• ই-পেপার

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন পানীয় উপকারী?

আজ সেলফ-কেয়ার ডে: সুস্থ থাকতে যেসব পরীক্ষা করানো জরুরি

জীবনযাপন ডেস্ক
আজ সেলফ-কেয়ার ডে: সুস্থ থাকতে যেসব পরীক্ষা করানো জরুরি
ছবি: এআই জেনারেটেড

আজ আন্তর্জাতিক সেলফ-কেয়ার ডে। নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরতেই দিনটি পালন করা হয়। বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে শুধু ভালো খাবার খাওয়া বা ব্যায়াম করাই যথেষ্ট নয়। বয়স অনুযায়ী নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষাও জরুরি। এতে অনেক রোগ শুরুতেই ধরা পড়ে, ফলে সময়মতো চিকিৎসা নেওয়া সহজ হয় এবং জটিলতার ঝুঁকিও কমে।

শুক্রবার (২৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


আন্তর্জাতিক সেলফ-কেয়ার ডে উপলক্ষে চিকিৎসক নিরাজ কুমার জানিয়েছেন, সবার জন্য একই ধরনের স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ত নয়। বয়স, পারিবারিক রোগের ইতিহাস, জীবনযাপন, লিঙ্গ এবং আগের শারীরিক অবস্থার ভিত্তিতে পরীক্ষা নির্ধারণ করা উচিত।

২০ বছরে যেসব পরীক্ষা জরুরি

এই বয়স থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তোলা উচিত। বছরে অন্তত একবার রক্তচাপ, ওজন এবং বডি মাস ইনডেক্স (বিএমআই) পরীক্ষা করানো প্রয়োজন। পাশাপাশি সম্পূর্ণ রক্ত পরীক্ষা (সিবিসি), রক্তে শর্করার মাত্রা এবং কোলেস্টেরল পরীক্ষা করানো ভালো। বিশেষ করে পরিবারে ডায়াবেটিস বা হৃদরোগের ইতিহাস থাকলে এসব পরীক্ষা আরও গুরুত্বপূর্ণ।

এ ছাড়া নিয়মিত দাঁত ও চোখ পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। নারীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জরায়ুমুখের ক্যানসার শনাক্তের পরীক্ষা শুরু করা উচিত। যৌনভাবে সক্রিয় ব্যক্তিদের প্রয়োজন হলে যৌনবাহিত সংক্রমণের পরীক্ষাও করাতে বলা হয়েছে। একই সঙ্গে উদ্বেগ, বিষণ্নতা ও মানসিক চাপ আছে কি না, সেটিও মূল্যায়ন করা প্রয়োজন।

৩০ বছরে কী কী পরীক্ষা করবেন

৩০ বছরে কাজের চাপ বাড়ে, শারীরিক পরিশ্রম কমে এবং শরীরের বিপাকক্রিয়া ধীর হতে শুরু করে। এতে জীবনযাপন-সম্পর্কিত রোগের ঝুঁকিও বাড়ে।

এ সময় নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা, কোলেস্টেরল, কিডনি ও লিভারের কার্যকারিতা পরীক্ষা করানো উচিত। প্রয়োজন হলে থাইরয়েড পরীক্ষাও করা যেতে পারে।

ধূমপায়ী, অতিরিক্ত ওজনের মানুষ, কম শারীরিক পরিশ্রম করেন এমন ব্যক্তি বা যাদের পরিবারে ডায়াবেটিস, হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ইতিহাস রয়েছে, তাদের আরও ঘন ঘন স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন হতে পারে।

নারীদের নিয়মিত জরায়ুমুখের ক্যানসার পরীক্ষা চালিয়ে যেতে হবে। পাশাপাশি স্তন পরীক্ষা করানোর পরামর্শও দেওয়া হয়েছে। পুরুষদের হৃদরোগের ঝুঁকি নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। এ ছাড়া চোখ, দাঁত ও মানসিক স্বাস্থ্যের পরীক্ষাও নিয়মিত চালিয়ে যেতে হবে।

৪০ বছরে কোন পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ

৪০ বছর পার হলে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই প্রতি বছর রক্তচাপ, রক্তে শর্করা, কোলেস্টেরল, কিডনি, লিভার, ওজন ও বিএমআই পরীক্ষা করা জরুরি।

প্রয়োজনে হৃদ্‌যন্ত্রের ঝুঁকি মূল্যায়নের জন্য ইসিজিসহ অন্যান্য পরীক্ষা করতে পারেন চিকিৎসক।

এই বয়সে ক্যানসার শনাক্তের পরীক্ষাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নারীদের জরায়ুমুখের ক্যানসারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ম্যামোগ্রাম করানোর বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পুরুষদের পরিবারে প্রোস্টেট ক্যানসারের ইতিহাস থাকলে প্রোস্টেট পরীক্ষা নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।

এ ছাড়া ৪৫ বছর বয়সের কাছাকাছি থেকে কোলন ক্যানসার শনাক্তের পরীক্ষাও করানোর পরামর্শ দেওয়া হয়। তবে পরিবারের কারও এ রোগ থাকলে আরও আগে থেকেই পরীক্ষা শুরু করতে হতে পারে।

চিকিৎসকদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রোগ দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। এতে চিকিৎসা সহজ হয় এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকার সম্ভাবনাও বাড়ে। তবে কোন পরীক্ষা কত ঘন ঘন প্রয়োজন, তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত।

মানুষ ঠাণ্ডা করার ‘ফ্রিজ’ বানাল জাপান

জীবনযাপন ডেস্ক
মানুষ ঠাণ্ডা করার ‘ফ্রিজ’ বানাল জাপান
সংগৃহীত ছবি

তীব্র গরমে বাইরে বের হলেই শরীর ঘামে ভিজে যায়, নেমে আসে ক্লান্তি। রোদ থেকে একটু স্বস্তি পেতে মানুষ খোঁজে ঠাণ্ডা জায়গা। এবার সেই গরম থেকে সাময়িক আরাম দিতে জাপান তৈরি করেছে এক অভিনব যন্ত্র—যেখানে মানুষই ঢুকতে পারবে ফ্রিজের মতো একটি কেবিনে!

নতুন এই প্রযুক্তির নাম ‘ডো হিয়েমন বক্স’। দেখতে অনেকটা কাচের দরজাওয়ালা ধাতব কেবিনের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মানুষ এই কেবিনের ভেতরে ঢুকে বসছেন, আর কিছুক্ষণের মধ্যেই শরীরে লাগছে ঠাণ্ডা বাতাস।

এই ‘মানুষের ফ্রিজ’ তৈরি করেছে জাপানের দুটি প্রতিষ্ঠান—এসডিআরএস এবং ট্রাসকো নাকায়ামা। নির্মাতাদের ধারণা, জাপানের রাস্তায় থাকা ঠাণ্ডা পানীয়ের স্বয়ংক্রিয় বিক্রয়যন্ত্র থেকেই এই প্রযুক্তির ভাবনা এসেছে। যেমন দ্রুত একটি পানীয় নিয়ে মানুষ স্বস্তি পায়, তেমনি এই যন্ত্রেও কয়েক মিনিটের মধ্যে শরীর ঠাণ্ডা করার ব্যবস্থা থাকবে।

যন্ত্রটির ভেতরের তাপমাত্রা সাধারণ অবস্থায় রাখা হবে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে কেউ ভেতরে প্রবেশ করলেই তাপমাত্রা নেমে আসবে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসে। মাথার ওপর থেকে নামবে ঠাণ্ডা বাতাস, যা শরীরের অতিরিক্ত গরম কমাতে সাহায্য করবে।

নির্মাতাদের দাবি, মাত্র ৫ মিনিটের মধ্যেই শরীরের গরম কমতে শুরু করবে। প্রায় ১০ মিনিট এই কেবিনের ভেতরে থাকলে গরমের কারণে তৈরি হওয়া ক্লান্তিও অনেকটা কমে যাবে। তবে অতিরিক্ত ঠাণ্ডার ঝুঁকি এড়াতে ২০ মিনিট পর যন্ত্রটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

বর্তমানে এই প্রযুক্তি মূলত কারখানা, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাস্তার মতো জায়গায় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে প্রচণ্ড গরমের মধ্যে বাইরে কাজ করা মানুষদের জন্য এটি কাজে লাগতে পারে বলে মনে করছেন অনেকে।

তবে এই প্রযুক্তি কিনতে খরচও কম নয়। ‘ডো হিয়েমন বক্স’-এর দাম প্রায় ৮ লাখ ৮৬ হাজার ভারতীয় রুপি। বাংলাদেশি টাকায় এর দাম দাঁড়ায় আনুমানিক ১২ লাখ থেকে ১৩ লাখ টাকা। মুদ্রার বিনিময় হার পরিবর্তনের কারণে দামের কিছুটা পার্থক্য হতে পারে।

তবে নতুন এই আবিষ্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ বলছেন, প্রচণ্ড গরমের সময়ে এমন প্রযুক্তি মানুষের জন্য বড় স্বস্তি এনে দিতে পারে। আবার কেউ প্রশ্ন তুলছেন, পৃথিবীর তাপমাত্রা বাড়ার মূল সমস্যার সমাধান না করে শুধু মানুষকে ঠাণ্ডা করার প্রযুক্তি কতটা কার্যকর হবে।

গরমের সঙ্গে লড়াই করতে প্রযুক্তি কতটা এগিয়ে যেতে পারে, জাপানের এই আবিষ্কার তারই একটি উদাহরণ। এখন দেখার বিষয়, ভবিষ্যতে বাংলাদেশের মতো গরমপ্রবণ দেশগুলোতেও এমন ‘মানুষের ফ্রিজ’ জনপ্রিয় হয়ে ওঠে কি না।

ভালোবাসা নাকি শুধুই অভ্যাস? ইমোশনাল অ্যাটাচমেন্ট চিনবেন যেভাবে

অনলাইন ডেস্ক
ভালোবাসা নাকি শুধুই অভ্যাস? ইমোশনাল অ্যাটাচমেন্ট চিনবেন যেভাবে
সংগৃহীত ছবি

সকালে ঘুম ভাঙতেই কারো মুখ মনে পড়া, একটু দেরিতে মেসেজের উত্তর এলে বুক ঢিপঢিপ করা, কিংবা তাকে ছাড়া পুরো জীবনটাকেই অসম্পূর্ণ মনে হওয়া—এই অনুভূতির সাথে আমরা অনেকেই পরিচিত। একেই কি ভালোবাসা বলে? রিলেশনশিপ বিশেষজ্ঞদের মতে, আমরা প্রায়ই ভালোবাসা ও ইমোশনাল অ্যাটাচমেন্ট (আবেগীয় নির্ভরশীলতা)—এই দুটিকে এক করে ফেলি। কিন্তু দুইটির মধ্যে রয়েছে সূক্ষ্ম ও বড় পার্থক্য। ভালোবাসা গড়ে ওঠে বিশ্বাস আর স্বাধীনতার ওপর, আর ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক সময় জন্ম নেয় একা হয়ে যাওয়া বা কাউকে হারানোর ভয় থেকে। ভালোবাসা যেখানে আপনাকে মানসিক শান্তি দেয়, সেখানে শুধুমাত্র অ্যাটাচমেন্ট অনেক সময় নিয়ে আসে উদ্বেগ ও মানসিক চাপ।

ইমোশনাল অ্যাটাচমেন্ট কিভাবে তৈরি হয়?
ছোটবেলা থেকেই আমাদের কারো না কারো ওপর আবেগীয় নির্ভরতা তৈরি হয়—তিনি হতে পারেন বাবা-মা কিংবা কোনো কাছের বন্ধু। তবে প্রেমের সম্পর্কে সমস্যা শুরু হয় তখনই, যখন এই বন্ধনটি ভালোবাসা নয় বরং অনিরাপত্তাবোধ থেকে তৈরি হয়। দীর্ঘদিন কারো সাথে সময় কাটানো, একই অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়া এবং একজনকে ঘিরেই নিজের জগত গড়ে তোলার কারণে এই অ্যাটাচমেন্ট তৈরি হয়। ফলে সম্পর্কটা যদি বিষাক্তও হয়ে পড়ে, তবুও অভ্যাসের কারণে সেখান থেকে বের হয়ে আসা কঠিন হয়ে দাঁড়ায়।

যেভাবে বুঝবেন এটি ভালোবাসা নাকি শুধুই অ্যাটাচমেন্ট?
সম্পর্কে থাকা মানুষটি আসলে আপনার ভালোবাসা, নাকি আপনি শুধুই তার ওপর আবেগীয়ভাবে নির্ভরশীল—তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে। রিলেশনশিপ বিশেষজ্ঞদের মতে, বাহ্যিকভাবে দুটিকে একই রকম মনে হলেও এদের মূল ভিত্তি সম্পূর্ণ ভিন্ন। ভালোবাসা মানুষকে মানসিকভাবে পরিপক্ব ও স্বাধীন করে, অন্যদিকে অ্যাটাচমেন্ট অনেক সময় তৈরি করে ভয় ও মানসিক চাপ। সহজ কিছু বিষয়ে নজর দিলেই পার্থক্যটি স্পষ্ট হয়ে ওঠে।

ভীতি বনাম ভরসার লড়াই
ইমোশনাল অ্যাটাচমেন্টের মূল ভিত্তি হলো অনিরাপত্তাবোধ, একা হয়ে যাওয়ার ভয় এবং কাউকে হারানোর আশঙ্কা। এখানে মানুষ সম্পর্কের স্বস্তির চেয়ে হারিয়ে ফেলার ভয়কে বেশি অনুভব করে। অন্যদিকে, সত্যিকারের ভালোবাসার মূল ভিত্তি হলো গভীর ভরসা, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীনতা। সেখানে হারানোর ভয়ের চেয়ে একঝাঁক স্বস্তি আর নিরাপত্তা কাজ করে।

যোগাযোগ ও মানসিক অস্থিরতা
অ্যাটাচমেন্টে সামান্য যোগাযোগ কমলেই বা মেসেজের উত্তর পেতে দেরি হলেই শুরু হয় অতিরিক্ত উদ্বেগ, অস্থিরতা ও ভুল বোঝাবুঝি। মনে হতে থাকে সঙ্গীকে না পেলে জীবন অসম্পূর্ণ। কিন্তু সত্যিকারের ভালোবাসায় সারাক্ষণ কথা না হলেও বা কিছুটা দূরত্ব তৈরি হলেও পরস্পরের প্রতি নিবিড় ও অবিচল আস্থা বজায় থাকে। মানসিক অশান্তির বদলে সেখানে কাজ করে মানসিক শান্তি।

ব্যক্তিগত স্বাধীনতা ও নিয়ন্ত্রণ
অ্যাটাচমেন্টের সম্পর্কে একধরনের অদৃশ্য নিয়ন্ত্রণের মানসিকতা কাজ করে। সঙ্গী কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে—এসব নিয়ে সারাক্ষণ একটা সন্দেহের দোলাচল থাকে। বিপরীত দিকে, ভালোবাসার সম্পর্কে কোনো নিয়ন্ত্রণ বা বাধ্যবাধকতা থাকে না। সেখানে সঙ্গীর নিজস্ব সময়, শখ, বন্ধুত্ব ও যেকোনো ব্যক্তিগত সিদ্ধান্তকে পূর্ণ সম্মান জানানো হয়।

সম্পর্কের স্থায়িত্ব ও ভবিষ্যৎ
সম্পর্কটি যদি ক্ষতিকর বা অস্বস্তিকরও হয়ে ওঠে, তবুও শুধু অভ্যাসের কারণে অ্যাটাচমেন্টে আটকে থাকা মানুষ সেই সম্পর্ক থেকে বের হতে পারে না। ফলে বছরের পর বছর মানসিক কষ্ট সহ্য করতে হয়। তবে ভালোবাসার সম্পর্ক হয় দুজনের বিকাশমুখী। যেখানে দুজনেই একে অপরের স্বপ্ন পূরণে পাশে থাকে, ব্যক্তিগত মানসিক শান্তিতে অবদান রাখে এবং একসাথে সুন্দর এক ভবিষ্যতের দিকে এগিয়ে যায়।

সূত্র : এই সময়

ভ্যান গঘের বিখ্যাত ‘দ্য স্টারি নাইট’ ছবিতে লুকানো বৈজ্ঞানিক রহস্য!

সৈয়দা আশাপূর্ণা
ভ্যান গঘের বিখ্যাত ‘দ্য স্টারি নাইট’ ছবিতে লুকানো বৈজ্ঞানিক রহস্য!
‘স্টারি নাইট’ এবং ভ্যান গঘ

১৮৮৯ সালের এক নিঝুম রাত। দক্ষিণ ফ্রান্সের এক মানসিক হাসপাতালের শান্ত জানালা দিয়ে রাতের নীল আকাশের দিকে তাকিয়ে ছিলেন এক নিঃসঙ্গ চিত্রশিল্পী। ক্যানভাসে তুলির ঘূর্ণায়মান আঁচড়ে তিনি ফুটিয়ে তুলেছিলেন এক মায়াবী আকাশ। শিল্পী জানতেন না, তার মনের আবেগ আর প্রকৃতির সৌন্দর্য মেলাতে গিয়ে ক্যানভাসে তিনি যা তৈরি করছেন—তার আসল রহস্য উন্মোচিত হতে সময় লেগে যাবে এক শতাব্দীরও বেশি!

সেই কালজয়ী শিল্পকর্মই হলো ভিনসেন্ট ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ (The Starry Night)

ছবির ভেতর কিসের এত রহস্য?

পদার্থবিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, ভ্যান গঘের আঁকা নীল আকাশের তুলির টানে জড়িয়ে আছে প্রকৃতির এক জটিল নিয়ম—যাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘টার্বুলেন্স’ (Turbulence)

সহজ কথায় বললে, নদীতে পানি যেভাবে পাক খেয়ে ঘোরে, চায়ের কাপে দুধ মেশালে যেমন ধোঁয়াটে ঘূর্ণি ওঠে, কিংবা আকাশে ঝড়ের মেঘ যেভাবে আঁকাবাঁকা হয়ে ছোটে—সেটাই হলো টার্বুলেন্স। ১৯৪১ সালে এক রাশিয়ান গণিতবিদ বিশাল হিসাব-নিকাশ করে এই ঘূর্ণির একটি গাণিতিক সূত্র বের করেছিলেন।

মজার বিষয় হলো, বিজ্ঞানীরা যখন কম্পিউটার দিয়ে ভ্যান গঘের ছবির আলোর উজ্জ্বলতা আর তুলির টান মেপে দেখলেন, তখন দেখা গেল ভ্যান গঘের আঁকা আকাশ আর সেই জটিল গাণিতিক সূত্র একদম হুবহু মিলে গেছে!

ভ্যান গঘ কি বিজ্ঞান জানতেন?

একদমই না! ভ্যান গঘ কোনো সায়েন্সের ছাত্র ছিলেন না, আর হিসাব কষে ছবিও আঁকেননি। বিজ্ঞানীদের ধারণা, প্রকৃতির প্রতি তার নজর ছিল অসম্ভব তীক্ষ্ণ। তিনি ঘণ্টার পর ঘণ্টা রাতের আকাশ আর বাতাস পর্যবেক্ষণ করতেন। নিজের মনের ভেতর চলা ঝড় আর বাইরের প্রকৃতির এই গতিকে তিনি যেভাবে তুলির টানে বন্দি করেছেন, তা শত বছর পর আজকের আধুনিক বিজ্ঞানকেও তাক লাগিয়ে দিয়েছে।

শিল্প যেখানে বিজ্ঞানকে হার মানায়

আজকের যুগে বড় বড় সুপারকম্পিউটার ব্যবহার করেও বিজ্ঞানীরা ঝড়ের এই ঘূর্ণি নিখুঁতভাবে হিসেব করতে হিমশিম খান। অথচ ভ্যান গঘ কেবল নিজের চোখ আর হাতের তুলি দিয়ে সেই কঠিন বিজ্ঞান ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন।

বর্তমানে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট (MoMA)-এ ঝুলে থাকা এই ছবিটি তাই এখন আর কেবল কোনো সুন্দর আর্ট নয়, এটি হয়ে উঠেছে শিল্প ও বিজ্ঞানের এক ম্যাজিক!