• ই-পেপার

ছাতকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলা

শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বাসস
শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহে যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্ল্যান্ট, শিল্পকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দেশের দুটি এফএসআরইউ বা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে আমদানিকৃত এলএনজি গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এই গ্যাসের ওপর ভিত্তি করেই বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানা সচল থাকে এবং রাজধানীতে গৃহস্থালির রান্নার কাজ চলে।’

বর্তমানে একটি এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি জানান, এটি মেরামতের জন্য একটি বেসরকারি কম্পানি ও পেট্রোবাংলা একযোগে কাজ করছে এবং সরকারের জ্বালানি বিভাগ সার্বক্ষণিক তদারকি করছে।

মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় জ্বালানি প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে নৈতিক শিক্ষার প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নৈতিক মূল্যবোধের অভাব থেকেই রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষকে ঘায়েল করতে একশ্রেণির মানুষ গুজব ও অপতথ্য ছড়াচ্ছে। এই ধরনের অপপ্রচার রোধ করতে সমাজে নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, অতীতে সমাজে নৈতিক শিক্ষার যে শক্তিশালী ভিত ছিল, বর্তমানে প্রাতিষ্ঠানিক ও বৈষয়িক অগ্রগতি হলেও সেই মূল্যবোধের জায়গায় কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। সমাজের সেই নৈতিক মূল্যবোধের জায়গাটি পুনরুদ্ধার করতে হবে। এ সময় তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান এবং সমাজের বিভিন্ন স্তরে দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরির তাগিদ দেন।

নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি : চসিক মেয়র

সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণই একটি পরিচ্ছন্ন, ডেঙ্গুমুক্ত, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার মূল শক্তি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

তিনি বলেন, `পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়; এটি একটি জীবনাচরণ। তাই প্রতি শনিবার নিজের বাসা, ছাদ, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে।'

আজ শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে তিনি এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, একটি সমাজ বা রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন শুরু হয় ব্যক্তি ও পরিবার থেকে। তাই প্রতিটি
নাগরিক যদি সপ্তাহে অন্তত একদিন নিজের বাসা, আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলেন, তাহলে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলা অনেক সহজ হবে।

তিনি বলেন, সরকারি সংস্থার একার পক্ষে নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, এডিস মশার লার্ভা জন্ম নিতে মাত্র ২ থেকে ৩ মিলিলিটার স্বচ্ছ পানিই যথেষ্ট। তাই ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে তিনি বলেন, বর্জ্য থেকে বায়োগ্যাস, বিদ্যুৎ ও গ্রিন ডিজেল উৎপাদনের লক্ষ্যে কোরিয়া, চীন, যুক্তরাজ্য ও জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এ ছাড়া হালিশহর ও আরেফিন নগরের ল্যান্ডফিলকে পরিবেশবান্ধব রূপ দিতে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরীক্ষামূলকভাবে নগরের ২০টি ওয়ার্ডে বিনামূল্যে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী

জেলা প্রতিনিধি, ফেনী
মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
সংগৃহীত ছবি

মাদক ও কিশোর গ্যাং সারা দেশে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করেছেন। খেলাধুলার মাধ্যমে ছেলে-মেয়েদের শারীরিক ও মনস্তাত্ত্বিক বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং থেকেও তাদের দূরে রাখা যাবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ব্যবসা-বাণিজ্য প্রসারের বিষয়ে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য অনুকূল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এগুলো ভালো না হলে কোনো কিছুই ভালো হবে না। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো ত্রুটি নেই।


তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি হয় একমাত্র ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে হয়। সম্পদের ভাগ-বাটোয়ারা বা বিলি বণ্টন করা যায়, কিন্তু দারিদ্র্যের এমন বণ্টন করা সম্ভব নয়। একটি দেশ ও সমাজের জন্য সম্পদ সৃষ্টি অত্যন্ত জরুরি। এজন্য ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসার ঘটাতে হবে। 

পরিবেশমন্ত্রী বলেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সমন্বয় না হলে কোনো সমাজ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব না। যখন ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে তখন সামাজিক বৈষম্যও কমে যাবে। বাড়িতে বসে থাকলে কর্মসংস্থান হবে না। সেজন্য ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যবসায়ীদের ব্যবসার কাজটি করতে দিতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক প্রমুখ। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

৪৫০০ পিস ইয়াবাসহ বদির ফুফাতো বোনের জামাই আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
৪৫০০ পিস ইয়াবাসহ বদির ফুফাতো বোনের জামাই আটক

কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. হাফেজ উল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।

আটক হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফাতো বোনের জামাই। 

শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ জুলাই সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইনানীর একটি বিশেষ দল ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন যাত্রী হাফেজ উল্লাহর কাছে থাকা ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা ইয়াবা এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, হাফেজ উল্লাহর বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের অভিযোগে অভিযান পরিচালিত হয়েছিল। ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী থানার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে হাফেজ উল্লাহকে আটক করা হয়েছিল। পরে বাসের মালামাল রাখার সাইডবক্সে থাকা তার একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ১৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ১৬ লাখ টাকা।