• ই-পেপার

\'বর্ডার\' ছবিতে নায়ক চরিত্রে ফারুক সুমন

সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও অ্যাকশন দৃশ্যে দীপিকা

বিনোদন ডেস্ক
সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও অ্যাকশন দৃশ্যে দীপিকা
সংগৃহীত ছবি

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে মাতৃত্বের এই সময়েও থেমে নেই তাঁর কাজ। অন্তঃসত্ত্বা অবস্থাতেই নতুন সিনেমা ‘রাকা’-র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এমনকি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও অ্যাকশন দৃশ্যের শুটিং এবং রাতের শিফটে কাজ করছেন এই অভিনেত্রী।

ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে নিজের অংশের শুটিং শেষ করতে নিয়মিত কাজ করে যাচ্ছেন দীপিকা। নির্ধারিত সময়ের মধ্যেই শুটিং সম্পন্ন করার লক্ষ্যেই তাঁর এই ব্যস্ততা।

শুটিং ইউনিটের এক সদস্যের ভাষ্য, ‘দীপিকাকে এমন পারফর্ম করতে দেখা সেটে থাকা সবার জন্য অনুপ্রেরণাদায়ক। মনে রাখতে হবে, বাড়িতে তাঁর দেড় বছরের একটি মেয়েও রয়েছে, যার প্রতিও সে পুরো মনোযোগ দেয়।’

প্রথম সন্তান দুয়ার জন্মের পর প্রতিদিন সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার শর্ত নিয়ে আলোচনায় আসেন দীপিকা। সেই সিদ্ধান্ত ঘিরে বলিউডে ব্যাপক বিতর্কও তৈরি হয়েছিল। 

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২’ থেকে তাঁকে বাদ দেওয়া হয়। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে ‘রাকা’ পরিচালনা করছেন ‘জওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলি কুমার। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। ছবিতে আরও অভিনয় করছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

‘রাকা’র পাশাপাশি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ছবিটি চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ব্যক্তিজীবনে ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে কঙ্কনি ও সিন্ধি—দুই ধর্মীয় রীতিতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম হয়। 

চলতি বছরের এপ্রিল মাসে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানান এই তারকা দম্পতি। বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন দীপিকা। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই তাঁদের পরিবারে আসতে পারে নতুন অতিথি।

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান

বিনোদন ডেস্ক
৭৩ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
সংগৃহীত ছবি

সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর মিস ওয়ার্ল্ড-এর ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিয়েছে পাকিস্তান। ৭৩ বছরের এই প্রতিযোগিতায় দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ।

সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান-২০২৬’-এর মুকুট জয়ের মাধ্যমে এই গৌরব অর্জন করেন আনিকা। আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের ৭৫তম বার্ষিকী আসরে পাকিস্তানের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে পাকিস্তানের।

শুধু সৌন্দর্য নয়, শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও আলোচনায় রয়েছেন আনিকা। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানিয়েছেন, তিনি একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চান। পাশাপাশি শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করারও ইচ্ছা রয়েছে তাঁর।

আনিকার ভাষ্য, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি ভূমিকা রাখতে চান।

হৃদয়ের সিনেমায় নুসরাত ফারিয়া, শুটিং আগস্টে

ইমরুল নূর
হৃদয়ের সিনেমায় নুসরাত ফারিয়া, শুটিং আগস্টে
সংগৃহীত ছবি

‘বরবাদ’ ও ‘রাক্ষস’ নির্মাণের মাধ্যমে ঢালিউডে আলোচনার কেন্দ্রে উঠে আসা তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার পা রাখছেন ওটিটি দুনিয়ায়। প্রথমবারের মতো তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্ম। আর এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

প্রেক্ষাগৃহে সফল দুটি সিনেমার পর হৃদয়ের নতুন প্রথম ওয়েব ফিল্মের সম্ভাব্য নাম ‘লাপাত্তা’। তবে নামটি পরিবর্তিত হতে পারে। কালের কণ্ঠকে খবরটি নিশ্চিত করেছেন মেহেদী হাসান হৃদয় নিজেই।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত। এগুলো মোটামুটি বেশ কিছুদিন আগেই চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু শুটিং শুরুর পালা। আগামী মাস থেকেই শুটিংয়ে নামব।ফিল্মটি হবে থ্রিলার ঘরানার, সঙ্গে কমেডিও থাকবে। চেষ্টা থাকবে একদম নতুন এবং অন্যরকম কিছু করার।’

জানা গেছে, আগস্টের মাঝামাঝিতে শুরু হবে কমেডি-থ্রিলার ঘরানার ‘লাপাত্তা’র শুটিং। ওয়েব ফিল্মটিতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করবেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়সহ আরো কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী। বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে ফিল্মটি। 

গত বছর শাকিব খানকে নিয়ে নির্মিত ‘বরবাদ’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেন হৃদয়। সিনেমাটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়ে ব্যাপক আলোচনায় আসে। এরপর চলতি বছরের ঈদে সিয়াম আহমেদকে নিয়ে তিনি নির্মাণ করেন ‘রাক্ষস’।

সম্প্রতি শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন সিনেমার ঘোষণাও এসেছে। ‘লাপাত্তা’র কাজ শেষ করার পরই নতুন সিনেমাটির অভিনয়শিল্পী ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করবেন নির্মাতা। আগামী নভেম্বরের শেষ দিকে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার শুটিং শুরু হবে বলেও জানান তিনি।

এর আগে আগামী অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে মেহেদী হাসান হৃদয়ের আরেক সিনেমা ‘বিদায়’।

হঠাৎ কেন কলকাতায় কাজল?

বিনোদন ডেস্ক
হঠাৎ কেন কলকাতায় কাজল?
সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী কাজলের হঠাৎ কলকাতা সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা। রথযাত্রার দিনে কলকাতায় পৌঁছে শুক্রবার সকালে দক্ষিণেশ্বর কালীমন্দিরে পূজা দিয়েছেন তিনি। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, শুধুই ব্যক্তিগত সফর, নাকি নতুন কোনো সিনেমা বা প্রকল্পের ঘোষণা আসছে শিগগিরই?

শুক্রবার সকালে লাল রঙের কো-অর্ড সেট, চোখে সানগ্লাস এবং হাতে পূজার ডালা নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে দেখা যায় কাজলকে। প্রিয় অভিনেত্রীকে একনজর দেখতে ও সেলফি তুলতে মন্দির প্রাঙ্গণে ভিড় করেন ভক্তরা। তবে এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। পূজা শেষে দ্রুত গাড়িতে উঠে মন্দির ত্যাগ করেন।

কাজলের এই সফরের উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ফলে তাঁর কলকাতা সফর নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

তবে দক্ষিণেশ্বর মন্দিরে কাজলের উপস্থিতি নতুন নয়। এর আগেও ২০২৫ সালে মা তনুজা ও ছেলে যুগকে সঙ্গে নিয়ে এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন তিনি। এবারও সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন বলে মনে করছেন অনেকেই।

এর আগে বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা দেন কাজল। ধূসর রঙের জাম্পসুট পরা অভিনেত্রীকে হাসিমুখে ছবির জন্য পোজ দিতে দেখা যায়। 

এ সময় উপস্থিত সাংবাদিক ও আলোকচিত্রীদের কেউ কেউ জানতে চান, ‘ম্যাডাম, হঠাৎ কোন কাজে কলকাতায় এলেন?’ তবে প্রশ্নের কোনো উত্তর দেননি অভিনেত্রী।

কাজলের নীরবতায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। এখন ভক্তদের অপেক্ষা, এই সফরের প্রকৃত কারণ কী, তা জানার।

\'বর্ডার\' ছবিতে নায়ক চরিত্রে ফারুক সুমন | কালের কণ্ঠ