চারদিন পর রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বেশির ভাগ ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। ভবনগুলোর অভ্যন্তরীণ বিদ্যুৎ সংযোগে কারিগরি ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল।
জানা গেছে, বিদ্যুৎ না থাকায় এসব ভবনে পানি সরবরাহও ব্যাহত হচ্ছে। এতে রান্না, গোসল ও অন্যান্য দৈনন্দিন কাজকর্মে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
আবাসিক এলাকার এক বাসিন্দা বলেন, চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করেও এমন ভোগান্তি মেনে নেওয়া কঠিন।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানায়, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার গভীর রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ডিপিডিসির উদ্যোগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপকেন্দ্র সচল করা সম্ভব হয়। তবে সাতটি ভবনের অভ্যন্তরীণ সংযোগে পৃথক ত্রুটি থাকায় সেখানে এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।




