• ই-পেপার

যাত্রীদের চমকে দিয়ে বিমানে গান শোনালেন পলাশ

প্রায় ১০ বছর পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

অনলাইন ডেস্ক
প্রায় ১০ বছর পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’
সংগৃহীত ছবি

অ্যানিমেশনপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে জনপ্রিয় প্রাগৈতিহাসিক দল ম্যানি, সিড ও ডিয়েগো। ডিজনি আনুষ্ঠানিকভাবে এই আইকনিক অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ পর্বের ঘোষণা দিয়েছে। নতুন এই সিনেমার নাম রাখা হয়েছে ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’ । ডিজনির এই ঘোষণায় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিটির ভক্তদের মাঝে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।

সিনেমার গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ না করা হলেও প্রাথমিক আভাসে জানা গেছে, এবারের প্রেক্ষাপট চেনা বরফাবৃত পরিবেশের চেয়ে অনেকটাই আলাদা হবে। ম্যানি ও তার দল এবার এমন এক প্রাগৈতিহাসিক জগতে গিয়ে পড়বে যেখানে থাকবে ফুটন্ত লাভা, আগ্নেয়গিরির উত্তাপ এবং সম্পূর্ণ বদলে যাওয়া এক নতুন ভূখণ্ড। ডিজনি জানিয়েছে, ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’ আগামী ৫ ফেব্রুয়ারি, ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দীর্ঘদিনের ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, সিনেমার মূল চরিত্রের কণ্ঠশিল্পীরাই আবার ফিরছেন। রে রোমানো (ম্যানি), জন লেগুইজামো (সিড), ডেনিস লিয়ারি (ডিয়েগো), সাইমন পেগ (বাক) ও কুইন লাতিফা (এলি)—সবাইকে নিজ নিজ চরিত্রে আবার কণ্ঠ দিতে শোনা যাবে।

যোগাযোগমাধ্যমগুলোতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘আজ আমার জীবনের সেরা দিন।’ আরেকজন লিখেছেন, ‘এখনই আইস এজ ম্যারাথন (আগের সব পর্ব একসাথে দেখা) শুরু করতে হচ্ছে।’

‘টয় স্টোরি’, ‘শ্রেক’ এবং এখন ‘আইস এজ’-এর মতো কালজয়ী ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রত্যাবর্তনকে অ্যানিমেশনের স্বর্ণযুগের পুনরুজ্জীবন হিসেবে দেখছেন দর্শকেরা। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আইস এজ: কোলিশন কোর্স’-এর পর দীর্ঘ ১০ বছর এই ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমা আসেনি। পুরোনো ও নতুনের মেলবন্ধন ঘটিয়ে নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছানোর ডিজনির যে ধারাবাহিক চেষ্টা, এই সিনেমার ঘোষণা তারই একটি বড় অংশ।

সূত্র : গালফ নিউজ

প্রেমিকার ছেলের হাতে মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি খুন

অনলাইন ডেস্ক
প্রেমিকার ছেলের হাতে মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি খুন
সংগৃহীত ছবি

‘জুমানজি’ ও ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি (৮১) ছুরিকাঘাতে খুন হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়ির বাইরে তাকে আহত অবস্থায় উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের অভিযোগে জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, বুধবার (৩ জুন) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জেমস হ্যান্ডিকে ছুরিকাঘাত করার পর অভিযুক্ত মাইকেল গ্লেডহিল (৪৪) নিজেই জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে পুলিশকে বলেন, ‘আমি মানুষের ছেলে, আমি এইমাত্র পাপের মানুষকে হত্যা করেছি।’ এই ফোনের সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্লেডহিলকে গ্রেফতার করে। লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে মামলার শুনানির জন্য তার জামিন ২০ লক্ষ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নিউইয়র্কে জন্মগ্রহণকারী জেমস হ্যান্ডি চলচ্চিত্র ও টেলিভিশনে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে কাজ করেছেন। ১৯৯৫ সালের বিখ্যাত সিনেমা ‘জুমানজি’-তে কীটপতঙ্গ দমনকারী এবং অতি সম্প্রতি ২০২২ সালের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এ বারটেন্ডার জিমি চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে পরিচিত ছিলেন। এ ছাড়া ‘এনসিআইএস: লস অ্যাঞ্জেলেস’ ও ‘কোল্ড কেস’-এর মতো শীর্ষস্থানীয় ক্রাইম ড্রামা সিরিজেও তিনি কাজ করেছেন।

তার মৃত্যুর পর শোক প্রকাশ করে এলিস ট্যালেন্ট গ্রুপের পাম এলিস-ইভেনাস বলেন, ‘জেমস হ্যান্ডির চেয়ে বেশি প্রতিভাবান, বিনয়ী ও অমায়িক বন্ধু আমি আর কখনো পাব না।’

সূত্র : সিএনএন

অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক
অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নতুন করে প্রতারণার অভিযোগ উঠেছে। এবার তার বিরুদ্ধে ১ কোটি ৫ লাখ রুপি আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক কর্মকার দাবি করেছেন, সোহমের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এ বিনিয়োগের জন্য তিনি ১ কোটি ৫ লাখ রুপি দিয়েছিলেন। ওই অর্থ একটি চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।

জানা গেছে, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ নামে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল সোহমের। সেই প্রজেক্টের জন্যই অর্থ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সিনেমাটি নির্মিত হয়নি এবং সোহমও এতে অভিনয় করেননি বলে অভিযোগ করা হয়েছে।

কৌশিকের আরো দাবি, বিনিয়োগ করা অর্থ ফেরত চাইলে সোহম নিজেকে বিধায়ক পরিচয় দিয়ে তাকে হুমকি দেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ২০২২ সালে আড়িয়াদহের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কৌশিক কর্মকার এই অর্থ বিনিয়োগ করেন। 

তার অভিযোগ, চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন হয়নি এবং বিনিয়োগের অর্থও ফেরত দেওয়া হয়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সংশ্লিষ্ট চুক্তিপত্রে সোহমের প্রতিষ্ঠানের কিছু ভুয়া নথি ব্যবহারের অভিযোগও রয়েছে। যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেটি কলকাতার চারু মার্কেট থানা এলাকার একটি ঠিকানায় নিবন্ধিত।

গত ১৯ মে কৌশিক কর্মকারের অভিযোগের ভিত্তিতে চারু মার্কেট থানায় প্রতারণা, জালিয়াতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। প্রয়োজনে সোহম চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য সমনও পাঠানো হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সোহম চক্রবর্তী। পরে আসন পরিবর্তন করে করিমপুর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নিলেও জয় পাননি তিনি।

টেলিভিশনে আজ ‘ইত্যাদি’র নতুন পর্ব

বিনোদন প্রতিবেদক
টেলিভিশনে আজ ‘ইত্যাদি’র নতুন পর্ব
সংগৃহীত ছবি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’নতুন পর্ব এবার নির্মিত হয়েছে নরসিংদীতে। আজ শুক্রবার (৫ জুন) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বহুল জনপ্রিয় এই অনুষ্ঠান।

দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে স্টুডিওর বাইরে গিয়ে অনুষ্ঠান নির্মাণ করে আসছে ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদীকে।

রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মাণ করা হয় এবারের আকর্ষণীয় মঞ্চ। অনুষ্ঠান ধারণের দিন দর্শকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল দর্শকে পূর্ণ হয়ে যায়। জায়গার অভাবে অনেক দর্শক আশপাশের ভবনের ছাদ, দেয়াল এবং গাছের ডালেও অবস্থান নেন।

এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর মধ্যে একটি পরিবেশন করেছেন নরসিংদীর কৃতিসন্তান ইমন চৌধুরী ও তার ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’। ফোক-ফিউশন ঘরানার এই গানের কথা লিখেছেন জুয়েল আহমেদ ও কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।

অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে একটি বর্ণাঢ্য নৃত্যগীতও পরিবেশিত হবে। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ। সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।

দর্শকপর্বে নরসিংদীকে নিয়ে কুইজের আয়োজন করা হয়েছে। সেখান থেকে নির্বাচিত চারজন দর্শক জেলার ঐতিহ্যবাহী পণ্য নিয়ে নির্মিত একটি নাট্যাংশে অংশ নিয়েছেন।

এ ছাড়া থাকছে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী-বটেশ্বর নিয়ে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। তুলে ধরা হবে জেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকান এবং কলম্বো লেবুর নানা দিক।

অনুষ্ঠানে আরো থাকছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনসংগ্রাম ও সমাজের নানা অসঙ্গতি নিয়ে প্রতিবেদন ও নাট্যাংশ। পাশাপাশি প্রচারিত হবে বিদেশি প্রতিবেদন, চিঠিপত্র পর্ব এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক উপস্থাপনা।

বরাবরের মতো এবারের পর্বও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

যাত্রীদের চমকে দিয়ে বিমানে গান শোনালেন পলাশ | কালের কণ্ঠ