গরিব ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকার চলতি বাজেটে বিভিন্ন পণ্যের দাম হ্রাস এবং কর মওকুফের পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা জেলার আয়োজনে স্টার্টআপ, বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘বর্তমান সরকার গরিব-দুঃখী মানুষের সরকার। এ সরকার সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’
ঢাকা-২ আসনের সংসদ সদস্য বলেন, ‘ চলতি বাজেটে গরিব ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে কর মওকুফ ও প্রত্যাহার করা হয়েছে। এসব পদক্ষেপ প্রমাণ করে যে বর্তমান সরকার জনগণের সরকার এবং গরিব-দুঃখী মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে।’
বিএনপি এই নেতা বলেন, ‘বাংলাদেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে আরও শক্তিশালী ও স্বনির্ভর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’
তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশ একদিন বিশ্ব দরবারে আরও উজ্জ্বল অবস্থান অর্জন করবে।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার এবং দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস।





