রাজধানীর বিভিন্ন এলাকায় গত তিন দিনে ট্রেনের ধাক্কায় তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১০ জুন রাতে কাওলা রেলক্রসিং ও বিমানবন্দর ফাঁড়ির মধ্যবর্তী এলাকা থেকে আসলামুল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি পিরোজপুর জেলায়। একই রাতে ওই এলাকার কাছাকাছি স্থান থেকে ৩০ থেকে ৪০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পরদিন ১১ জুন সকালে একই রেলপথে ট্রেনের ধাক্কায় ৫০ থেকে ৫৫ বছর বয়সী আরেক নারী নিহত হন। এরপর ১২ জুন ভোরে উত্তরা কোটবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসআই আব্দুর রাজ্জাক বলেন, চারজনই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকালে কোনো মরদেহের পরিচয় জানা যায়নি। পরে ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য তথ্যের ভিত্তিতে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা আসলামুল। অপর এক নারীর স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




