চট্টগ্রামে সাগরপাড়ে বন্দর থানার দুমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাদের একজন বরিশালের আসাদুল ইসলাম (৫০)। তিনি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে চাকুরি করতেন, অপরজনের পরিচয় জানা যায়নি।
শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, দুর্ঘটনায় দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান। আমরা লাশ উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।
রাত সাড়ে ১২টায় চমেক হাসপাতালের সামনে আসাদুল ইসলামের ছেলেসহ স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
প্রতিবেশী কাওসার জানান, আসাদের বাড়ি বরিশাল। তবে তিনি ফৌজদারহাট এলাকায় বাড়ি করে স্থায়ী বসবাস করতেন। তার সংসারে স্ত্রী, কলেজপড়ুয়া এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীর বরাতে কাওসার দাবি করেন, একটি লরি আসাদুলের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। এসময় পেছনের লরি এসে তাদের পিষ্ট করে যায়। লরি দুটি ওভারটেক করার প্রতিযোগিতায় ছিল। লরিটির চালক কম বয়সী ছিলেন বলেও তিনি জানান।
বন্দর থানার ওসি আব্দুর রহিম জানান, দুর্ঘটনার সময় দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।




