রাজধানী ঢাকায় ভোর থেকেই ভারি বৃষ্টি হচ্ছে। এতে করে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দিনের শুরুতেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। তীব্র যানজট ও গণপরিবহন সংকটের কারণে সময়মতো অফিসে পৌঁছাতে পারেননি তারা।
ভারি বৃষ্টির কারণে মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, পুরান ঢাকা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যানচলাচল ব্যাহত হচ্ছে। অনেক অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে আবার খোড়াখুড়ির কারণে রাস্তার একপাশ কাটা থাকায় কোথাও কোথাও চলাচল ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
সাইফ নামে এক চাকরিজীবী বলেন, প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় তলিয়ে গেছে। রিকশা ও যানবাহনের সংখ্যাও কম। দুএকটা বাস পেলেও হাঁটুপানি মাড়িয়ে উঠতে হচ্ছে। আবার অনেকে হেঁটে ভোগান্তি নিয়ে গন্তব্যে ছুটছেন।
আরেক যাত্রী বলেন, বৃষ্টি মানেই অফিসগামী যাত্রীদের ভোগান্তি। রিকশা, সিএনজি, বাস কিছুই পাওয়া যায় না। পাওয়া গেলে তিনগুণের বেশি টাকা খরচ করতে হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।









