অংশীদারত্ব আরো শক্তিশালী করার উপায়, বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগীতার বিস্তৃত ক্ষেত্র পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগীতার সুযোগ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগীতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। একই সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী মালদ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

বাসস
ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদনের সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশের কয়েকটি এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত পত্রে এ  জরুরি নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, নতুন ও পূর্বে জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই, মূল্যায়ন ও পরীক্ষা শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলছে, সেখানে তা অব্যাহত রাখা যাবে।

তবে স্থানীয় কমিটি চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন ও পুরনো সব আবেদনকারীর জন্য একসঙ্গে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

এ ছাড়া ২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষার বিষয়ে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্থানীয় কমিটিকে দেওয়া হয়েছে।

তবে পরীক্ষা চালিয়ে নেওয়া হলে পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য পৃথকভাবে আবার পরীক্ষা নেওয়ার আয়োজন করতে হবে।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। নির্ধারিত মানবণ্টন অনুযায়ী প্রার্থীদের ব্যবহারিক, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএর ভিত্তিতে মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করতে হবে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য-সচিব এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সাগর-রুনি হত্যা মামলায় প্রতিবেদন পেছাল ৬৬ বার | কালের কণ্ঠ