স্ত্রী মঞ্জিরির জন্য প্রতিদিন ছোট ছোট কাজ করতে ভালোবাসেন অভিনেতা রাজীব খাণ্ডেলওয়াল। ভালোবাসা থেকেই এসব করেন বলে জানিয়েছেন তিনি। এমনকি মজা করে নিজেকে স্ত্রীর ‘গোলাম’ বলতেও আপত্তি নেই তার।
মঙ্গলবার (২১ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেন রাজীব। অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি স্ত্রীকে ভয় পান?
হেসে রাজীব বলেন, ‘ভয় নয়, এটি ভালোবাসার অনুভূতি।’ তিনি বলেন, ‘আমি ভয় পেয়ে থাকি না। আমি তাকে ভালোবাসি। আর যাকে ভালোবাসি, তাকে নিয়ে এক ধরনের মিষ্টি ভয়ও থাকে।’
এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, স্ত্রীর জন্য তিনি কী কী করেন।
জবাবে রাজীব বলেন, তার দিন শুরু হয় মঞ্জিরির জন্য এক কাপ চা বানিয়ে। তিনি বাড়িতে থাকলে সকালের নাশতাও তৈরি করে দেন। দুপুরে কী খাওয়া হবে, সেটি ঠিক করেন মঞ্জিরি। বিকেলে আবার তার জন্য চা বানান রাজীব। কারণ, তার হাতের চা মঞ্জিরির খুব পছন্দ।
তিনি আরো বলেন, সন্ধ্যার দিকে মঞ্জিরি নাশতা খেতে চাইলে সেটিও এনে দেন। মজা করে রাজীব বলেন, ‘একবার কোনো অভ্যাস তৈরি হয়ে গেলে সেটি পরে প্রত্যাশায় পরিণত হয়। কোনো দিন ভুলে গেলে মঞ্জিরি তাকে মনে করিয়ে দেন।’
রাজীবের ভাষায়, ‘যত বেশি যত্ন করবেন, ততই সেটা অভ্যাস হয়ে যাবে। তবে এতে আমার কোনো সমস্যা নেই।’
তিনি বলেন, “আমরা আসলে কারো গোলাম নই। কিন্তু ভালোবাসার জন্য করা এই ‘গোলামি’তে আলাদা আনন্দ, শান্তি আর সুখ আছে। জীবনে যদি একজন মানুষের জন্য এমন কিছু করতে হয়, তাহলে সেই মানুষটি আমার কাছে মঞ্জিরি।”
উল্লেখ্য, রাজীব খাণ্ডেলওয়াল ও মঞ্জিরি ২০১১ সালে বিয়ে করেন। দাম্পত্য জীবনের ১৫ বছর পরও তাদের সম্পর্কের এই আন্তরিক দিক ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।








