বলিউড অভিনেতা সালমান খান আবারও আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি রহস্যময় পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যের সমালোচনার জবাব হিসেবেই তিনি এই পোস্ট করেছেন।
তবে সালমান তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে মনে করছেন, গত কয়েকদিন ধরে যে সমালোচনার মুখে তিনি পড়েছেন, সেই বিষয়েই ইঙ্গিত দিয়েছেন এই পোস্টে। ব্যায়াম করার সময় তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন সালমান। ছবির সঙ্গে তিনি লেখেন, 'সালমান খান ভয় পেয়েছে....হুমমম। যে ভয় পায়, সে মরে যায়...'। তার এই পোস্টের পর ভক্ত ও সমালোচকদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়।
এর আগে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে একটি বার্তা দেন সালমান খান। তিনি শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন। তার যুক্তি ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সালমান লিখেছিলেন, 'শিক্ষার্থীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের পড়াশোনা ও নিরাপত্তা—দুই বিষয়ই গুরুত্বপূর্ণ। তাই তাদের বা তাদের বাবা-মায়ের চিন্তার কোনো কারণ নেই।' তিনি আরো বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন। আমি নিশ্চিত, প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই শিক্ষার্থীরা, তোমরা নিজেদের বাবা-মায়ের কাছে ফিরে যাও।'
সালমান তার ওই পোস্টে আন্দোলনকারী পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককেও অনশন শেষ করার আহ্বান জানান। তিনি লেখেন, 'সোনম, হয়ে গেছে ভাই। আর এটা বাড়িয়ো না। যদি কখনো দরকার হয়, তখন আবার সেই শক্তি ধরে রেখো। যদিও আমার মনে হয়, তার দরকার হবে না। এখন কিছু খেয়ে নাও। চাইলে আমি আমার বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব।' এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনম ওয়াংচুক তার অনশন শেষ করেন। তবে শিক্ষার্থীদের নেতৃত্বে সিজেপির আন্দোলন এখনো চলছে। আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের দাবি জানিয়ে আসছেন।
সালমানের মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার বক্তব্য নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন। আবার অনেকে তাকে নিয়ে ব্যঙ্গ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'আর যদি পড়ার জন্য কিছু বই দরকার হয়, আমাকে জানিও। আমি পাঠিয়ে দেব।' আরেকজন লিখেছেন, 'এমন মোড় আসবে, আমি ভাবিনি।' কেউ কেউ মন্তব্য করেছেন, 'আপনি ভয় পেয়েছেন। আরেকজন লিখেছেন, 'ক্যামেরার সামনে সিংহ, আর সরকারের সামনে...?'
এর দুই দিন আগে সালমান খান তার ছোটবেলার একটি ছবি প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান। তিনি নিট প্রশ্নপত্র ফাঁসকে 'খুবই গুরুতর বিষয়' বলে উল্লেখ করেন। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন। সালমান বলেন, শক্তিশালী শিক্ষা ব্যবস্থার দাবিতে তরুণদের এগিয়ে আসা দেখে তিনি গর্বিত। তবে তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন, আন্দোলন যেন রাজনৈতিক রূপ না নেয়। তার মতে, বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের উদ্বেগের সমাধান করবে এবং ভবিষ্যতে ভারত বিশ্বমানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
এদিকে দিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ এখনো চলছে। তবে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর ২৬ দিনের অনশন শেষ করেছেন সোনম ওয়াংচুক। নাড্ডা তাকে শিক্ষা সংস্কারসংক্রান্ত দাবিগুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনে দ্রুত বিচার আদালতের মাধ্যমেও ব্যবস্থা নেওয়া হবে। সরকার কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা মেনে নিবে না বলেও জানান তিনি।








