• ই-পেপার

আ খ ম হাসানের সঙ্গে মানসী প্রকৃতি

রণবীরের ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহার, ডন ৩ বিতর্কে সমঝোতার আহ্বান

অনলাইন ডেস্ক
রণবীরের ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহার, ডন ৩ বিতর্কে সমঝোতার আহ্বান

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে জারি করা ‘অসহযোগিতা নির্দেশনা’ প্রত্যাহার করেছে ভারতের চলচ্চিত্রকর্মীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। অভিনেতা ফারহান আখতারের বহুল আলোচিত চলচ্চিত্র ডন ৩ থেকে সরে দাঁড়ানোর জেরে গত সপ্তাহে সংগঠনটি রণবীরের বিরুদ্ধে ওই নির্দেশনা জারি করেছিল।

বুধবার মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফডব্লিউআইসিইর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ) এবং সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিনটিএএ)-এর অনুরোধে বৃহত্তর চলচ্চিত্র শিল্পের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন
বিশ্বকাপ জিততে ব্রাজিল-আর্জেন্টিনার বাধা টপকাতে হতে পারে ইংল্যান্ডকে

বিশ্বকাপ জিততে ব্রাজিল-আর্জেন্টিনার বাধা টপকাতে হতে পারে ইংল্যান্ডকে

 

তিনি বলেন, চলচ্চিত্র শিল্পের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে রণবীর সিংয়ের বিরুদ্ধে জারি করা অসহযোগিতা নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে।

অশোক পণ্ডিত আরো জানান, রণবীর সিং, প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট এবং সংশ্লিষ্ট চলচ্চিত্র সংগঠনগুলোকে আলোচনায় বসে বিরোধ মিটিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া জানিয়েছে, শেষ মুহূর্তে ডন ৩ থেকে রণবীরের সরে দাঁড়ানোয় প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট ক্ষতির মুখে পড়েছে। তবে একই সঙ্গে তারা উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দিয়েছে।

আরো পড়ুন
মাত্র ১৩ দিনে যেভাবে শেষ মমতার ‘ফুলবাগান’

মাত্র ১৩ দিনে যেভাবে শেষ মমতার ‘ফুলবাগান’

 

এফডব্লিউআইসিই জানিয়েছে, রণবীর সিং এবং প্রবীণ প্রযোজক টি.পি. আগারওয়ালের পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশ তারা পেয়েছে। সংগঠনের আইনজীবীরা এ বিষয়ে যথাযথ জবাব দেবেন।

সংগঠনের সভাপতি বি.এন. তিওয়ারি বলেন, আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করিনি। সাত দশকের পুরোনো সংগঠন হিসেবে আমরা অসংখ্য আইনি নোটিশ পেয়েছি। আমরা চাই বিষয়টির দ্রুত এবং সৌহার্দ্যপূর্ণ সমাধান হোক।

অন্যদিকে সিনটিএএর সাধারণ সম্পাদক ও অভিনেত্রী উপাসনা সিং বলেন, শিল্পীদের স্বার্থ রক্ষার দায়িত্ব তাদের। তিনি বলেন, চলচ্চিত্র জগত একটি পরিবারের মতো। মতবিরোধ থাকতেই পারে, কিন্তু প্রতিটি বিষয় আদালত পর্যন্ত গড়ানো উচিত নয়।

আরো পড়ুন
বাসায় পৌঁছানোর পর যা বললেন সেলিনা হায়াৎ আইভী

বাসায় পৌঁছানোর পর যা বললেন সেলিনা হায়াৎ আইভী

 

ডন ৩ থেকে কেন সরে দাঁড়ালেন রণবীর?
২০২৩ সালের আগস্টে পরিচালক ফারহান আখতার ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ডন ৩ ঘোষণা করেন। আগের দুই পর্বে শাহরুখ খান অভিনয় করলেও নতুন কিস্তিতে ‘ডন’ চরিত্রে রণবীর সিংকে নেওয়া হয়। এ নিয়ে একটি প্রোমোও প্রকাশ করা হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রণবীর ও এক্সেল এন্টারটেইনমেন্টের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। সূত্রগুলোর দাবি, পারস্পরিক আস্থার ভিত্তিতেই প্রকল্পটি এগোচ্ছিল।

চলচ্চিত্রটির চিত্রনাট্য সংশোধন ও প্রি-প্রোডাকশনের কাজ কয়েক বছর ধরে চলার পর ২০২৬ সালের জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা করা হয়। এ সময় রণবীর ধুরন্ধর ছবির কাজে ব্যস্ত ছিলেন, আর ফারহান আখতার নিজের সংগীত সফর ও অন্যান্য চলচ্চিত্র প্রকল্প নিয়ে কাজ করছিলেন।

সূত্রের দাবি, ধুরন্ধর মুক্তির পর রণবীর ডন ৩-এর জন্য অ্যাকশন প্রশিক্ষণ ও কস্টিউম ট্রায়ালেও অংশ নেন। এমনকি ফারহান আখতারের সঙ্গে একাধিক স্ক্রিপ্ট রিডিং সেশনেও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখ যাত্রীর যাতায়াত

ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখ যাত্রীর যাতায়াত

 

কিন্তু একটি লুক টেস্ট বাতিল হওয়ার পর হঠাৎ করেই ফোনে ফারহানকে নিজের সিদ্ধান্ত জানান রণবীর। তিনি ডন ৩ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন। এ সময় ছবির প্রথম শুটিং সূচির জন্য বিদেশে প্রায় ২০০ কর্মীর যাত্রার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের মতে, বাজেট কমে যাওয়া, পারিশ্রমিক সংক্রান্ত বিষয়, চূড়ান্ত চিত্রনাট্য নিয়ে অসন্তোষ এবং দীর্ঘদিন ধরে প্রকল্পটি এগিয়ে না যাওয়ার মতো কারণগুলো রণবীরের এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে।

আরো পড়ুন
যত রেকর্ড ডাকছে মেসিকে

যত রেকর্ড ডাকছে মেসিকে

 

প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে ৩০০ কোটিরও বেশি বাজেটের পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে প্রায় ১৫০ কোটিতে নামিয়ে আনা হয়। এছাড়া রণবীরকে চুক্তি স্বাক্ষরের অগ্রিম অর্থও দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

তবে এ বিষয়ে রণবীর সিং বা এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

গুরুতর অসুস্থ ‘দুই দিনের দুনিয়া’ অভিনেতা, খোঁজ নিচ্ছে না কেউ!

বিনোদন প্রতিবেদক
গুরুতর অসুস্থ ‘দুই দিনের দুনিয়া’ অভিনেতা, খোঁজ নিচ্ছে না কেউ!
সংগৃহীত ছবি

বাংলাদেশের ছোট পর্দার পরিচিত অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেও কষ্ট হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন অভিনয়শিল্পী এম কে এইচ পামির। ঈদ উপলক্ষে নিজ জেলা পাবনায় গিয়ে অসুস্থ শেলীর সঙ্গে দেখা করেন তিনি। পরে ফেসবুকে একটি পোস্টে অভিনেতার অসুস্থতার বিষয়টি সবার সামনে তুলে ধরেন।

পামির লিখেছেন, ‘শেলী ভাই এতটাই অসুস্থ যে উঠে দাঁড়ালে পুরো শরীর কাঁপে। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তার সুস্থ হতে অনেক সময় লাগবে।’

অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে তিনি আরো লেখেন, ‘আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থ করে দেন শেলী ভাইকে।’

এমকেএইচ পামির ও আব্দুল হান্নান শেলী

একই পোস্টে শেলীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতাও ভাগ করে নেন পামির। তিনি লেখেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম, ঈদে বাড়িতে যাব এবং শেলী ভাইকে দেখতে যাব, ইনশাআল্লাহ। শেলী ভাইয়ের বাড়িতে আমাকে দেখার পর তিনি যে কী খুশি হয়েছেন, তা আপনাদের বলে বোঝাতে পারব না। আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি অসুস্থ হওয়ার পর এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসেনি; আপনি আসছেন পামির ভাই, আমার যে কী ভালো লাগছে বলেই কেঁদে ফেললেন।’

শেলীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।

অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তিনি অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কীত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘দুই দিনের দুনিয়া’ তেও অভিনয় করেছেন তিনি।

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান
সংগৃহীত ছবি

সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও এবার শোনা যাচ্ছে, প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই তারকা।

ইন্ডিয়া টুডেসহ ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আমির ও গৌরী। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।

খবরে বলা হয়েছে, ৬১ বছর বয়সী আমির ও ৪৭ বছর বয়সী গৌরী তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়েটি হবে নিবন্ধনের মাধ্যমে এবং অনুষ্ঠানটি আয়োজন করা হবে আমির খানের নিজ বাসভবনে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। 

সূত্রটি জানিয়েছে, ‘তারা দুজনই জীবনের একটি স্থিতিশীল অবস্থানে রয়েছেন। নিজেদের সম্পর্ককে উদ্‌যাপন করতেই এই সিদ্ধান্ত। অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগত হবে, যেখানে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।’

এখনো অতিথি তালিকা প্রকাশ করা হয়নি। তবে বলিউড মহলে জোর আলোচনা, আমিরের দীর্ঘদিনের বন্ধু সালমান খান এবং শাহরুখ খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন, যদি তাদের সময়সূচি অনুকূলে থাকে।

২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। এরপর বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজের জীবনে গৌরীর গুরুত্ব নিয়ে কথা বলেছেন।

এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ‘আমি খুব ভাগ্যবান যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং আমরা সম্পর্কে আছি। ও খুব ভালো মানুষ। ওর সঙ্গে থাকলে আমি শান্তি পাই। যদিও কিরণ আর রিনার সঙ্গেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু সেটা টেকেনি। এখন মনে হয়, আমার জীবনে গৌরীর আসাটা আশীর্বাদের মতো। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয় এত দিনে আমি পরিপূর্ণ হয়েছি।’

বলা দরকার, গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে, যার নাম কুইন। তার পারিবারিক ইতিহাসও বেশ আলোচিত। গৌরীর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত এক কমিউনিস্ট নেতা, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। দীর্ঘ বৈবাহিক জীবনের পর ২০০০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর সংসার করার পর ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।

তবে বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। পারিবারিক নানা অনুষ্ঠানে এখনো তাদের একসঙ্গে দেখা যায়।

গুগল ম্যাপ নিয়ে ঠাট্টা করায় ৪৭ দিন জেলে থাকতে হয়েছে কমেডিয়ানকে

বিনোদন ডেস্ক
গুগল ম্যাপ নিয়ে ঠাট্টা করায় ৪৭ দিন জেলে থাকতে হয়েছে কমেডিয়ানকে
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রসাত্মক ভিডিও প্রকাশের জেরে দুবাইয়ে ৪৭ দিন আটক থাকতে হয়েছে ভারতীয় স্ট্যান্ডআপ কমেডিয়ান যশ ভরদ্বাজকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, ঘটনাটি তার এবং পরিবারের জীবনে বড় ধরনের মানসিক, শারীরিক ও আর্থিক চাপ তৈরি করেছিল।

যশের দাবি, ২০২৬ সালের মার্চে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সময় তিনি দুবাইয়ে গুগল ম্যাপের কার্যকারিতা নিয়ে একটি হাস্যরসাত্মক রিল তৈরি করেছিলেন। 

তার ভাষ্য অনুযায়ী, ভিডিওটি ছিল সম্পূর্ণ নিরীহ এবং কৌতুকনির্ভর। তবে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টিকে ভিন্নভাবে দেখেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে ঘটনার বর্ণনায় তিনি জানান, গত ১৯ মার্চ দুবাইয়ে একটি শো চলাকালে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করে এবং অবিলম্বে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়। পরে তাকে জানানো হয়, সংশ্লিষ্ট ভিডিওটিকে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে।

এরপরই যশকে আটক করা হয় এবং প্রায় ৪৭ দিন একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়। দীর্ঘ এই সময় তিনি পুলিশি হেফাজতেই ছিলেন বলে জানিয়েছেন।

অবশেষে গত ৫ মে তাকে ভারত ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন এবং নতুন করে নিজের পেশাগত জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এই অভিজ্ঞতার প্রভাব সম্পর্কে যশ বলেন, বন্দিদশার সময় তার পরিবারকে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। মানসিক চাপের পাশাপাশি আর্থিক ক্ষতিরও মুখোমুখি হতে হয়েছে তাদের।

তবে কঠিন সেই সময় পেছনে ফেলে আবারও মঞ্চে ফিরতে শুরু করেছেন এই কমেডিয়ান। তিনি জানিয়েছেন, মুম্বাইয়ে ফিরে দর্শক ও সহকর্মীদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন। প্রত্যাশার চেয়েও দ্রুত তিনি আবার স্ট্যান্ডআপ কমেডিতে সক্রিয় হতে পেরেছেন।

নতুন শুরুর অংশ হিসেবে শিগগিরই বেঙ্গালুরুতে যাচ্ছেন যশ। শহরটির সঙ্গে তার আবেগঘন স্মৃতি জড়িয়ে রয়েছে। কারণ প্রায় ১৬ বছর আগে বেঙ্গালুরুতেই মঞ্চ এবং স্ট্যান্ডআপ কমেডির প্রতি তার ভালোবাসার শুরু হয়েছিল।

আ খ ম হাসানের সঙ্গে মানসী প্রকৃতি | কালের কণ্ঠ