রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার একটি ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মারিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামের মো. মহসিনের মেয়ে। তিনি লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, প্রায় ৮ আট মাস আগে কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা সাইফুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। সাইফুল ফুডপান্ডায় চাকরি করেন। বিয়ের পর দক্ষিণ গোড়ান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন তারা।
মারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
নিহতের ভাই চান মিয়া জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বোনের মোবাইল ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করতে পারেননি। পরে সানজিদার স্বামী সাইফুল ইসলামকে ফোন করলে তিনি বলেন, বাসায় গিয়ে দেখে আসতে। এরপর দক্ষিণ গোড়ানের ভাড়া বাসায় গিয়ে সানজিদাকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। সে সময় বাসায় সাইফুল ছিলেন না। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, সানজিদার গলায় কালো দাগ রয়েছে। এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।




