• ই-পেপার

চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জ্ঞানচর্চার নতুন প্ল্যাটফর্ম আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট

অনলাইন ডেস্ক
জ্ঞানচর্চার নতুন প্ল্যাটফর্ম আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট

জ্ঞানচর্চা, গবেষণা এবং গঠনমূলক বুদ্ধিবৃত্তিক সংলাপকে বৈশ্বিক পরিসরে আরো শক্তিশালী করার লক্ষ্যে আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আল-উম্মাহ ফাউন্ডেশনের এই নতুন উদ্যোগের উদ্বোধন করা হয়।

গবেষণাধর্মী প্রবন্ধ, বিশ্লেষণধর্মী লেখা এবং মতামতভিত্তিক নিবন্ধের মাধ্যমে আল-উম্মাহ জ্ঞানচর্চা, বুদ্ধিবৃত্তিক সহযোগিতা এবং দায়িত্বশীল চিন্তাধারাকে এগিয়ে নিতে কাজ করবে। জার্নাল ও ওয়েবসাইটটি বর্তমানে বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি—এই চারটি ভাষায় প্রকাশিত হচ্ছে। পাশাপাশি ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত সংযোগ ও সহযোগিতা গড়ে তুলতেও এই উদ্যোগ কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বখ্যাত তুর্কি লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই। সভাপতিত্ব করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ভুল তথ্য ও বিভাজন সমাজে দ্রুত ছড়াচ্ছে। এ অবস্থায় জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীল চিন্তার ভিত্তিতে গড়ে ওঠা যেকোনো বিশ্বাসযোগ্য উদ্যোগের গুরুত্ব অনেক বেশি।

জ্ঞানভিত্তিক আলোচনা এবং গবেষণাকর্ম তুলে ধরার ক্ষেত্রে আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইটকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, গঠনমূলক সংলাপ এবং ভিন্নমতের সমন্বয়ের মাধ্যমেই স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব।

অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, মুসলিম বিশ্বের রয়েছে সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার ঐতিহ্য। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এর কার্যকর সংযোগ স্থাপন এখন অনেক বেশি চ্যালেঞ্জিং। জ্ঞানচর্চা, গবেষণা ও অর্থবহ সংলাপের মাধ্যমে আল-উম্মাহ বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষক, শিক্ষাবিদ ও তরুণ বুদ্ধিজীবীদের একত্রিত করে ইতিবাচক পরিবর্তনে অনুপ্রাণিত করতে পারে। সচেতন, ঐক্যবদ্ধ ও বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ মুসলিম সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ-তুরস্কের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটি বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করেছে।

আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল-উম্মাহ জার্নালের সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘আমাদের বিশ্বাস, স্থায়ী ও ইতিবাচক পরিবর্তনের সূচনা হয় জ্ঞান, গঠনমূলক সংলাপ এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে। আল-উম্মাহ এমন একটি প্ল্যাটফর্ম; যা গবেষণা, অর্থবহ আলোচনা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক কণ্ঠকে আরো শক্তিশালী করতে কাজ করবে। আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের চিন্তক, লেখক ও গবেষকদের অনুপ্রাণিত করা—যাতে তারা প্রজ্ঞা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে পারেন।’

অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মুসলিম উম্মাহকে শক্তিশালী করতে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যম, শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

নতুন এই জার্নাল ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আল-উম্মাহ ফাউন্ডেশন গবেষণা ও জ্ঞানভিত্তিক আলোচনা সম্প্রসারণের পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক ও বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করবে।

ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে কোল্যাবের বার্ষিক মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠাতে কোল্যাবের বার্ষিক মিলনমেলা

বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর মাধ্যমে অধিকসংখ্যক কর্মী পাঠাতে করণীয় নিয়ে আলোচনা করতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (কোল্যাব) উদ্যোগে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) রাজধানীর ধানমণ্ডির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোল্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান।

এ সময় ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কোরিয়ান ভাষা শিক্ষার গুরুত্ব, দক্ষ জনশক্তি তৈরি, বৈধ অভিবাসন এবং প্রবাসীদের কল্যাণে করণীয় বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দক্ষ জনশক্তি বিনিময় আরো জোরদার করবে এবং ইপিএস-এর মাধ্যমে অধিকসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বোয়েসেলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মল্লিক আনোয়ার হোসেন, ইপিএস সেন্টার ইন বাংলাদেশের সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ মোতালিব, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রানা এবং কোল্যাবের উপদেষ্টা ইসলাম হোসেন ও মোরশেদ আলম প্রিন্স।

স্টার অ্যাওয়ার্ড পেলেন তরুণ সংগঠকরা

নিজস্ব প্রতিবেদক
স্টার অ্যাওয়ার্ড পেলেন তরুণ সংগঠকরা

সমাজসেবা, মানবকল্যাণ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং তরুণ নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত তরুণ সংগঠকদের স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত কেন্দ্রীয় কচিকাঁচার অডিটরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখা তরুণ সংগঠকদের হাতে স্টার অ্যাওয়ার্ড তুলে দেন।

এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ শিক্ষাবিদ, সাংবাদিক এবং তরুণ নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রশিদুল হাসান বলেন, দেশের উন্নয়ন ও মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের উদ্ভাবনী চিন্তা, নেতৃত্বগুণ এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি তরুণদের মানবকল্যাণে আরো নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যেসব তরুণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের স্বীকৃতি দিতেই এই স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এমন সম্মাননা তরুণদের আরো উৎসাহিত করবে এবং সমাজ পরিবর্তনের আন্দোলনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।

অ্যাওয়ার্ড গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে পুরস্কারপ্রাপ্ত তরুণ সংগঠক মো. শাফায়াত হোসেন বলেন, স্টার অ্যাওয়ার্ড আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি আমার সংগঠন, সহযোদ্ধা এবং সমাজের মানুষের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। সমাজের কল্যাণে কাজ করতে গিয়ে যারা প্রতিনিয়ত সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের প্রতি আমি এই সম্মাননা উৎসর্গ করছি। এ ধরনের স্বীকৃতি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতে মানবকল্যাণে আরো নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায়। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্ব, সৃজনশীলতা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমই একটি মানবিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ আলী বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করা তরুণদের সম্মানিত করার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে তরুণদের অংশগ্রহণ আরো শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

জ্বালানি খাতকে আরো স্বচ্ছ-টেকসই করে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক
জ্বালানি খাতকে আরো স্বচ্ছ-টেকসই করে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের

জ্বালানি খাতকে আরো স্বচ্ছ, টেকসই, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ জন্য নবায়নযোগ্য জ্বালানির প্রসার, নীতিগত সংস্কার, গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

শনিবার (৪ জুলাই) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘এনার্জি টক-৪ : ট্রানজিশন রিয়েলিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন তারা। ড্রিম রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিআরডিএফ) সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের বর্তমান বাস্তবতা, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, আন্তর্জাতিক বাণিজ্য ও নীতিগত পরিবর্তনের প্রভাব এবং জ্বালানি রূপান্তরে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ‘বাংলাদেশে জ্বালানি রূপান্তরের যৌক্তিকতা’ বিষয়ে বক্তব্য দেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম। তিনি বলেন, জ্বালানি সংকটের মূল কারণ শুধু জ্বালানির ঘাটতি নয়, বরং আমদানিনির্ভরতার ক্রমবর্ধমান ঝুঁকি। এই বাস্তবতায় টেকসই জ্বালানি রূপান্তরের সবচেয়ে কার্যকর পথ হতে পারে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার। সুতরাং এখনই জ্বালানি রূপান্তরের গতি ত্বরান্বিত করতে হবে।

‘পারস্পরিক বাণিজ্যচুক্তির জ্বালানি রূপান্তরে সম্ভাব্য প্রভাব’ বিষয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও জ্বালানি গবেষক ড. মোশাহিদা সুলতানা। তিনি বলেন, জ্বালানিনীতি কখনোই শুধু প্রযুক্তি বা অর্থনীতির বিষয় নয়; এর সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে বাণিজ্য, ভূ-রাজনীতি এবং জাতীয় স্বার্থ। যেকোনো আন্তর্জাতিক চুক্তি এমন হতে হবে, যা বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পথকে শক্তিশালী করবে।

‘জ্বালানি রূপান্তরের আন্দোলন’ বিষয়ে বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। তিনি বলেন, জ্বালানি রূপান্তর কোনো অবান্তর চাওয়া নয়, এটি বাংলাদেশের সময়ের দাবি। জীবাশ্ম জ্বালানির দূষণ, আমদানিনির্ভরতা ও জলবায়ু ঝুঁকি থেকে বেরিয়ে এসে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর, ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, যে উন্নয়ন প্রকল্প প্রকৃতিকে ধ্বংস করে এবং মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলে দেয়, তা কখনো টেকসই উন্নয়ন হতে পারে না। সুতরাং জ্বালানি রূপান্তরের আন্দোলন পরিচ্ছন্ন, ন্যায়ভিত্তিক ও টেকসই হতে হবে।

সভায় জ্বালানি বিশেষজ্ঞ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উন্নয়নকর্মী, পরিবেশ আন্দোলনের প্রতিনিধি, তরুণ নেতৃত্ব এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রতিটি উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ন্যায়সংগত ও টেকসই জ্বালানি রূপান্তর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, গবেষণা ও নীতিগত সংলাপ জোরদার এবং তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ‘এনার্জি টক’ ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।