বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের সার ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল এবং দীর্ঘ ২৫ বছর ধরে অপরিবর্তিত থাকা ডিলার কমিশন প্রতি টনে ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে।
আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের আল রাজি ভবনে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যানসহ ৩৩ সদস্যের পরিচালনা পর্ষদ শপথ গ্রহণ করেন। নির্বাচন বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিব সরকার নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান এবং নির্বাচন বোর্ডের সদস্য শেখ শামসুল আরেফীন উপস্থিত ছিলেন। শপথ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর মো. মোশাররফ হোসেন বলেন, বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল এবং ডিলার কমিশন দ্বিগুণ করাই হবে নতুন কমিটির প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে সার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়া এবং সার আমদানি ও বিতরণব্যবস্থা আরো কার্যকর করাই হবে তাঁর লক্ষ্য।
তিনি জানান, পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে মাঠ পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
২০২৫ সালের সার ডিলার নীতিমালার সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, এর কোনো যৌক্তিকতা নেই। তাঁর দাবি, গত ১৬ বছর ধরে বিদ্যমান ডিলাররা সফলভাবে সার বিতরণ করেছেন এবং কোথাও বড় ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর পরও বর্তমান ডিলারদের বাদ দিয়ে নতুন করে বিসিআইসির ডিলার অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার বিরোধিতা করবে বিএফএ।
তিনি বলেন, বর্তমানে প্রতিটি ইউনিয়নে একজন মূল ডিলার এবং প্রতিটি ওয়ার্ডে খুচরা ডিলার থাকায় সার সরবরাহে কোনো সংকট নেই। বর্তমান ডিলাররা ২৫ থেকে ৩০ বছর আগে প্রায় দুই লাখ টাকা জামানত দিয়ে ডিলারশিপ নিয়েছিলেন, যা সে সময়ের প্রেক্ষাপটে বড় বিনিয়োগ ছিল। তাই তাঁদের বাদ দিয়ে নতুন ডিলার অন্তর্ভুক্তির যৌক্তিকতা নেই।
ডিলার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ২৫ বছর ধরে কমিশনের হার অপরিবর্তিত রয়েছে। প্রতি টনে ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করার প্রস্তাব কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকার দ্রুত এ প্রস্তাব অনুমোদন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, নবনির্বাচিত পরিচালকরা নিজ নিজ এলাকার সমস্যাগুলো বোর্ডে তুলে ধরবেন। প্রয়োজনে জেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কৃষকের স্বার্থ রক্ষা, সময়মতো সার সরবরাহ এবং কৃষি উৎপাদন আরো শক্তিশালী করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএফএর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান রাজু, এস এম বাবুল, মো. নুর আলম পাটোয়ারি, মোহাম্মদ হাকিম আলী এবং পরিচালক (অর্থ) মো. আলাউদ্দিন চৌধুরী। তাঁরা নবনির্বাচিত কমিটির প্রতি সমর্থন জানিয়ে ডিলারদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।






