মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে কামারখোলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে শ্রীনগর রেলওভার ব্রিজের ঢালে এক ব্যক্তি আহত অবস্থায় পড়ে থাকার খবর পায় শ্রীনগর ফায়ার সার্ভিস।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে কী কারণে ওই ব্যক্তি এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে পড়েছিলেন, সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন নাকি অন্য কোনো কারণে সেখানে পড়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





