• ই-পেপার

নতুন গান নিয়ে আসছে নিসর্গ ব্যান্ড

বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক
বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান
অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন শোবিজ অঙ্গনের তারকারা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা তৈরির পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

জানা গেছে, চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছেন এই অভিনেতা। তার এক ভক্তের উদ্যোগে পরিচালিত ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করে সেই অনুদান দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।

তৌসিফ মাহবুবের ভক্ত মোহাম্মদ ইমন কালের কণ্ঠকে জানান, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে তারা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ মাহবুব নিজ থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ত্রাণ কার্যক্রমের জন্য অনুদান প্রদান করেন।

ইমন বলেন, ‘আমরা কয়েকজন মিলে মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালির দিকে যাব, সেখানে বন্যার্তদের মাঝে আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করব। তৌসিফ মাহবুব ভাইয়া বিষয়টি জানার পর একটা ভালো অঙ্কের টাকা অনুদান দেন এবং ত্রাণসামগ্রী বিতরণের সামগ্রিক ব্যবস্থা করে দেন।’

তিনি আরো বলেন, প্রায় এক হাজার মানুষের জন্য শুকনা খাবার, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং বিশেষ করে নারীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণ বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইমন বলেন, তৌসিফ মাহবুব শুধু এবারই নয়, অতীতেও বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে নীরবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনকি ব্যক্তিগতভাবেও অনেককে সহযোগিতা করেছেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে তার নিজের পড়াশোনার পুরো খরচও এই অভিনেতা বহন করেছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে তৌসিফ মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

তবে মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে এই অভিনেতা বলেন, ‘শুধু আমি একা নই, এমন দুর্যোগে যাদের সামর্থ্য আছে তাদের সবারই বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি পাশে থাকার। আমার এই ক্ষুদ্র অনুদান দেওয়া দেখে যদি বাকিরাও অনুপ্রাণিত হয়ে তাদের পাশে এসে দাঁড়ান, সেটাও অনেক কাজে দেবে।’

করোনায় আক্রান্ত কুমার শানুর ছেলে

অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত কুমার শানুর ছেলে

জনপ্রিয় গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১২ জুলাই) হাসপাতালের বিছানা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজেই ভক্তদের এই খবর জানান। 

গম্ভীরভাবে নিজের অসুস্থতার কথা না বলে বরং মজার ছলে তিনি বলেন, ‘চীন থেকে আমার এক বন্ধু এসেছে।’ এরপর তিনি জানান, পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় কোনো ঝুঁকি না নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

শুধু কুমার শানুর ছেলে হিসেবেই নয়, জান কুমার শানুর নিজেরও গায়ক হিসেবে বেশ পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে ‘বিগ বস ১৪’ রিয়ালিটি শোতে অংশ নেওয়ার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় এবং নিয়মিত নিজের গান ও ব্যক্তিগত জীবনের নানা আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

জান কুমার শানুর এই পোস্ট সামনে আসার পর থেকেই তার ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য অনুরাগী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকেই লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন’, আবার কেউ লিখেছেন, ‘নিজের যত্ন নিন’। ভক্তদের এমন নানা ইতিবাচক ও ভালোবাসাময় শুভেচ্ছাবার্তায় ভরে গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল।

সূত্র : এই সময়

নিজের বায়োপিকে দীপিকাকে চান হেমা মালিনী

বিনোদন ডেস্ক
নিজের বায়োপিকে দীপিকাকে চান হেমা মালিনী
সংগৃহীত ছবি

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী বলেছেন, তার জীবন নিয়ে বায়োপিক নির্মাণ হলে তার চরিত্রে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন উপযুক্ত পছন্দ হতে পারেন।

চলচ্চিত্রে নিজের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হেমা মালিনী বলেন, ‘তিনি চাইলে অবশ্যই এই চরিত্রে অভিনয় করতে পারেন। যে কেউ করতে পারে। দীপিকা একজন সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী।’

হেমা মালিনী ও দীপিকা পাড়ুকোনের মধ্যে দীর্ঘদিনের একটি বিশেষ যোগসূত্র রয়েছে। ২০১৫ সালে রাম কমল মুখার্জির লেখা হেমা মালিনীর জীবনীগ্রন্থ ‘হেমা মালিনি : বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এর মোড়ক উন্মোচন করেছিলেন দীপিকা।

এ ছাড়া দীপিকার অভিষেক চলচ্চিত্র ওম শান্তি ওম-এ তিনি ‘শান্তিপ্রিয়া’ চরিত্রে অভিনয় করেন, যাকে ‘ড্রিমি গার্ল’ বলা হয়েছিল। অন্যদিকে, হেমা মালিনী দীর্ঘদিন ধরেই বলিউডে ‘ড্রিম গার্ল’ নামে পরিচিত। এই মিলকেও তাদের বিশেষ সংযোগের একটি দিক হিসেবে দেখা হয়।

চলচ্চিত্রে ৬০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেমা মালিনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ভালোবাসা এবং সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হেমা মালিনী ১৯৬৮ সালে স্বপ্নো কা সৌদাগর চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর শোলে, সীতা অউর গীতা, ড্রিম গার্ল, সত্তে পে সত্তা ও বাগবানসহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন।

মারা গেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত অভিনেতা স্যাম নিল

অনলাইন ডেস্ক
মারা গেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত অভিনেতা স্যাম নিল
সংগৃহীত ছবি

বিশ্বখ্যাত ‘জুরাসিক পার্ক’ সিনেমা ও জনপ্রিয় ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর প্রশংসিত অভিনেতা স্যাম নিল মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্যাম নিল তার জীবনের মতোই অত্যন্ত মর্যাদার সঙ্গে শেষ বিদায় নিয়েছেন। অভিনেতার এই চলে যাওয়াকে ‘আকস্মিক ও অপ্রত্যাশিত’ বলে বর্ণনা করেছে তার পরিবার। একই সঙ্গে তারা নিশ্চিত করেছে, মৃত্যুর আগে স্যাম নিল সম্পূর্ণ ক্যান্সারমুক্ত ছিলেন। জীবনের শেষ দিনগুলোতে পাশে থাকার জন্য সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে তার পরিবার এবং এই কঠিন সময়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে।

এর আগে ২০২৩ সালের মার্চ মাসে স্যাম নিল নিজেই প্রকাশ করেছিলেন যে তিনি ‘নন-হজকিন লিম্ফোমা’ নামের একটি মারাত্মক ও আগ্রাসী ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরপর দীর্ঘ চিকিৎসায় ‘কার-টি সেল’ থেরাপি নেওয়ার পর চলতি বছরের এপ্রিলে তিনি ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার সেভেন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন যে, তার শরীরের শেষ স্ক্যানে কোনো ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়নি এবং একে তিনি একটি ‘অসাধারণ ব্যাপার’ বলে উল্লেখ করেছিলেন। তবে ক্যান্সারমুক্ত হওয়ার কয়েক মাসের মাথায় সোমবার হঠাৎ করেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন নিউজিল্যান্ডের এই কিংবদন্তি অভিনেতা।

নতুন গান নিয়ে আসছে নিসর্গ ব্যান্ড | কালের কণ্ঠ