রাজধানীর মিরপুর ১০ নম্বরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজু। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েন সন্দেহভাজন এক ব্যক্তি। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গুলির ঘটনা ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধের জেরে এ হামলা চালানো হয়। হামলাকারী ছিল দুজন, অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গুলিবিদ্ধ সাইফুল ইসলামের শরীরে আজ বুধবার অস্ত্রোপচার হবে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরের চৌরঙ্গী মার্কেট এলাকার ৯৬ নম্বর বাসার প্রধান ফটকের সামনে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তাঁকে লক্ষ্য করে এক ব্যক্তি পর পর চার রাউন্ড গুলি ছোড়েন।




