• ই-পেপার

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

শেরপুর প্রতিনিধি
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
প্রতীকী ছবি

শেরপুরে নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ইফাত ওই এলাকার দেলু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনের পুকুরপাড়ে গেলে হঠাৎ একটি বিষধর সাপ ইফাতকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গায় খাল থেকে অর্ধগলিত দেহাবশেষ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় খাল থেকে অর্ধগলিত দেহাবশেষ উদ্ধার
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার কুতুবপুর এলাকার একটি খালের পাশে একটি অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত (১২ জুন) পৌনে ১১টার দিকে কুতুবপুর গ্রামের অর্জুন খালের পাশে মরদেহের অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মরদেহের কোমড় থেকে দেহের নিচের অংশ পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি পুরুষ। তার পরনে জিন্স প্যান্ট ছিল। লাশটি অর্ধগলিত এবং মাথার অংশ না পাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে মরদেহের ওপরের অংশ গলে গেছে কিংবা হত্যার পর দ্বিখণ্ডিত করে অন্য কোথাও ফেলা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিখোঁজের একদিন পর ছাত্রশিবির নেতা জিসান মুমূর্ষু অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিখোঁজের একদিন পর ছাত্রশিবির নেতা জিসান মুমূর্ষু অবস্থায় উদ্ধার
সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধানকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল রাফি বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণকারীরা জিসানকে লাকসামে ফেলে রেখে চলে যায়। উদ্ধারের পর দেখা গেছে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বীরবাগগোয়ালী গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন জিসান প্রধান। পথে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন তিনি। রাত আটটার দিকে জিসান তার বাবাকে ফোন করে জানান, তিনি দাউদকান্দি পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন। তবে রাত ৮টা ২৯ মিনিটে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি সর্বশেষ অনলাইন দেখানোর পর থেকেই তার মুঠোফোন বন্ধ হয়ে যায়। একই সঙ্গে তার ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভেট (নিষ্ক্রিয়) পাওয়া যায়।

জিসান প্রধানের বড় ভাই বলেন, ভাইয়ের খোঁজে আমরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও কোনো সন্ধান পাইনি। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) খলিলুর রহমান বলেন, নিখোঁজ ছাত্রনেতাকে লাকসাম রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে পরে কুমিল্লায় নেয়া হয়েছে। ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে কামারখোলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে শ্রীনগর রেলওভার ব্রিজের ঢালে এক ব্যক্তি আহত অবস্থায় পড়ে থাকার খবর পায় শ্রীনগর ফায়ার সার্ভিস।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে কী কারণে ওই ব্যক্তি এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে পড়েছিলেন, সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন নাকি অন্য কোনো কারণে সেখানে পড়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।