• ই-পেপার

জামালপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্রের কমিটি বাতিল

বাবুগঞ্জে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর
সংগৃহীত ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল (সিভেট) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকায় অবস্থিত কিরআতুল কুরআন কওমী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কুকুর প্রাণীটিকে ধাওয়া করে আক্রমণ করলে সেটি আহত অবস্থায় মাদরাসা প্রাঙ্গণে আশ্রয় নেয়। এসময় মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ প্রাণীটিকে কুকুরের আক্রমণ থেকে উদ্ধার করেন। কুকুরের কামড়ে প্রাণীটির লেজের অংশে কিছুটা ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

পরে বিষয়টি বাবুগঞ্জ উপজেলা বন বিভাগকে অবহিত করা হলে উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার ঘটনাস্থলে এসে প্রাণীটিকে উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণীটিকে বরিশাল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা শেষে সুস্থ হলে প্রাণীটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার বলেন, এটি একটি স্তন্যপায়ী প্রাণী। গন্ধগোকুলকে ইংরেজিতে সাধারণত ‘সিভেট (Civet)’ বলা হয়। প্রাণীটির নিরাপত্তা ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকৃতিবিদদের মতে, গন্ধগোকুল পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনাঞ্চল সংকোচন, আবাসস্থল ধ্বংস এবং নানা কারণে এ ধরনের প্রাণী বর্তমানে ঝুঁকির মুখে পড়ছে।

খুলনা-নড়াইল সীমান্তে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

খুলনা অফিস
খুলনা-নড়াইল সীমান্তে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

খুলনা-নড়াইলের সীমান্তর্বী এলাকায় খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হায়াত মোল্লা গাজীরহাট বাজার এলাকার খলিল মোল্লার ছেলে। তিনি স্থানীয় যুবলীগের একজন কর্মী বলে দলীয় সূত্র জানিয়েছে। তার চাচা মফিজুল ইসলাম ঠান্ডা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান। হায়াত গাজীরহাট বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে গাজীরহাট বাজার থেকে হেঁটে সীমান্তবর্তী সড়ক পার হয়ে নড়াইলের কালিয়া উপজেলার অংশে গেলে একদল দুর্বৃত্ত ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত খুলনায় পাঠানো হয়।

ঘটনাস্থলটি নড়াইলের কালিয়া উপজেলার মধ্যে হলেও এটি দিঘলিয়ার গাজীরহাট এলাকার সীমান্তসংলগ্ন বলে স্থানীয়রা জানিয়েছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেপ্তার

মাল্টিমিডিয়া রিপোর্টার, সিলেট
৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেপ্তার
রোমন লাল হরিজন

সিলেট নগরীতে ৯০০ পিস ইয়াবাসহ এক আর্জেন্টিনা সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার গায়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি ছিল। শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বন্দরবাজার এলাকার মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম রোমন লাল হরিজন (১৮)। তিনি সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনির বাসিন্দা। তার বাবা দিলু লাল হরিজন এবং মা কাজলী লাল হরিজন।

পুলিশ জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে রোমন লাল হরিজনের দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছে, নগরীতে মাদক কারবার, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের উত্তেজনা, এলাকায় আতঙ্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের উত্তেজনা, এলাকায় আতঙ্ক
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার (৪ জুলাই) উপজেলার জামিরদিয়া এলাকায় এসকিউ গ্রুপের কালার মাস্টার কারখানাকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, কারখানাটির ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালে বহিষ্কৃত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের মালিকানাধীন এইচআরকেএম এন্টারপ্রাইজ কারখানা থেকে ঝুটের মালামাল বের করতে গেলে প্রতিপক্ষের বাধার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চান। তবে কালার মাস্টার কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের কারণে প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

মোর্শেদ আলম দাবি করেন, তাঁর উদ্যোগে এবং তাঁদের অধিকাংশ জমিতে এসকিউ গ্রুপের কালার মাস্টার কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান এইচআরকেএম এন্টারপ্রাইজের মাধ্যমে প্রায় ২২ বছর ধরে কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি অভিযোগ করেন, গত নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ তাঁর ব্যবসা দখলের চেষ্টা করছে। একই ধারাবাহিকতায় শনিবারও তাঁর ব্যবসায়িক কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে, যার ফলে তিনি কারখানা থেকে ঝুটের মালামাল বের করতে পারেননি।

অন্যদিকে খোকা মিয়া বলেন, আগে মোর্শেদ আলমের নামে ওয়ার্ক অর্ডার থাকলেও বর্তমানে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স কেএএস আর এন্টারপ্রাইজের নামে কারখানার ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার রয়েছে। সেই অনুযায়ী গেটপাস নিয়ে তাঁরা মালামাল বের করছেন।

শিল্প পুলিশের পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, সকালে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।