প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি সিনেমা। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের প্রতিযোগিতামূলক ‘হরাইজনস’ (অরিজোন্তি) বিভাগে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। এর মধ্য দিয়ে ভেনিস উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেল।
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি সুপারন্যাচারাল চলচ্চিত্র। গল্পটি আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে। বহু বছর ধরে প্রচলিত একটি আরবান মিথ থেকে ছবিটির অনুপ্রেরণা এসেছে-কথিত আছে, এক সময় সেখানে একজন কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। আমাদের ছবিতে আরেকজন কনে সেই পার্লারে সাজতে এসে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়। রহস্য, মনস্তত্ত্ব এবং সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়।’
ভেনিসে সিনেমাটি নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, ‘সিনেমাটি ভেনিসে সাবমিট করার কদিন পরই জানতে পারি, এটি ভেনিসের আয়োজকেরা পছন্দ করেছেন। এটা ছিল আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য অসাধারণ একটি খবর। কিন্তু কোন শাখায় সিনেমাটির প্রিমিয়ার হবে, সেটা নিয়ে কিছুই বলেনি। এটা নিয়ে চিন্তিত ছিলাম। অবশেষে জানতে পারি, সিনেমাটি উৎসবে অফিশিয়াল শাখা হরাইজন (অরিজোন্তি) বিভাগে মনোনয়ন পেয়েছে।’
সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কী অসাধারণ এক মুহূর্ত! পুরো টিমের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভেনিস উৎসবের মতো আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো ফিল্মমেকারের জন্যই বিরাট অর্জন, সেই সঙ্গে বাংলাদেশের জন্যও বড় মাইলফলক এটি।’
আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিস লিডোতে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। ‘হরাইজনস’ বিভাগে বিশ্বের আরো ১৮টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
সিনেমাটিতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারীসহ আরো অনেকে।







