• ই-পেপার

পাবনায় অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার

নেতাকর্মীদের নিয়ে হাওরে ব্যতিক্রমী আনন্দযাত্রা এমপি কামরুলের

সুনামগঞ্জ প্রতিনিধি
নেতাকর্মীদের নিয়ে হাওরে ব্যতিক্রমী আনন্দযাত্রা এমপি কামরুলের
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল চার উপজেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে হাওরে ব্যতিক্রমী আনন্দযাত্রার আয়োজন করেছেন।

শুক্রবার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজরায় ভেসে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৬০০ নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দলীয় সূত্র জানায়, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার নেতাকর্মীরা এ আয়োজনে অংশ নেন। আনন্দযাত্রায় গান-বাজনা, স্মৃতিচারণা এবং মতবিনিময়ের আয়োজন ছিল।

এ সময় হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তাও তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এমন আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটানোর পাশাপাশি হাওর রক্ষায় সচেতনতার বার্তা দিতেই এই আয়োজন করা হয়েছে।

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মীদের নিয়ে হাওরে এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় বেশ সাড়া ফেলেছে।

১২ বছরের অপেক্ষার অবসান

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু

রফিকুল ইসলাম, রংপুর
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু
ছবি: কালের কণ্ঠ

নানা প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতায় লাল ফিতায় দীর্ঘদিন বন্দি থাকা ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ ফাইল অবশেষে অবমুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার ( ১১ জুন) রাতে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামছুজ্জামান সামুকে চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি, আন্দোলন আর অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’।

নগর পরিকল্পনাবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা—এবার অপরিকল্পিত নগরায়নের চক্র ভেঙে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপ নেবে রংপুর।

জেলা প্রশাসনের অফিস জানিয়েছে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য ২০১৪ সালের ৮ জুন মন্ত্রিপরিষদ সচিব কমিটির সভায় নীতিগত অনুমোদন পেলেও দীর্ঘ ১১-১২ বছর ফাইলবন্দি ছিল বিষয়টি। বিভিন্ন সময়ে খসড়া আইন প্রণয়ন, অংশীজনের মতবিনিময় সভা এবং প্রশাসনিক প্রক্রিয়া এগোলেও কার্যকর কোনো কর্তৃপক্ষ গড়ে ওঠেনি।

এ নিয়ে রংপুর মহানগরের বাসিন্দাদের আন্দোলনের ফলে ২০২৩ সালে আবারও নতুন করে প্রক্রিয়ায় শুরু হলেও, অজ্ঞাত কারণে থেকে যায় গতি। তবে, ২০২৫ সালের নভেম্বরে ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এর গেজেট প্রকাশের মাধ্যমে আইনি ভিত্তি পায় সংস্থাটি। পরবর্তীতে ২০২৬ সালে সংশোধিত অধ্যাদেশ জারি করে এর সাংগঠনিক কাঠামো আরো সুস্পষ্ট করা হয়।

কলেজ শিক্ষক আখতারুজ্জামান বলেন, ‘নগরবাসী চান, অবৈধ দখলমুক্ত ফুটপাত, প্রশস্ত ও পরিকল্পিত সড়ক, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, খাল ও জলাশয় পুনরুদ্ধার, শিশুদের জন্য উন্মুক্ত পার্ক, বিনিয়োগবান্ধব নগর পরিবেশ। রংপুরকে আর কাগজে-কলমে নয়, বাস্তবে একটি পরিকল্পিত নগরীতে পরিণত করতে হবে। দ্রুত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং বাস্তবায়ন শুরু না হলে নতুন কর্তৃপক্ষও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না।’

সুজন রংপুর জেলা কমিটির সভাপতি ফখরুল ইসলাম বেঞ্জু মনে করেন, জলাশয় ও খাল দখল,ফুটপাত ও সড়ক দখল,আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা,যানজট ও ড্রেনেজ সংকট, উন্মুক্ত স্থান ও সবুজায়ন কমে যাওয়া, এসব সমস্যা দিন দিন প্রকট হয়েছে। দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান ছাড়া রংপুরের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

রংপুর বিভাগ প্রতিষ্ঠার পরও নগর ব্যবস্থাপনায় পিছিয়ে ছিল শহরটি। এবার বদলে যাবে এমন প্রত্যাশা আমরা করি।

রংপুর চেম্বার ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল বলেন, ‘পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।’

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান শামছুজ্জামান সামু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, আমি রংপুর নগরবাসীর উন্নয়নে তা যথাযথ চেষ্টা করব।’ 

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা, আটক ৬

মোংলা প্রতিনিধি
মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা, আটক ৬
ছবি: কালের কণ্ঠ

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ডের হাড়বাড়ীয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সকালে ওই স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় দায়িত্ব পালনরত তিনজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যৌথ অভিযান শুরু করা হয়।

ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে কোস্ট গার্ড বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ আরো ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শুক্রবার দুপুর পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরো জানানো হয়, জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের তৎপরতার জন্য পরিচিত। সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপনের ফলে দস্যুদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণেই তারা সংগঠিত হয়ে স্টেশনে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

পাবনা প্রতিনিধি
পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
প্রতীকী ছবি

পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ (২২) পাবনার আতাইকুলা থানার দুবলিয়া ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামের রেন্টু মন্ডলের ছেলে। আহত জুলফিকার (২৫) একই গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পাবনা সদর থানার এসআই মানিক হোসেন জানান, জুলফিকার ও তার চাচাতো ভাই সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে তারাবড়িয়া বাজার পৌঁছালে অপর দিক থেকে আসা পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ যায় সাজ্জাদের। এ ঘটনায় গুরুতর আহত হয় জুলফিকার। তাকে  স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য অর্থেপেডিকস বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী নেওয়া হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, এই ঘটনায় স্বজনরা আইনগত ব্যবস্থা নিতে ইচ্ছুক নন। তাই  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।