ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে হলে না খেয়ে থাকতে হবে—এমন ধারণা অনেকেরই। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, সঠিক খাবার বেছে নিলে পেট ভরে খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিছু খাবারে ক্যালোরি কম হলেও থাকে পর্যাপ্ত আঁশ, পানি ও পুষ্টি উপাদান, যা দীর্ঘ সময় তৃপ্তি দেয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। জেনে নিন এমন ২০ খাবার সম্পর্কে, যেগুলো খাদ্যতালিকায় রাখলে পেট ভরবে, কিন্তু ওজন বাড়ার ঝুঁকি তুলনামূলক কম থাকবে—
পপকর্ন
এয়ার-পপড বা কম তেলযুক্ত পপকর্ন একটি স্বাস্থ্যকর স্ন্যাকস। এটি গোটা শস্য থেকে তৈরি হওয়ায় এতে প্রচুর আঁশ থাকে। এক কাপ এয়ার-পপড পপকর্নে ক্যালোরি তুলনামূলক কম, কিন্তু পেট ভরা রাখার ক্ষমতা বেশি। তবে অতিরিক্ত মাখন বা লবণযুক্ত পপকর্ন এড়িয়ে চলাই ভালো।
স্যুপ
ঝোলভিত্তিক সবজি বা মুরগির স্যুপ ক্ষুধা কমাতে কার্যকর। গবেষণায় দেখা গেছে, খাবারের আগে স্যুপ খেলে মোট ক্যালোরি গ্রহণ কমে যায়। কারণ স্যুপ পাকস্থলীতে জায়গা দখল করে দীর্ঘ সময় তৃপ্তি অনুভব করায়।
আপেল ও কলা
দ্রুত ক্ষুধা মেটাতে আপেল ও কলা দারুণ বিকল্প। এ দুটি ফলে রয়েছে আঁশ, পটাশিয়াম এবং বিভিন্ন ভিটামিন। বিকেলের নাস্তায় বিস্কুট বা ভাজাপোড়ার পরিবর্তে ফল খেলে অতিরিক্ত ক্যালোরি এড়ানো সম্ভব।
ওটস
ওটস বা ওটমিল দীর্ঘ সময় পেট ভরা রাখার জন্য পরিচিত। এতে থাকা দ্রবণীয় আঁশ হজম ধীর করে এবং ক্ষুধা কমায়। সকালের নাশতায় ওটস খেলে সারাদিন তুলনামূলক কম ক্যালোরি গ্রহণ করা সহজ হয়।
ট্রেইল মিক্স
বাদাম, শুকনো ফল ও অল্প পরিমাণ ডার্ক চকোলেটের মিশ্রণ স্বাস্থ্যকর ট্রেইল মিক্স হতে পারে। এটি মিষ্টি বা লবণাক্ত খাবারের প্রতি আকাঙ্ক্ষা কমাতে সাহায্য করে। তবে অতিরিক্ত চিনি বা চকোলেটযুক্ত প্যাকেটজাত ট্রেইল মিক্স থেকে সতর্ক থাকতে হবে।
মরিচ
ঝাল মরিচে থাকা ক্যাপসাইসিন নামের উপাদান ক্ষুধা কিছুটা কমাতে এবং বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সহায়তা করতে পারে। তাই ঝাল খাবার পছন্দ করলে পরিমিত পরিমাণে মরিচ খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
ডিম
ডিম উচ্চমানের প্রোটিনের অন্যতম উৎস। সকালের নাশতায় ডিম খেলে দীর্ঘ সময় ক্ষুধা লাগে না এবং অতিরিক্ত নাশতা করার প্রবণতাও কমে। ওজন নিয়ন্ত্রণে রাখতে ডিমকে অনেক পুষ্টিবিদ গুরুত্বপূর্ণ খাবার হিসেবে বিবেচনা করেন।
চিয়া সিড
চিয়া বীজে প্রচুর আঁশ রয়েছে। পানিতে বা দুধে ভিজিয়ে তৈরি করা চিয়া পুডিং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ফল ও বাদাম যোগ করলে এটি আরও পুষ্টিকর হয়ে ওঠে।
নারকেল তেল
নারকেল তেলে কিছু মিডিয়াম-চেইন ফ্যাটি অ্যাসিড (MCTs) থাকে, যা ক্ষুধা নিয়ন্ত্রণে কিছুটা ভূমিকা রাখতে পারে বলে কিছু গবেষণায় দেখা গেছে। তবে সব গবেষণা একমত নয়—অন্যান্য তেলের তুলনায় এর তৃপ্তি বাড়ানোর প্রভাব সীমিত বলেও মত রয়েছে। তবুও রান্নায় স্বাদ ও ব্যবহারিক সুবিধার কারণে এটি অনেকের খাদ্যতালিকায় থাকে।
ফুলকপি
ফুলকপিতে ক্যালোরি কম হলেও এতে রয়েছে প্রচুর পানি ও আঁশ। ফলে এটি কম ক্যালোরিতে বেশি তৃপ্তি দেয়। বেকড বা ভাপা ফুলকপি স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবেও জনপ্রিয়।
অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে থাকা স্বাস্থ্যকর চর্বি ও আঁশ ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়তা করে। যদিও এটি তুলনামূলক দামি, তবু পরিমিত পরিমাণে খেলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি পাওয়া যায়।
আদা
আদা শুধু হজমে সাহায্য করে না, ক্ষুধা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে, আদা গ্রহণ করলে দীর্ঘ সময় ক্ষুধা কম অনুভূত হয়।
কমলা
ভিটামিন সি ও আঁশসমৃদ্ধ কমলা কম ক্যালোরির একটি ফল। ক্ষুধা লাগলে মিষ্টি খাবারের পরিবর্তে কমলা খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে।
পিনাট বাটার
পরিমিত পরিমাণ পিনাট বাটার প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বির ভালো উৎস। ফল বা হোলগ্রেইন ব্রেডের সঙ্গে খেলে এটি দীর্ঘ সময় ক্ষুধা কমাতে সাহায্য করতে পারে।
শাকসবজি
পালং শাক, লাল শাক, পুঁইশাকসহ বিভিন্ন সবুজ শাকসবজি কম ক্যালোরিতে বেশি পুষ্টি দেয়। প্রতিদিনের খাবারে শাকসবজির পরিমাণ বাড়ালে মোট ক্যালোরি গ্রহণ কমানো সহজ হয়।
সেলারি
সেলারিতে প্রচুর পানি এবং খুব কম ক্যালোরি থাকে। সালাদ, স্যুপ কিংবা স্বাস্থ্যকর ডিপের সঙ্গে এটি খাওয়া যায়।
চুইংগাম
গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় চুইংগাম চিবালে ক্ষুধা কিছুটা কমে এবং পেট ভরা অনুভূতি তৈরি হতে পারে। যদিও এতে কোনো ক্যালোরি পোড়ে না, তবে এটি অতিরিক্ত খাওয়া এড়াতে সহায়ক হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, খাবারের পর চুইংগাম চিবালে মিষ্টি বা স্ন্যাকসের আকাঙ্ক্ষা কমে এবং দৈনিক ক্যালোরি গ্রহণও কিছুটা হ্রাস পেতে পারে।
জাম্বুরা
জাম্বুরা বা গ্রেপফ্রুটে পানি ও আঁশের পরিমাণ বেশি। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
ডার্ক চকোলেট
মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে অল্প পরিমাণ ডার্ক চকোলেট ভালো বিকল্প হতে পারে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এটি অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ—পর্যাপ্ত পানি পান
সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করা শুধু স্বাস্থ্যকরই নয়, এটি আপনার পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে আপনি অপ্রয়োজনীয় খাওয়া থেকে বিরত থাকতে পারবেন। পানি শক্তি বাড়াতে এবং বিপাক ক্রিয়া উন্নত করতে সাহায্য করে। আমেরিকান কেমিক্যাল সোসাইটি খাবারের আগে প্রায় এক থেকে দুই গ্লাস পানি বা ভেষজ চা পান করার পরামর্শ দেয়, কারণ এটি আপনার ক্যালোরি গ্রহণ কমিয়ে দেয়।
বিশেষজ্ঞদের পরামর্শ
ওজন নিয়ন্ত্রণে রাখতে শুধু একটি খাবারের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। বেশি আঁশযুক্ত খাবার, পর্যাপ্ত প্রোটিন, ফলমূল, শাকসবজি এবং পর্যাপ্ত পানি—এই সমন্বয়ই দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে। একই সঙ্গে নিয়মিত শারীরিক কার্যক্রম ও পর্যাপ্ত ঘুমও সমান গুরুত্বপূর্ণ।






