• ই-পেপার

টেস্ট ম্যাচে অভিষেক হলো কিংবদন্তি ব্রায়ান লারা স্টেডিয়ামের

বেলজিয়ামের কোচ হিসেবে রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হলেন ফন বোমেল

ক্রীড়া ডেস্ক
বেলজিয়ামের কোচ হিসেবে রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হলেন ফন বোমেল
বাঁয়ে বোমেল, ডানে রুডি। ছবি : সংগৃহীত

বেলজিয়াম জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন ডাচ কিংবদন্তি ও সাবেক মিডফিল্ডার মার্ক ফন বোমেল। তিনি রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হলেন। আগামী ৩১ জুলাই রুডি গার্সিয়ার সঙ্গে চুক্তি শেষ হবে রয়্যাল বেলজিয়ান ফুটবল এসোসিয়েশনের (আরবিএফএ)। আরবিএফএ এই তথ্য নিশ্চিত করেছে।

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে রেড ডেভিলসদের বিদায়ের পর রুডি গার্সিয়া কোচের পদ থেকে সরে দাঁড়ান। 

আরবিএফএ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মার্ক ফন বোমেল বেলজিয়াম জাতীয় ফুটবল দলের সাথে ইউরো ২০২৮ পর্যন্ত চুক্তি করেছে।’

২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত নেদারল্যান্ডস দলের অন্যতম মিডফিল্ডার ছিলেন মার্ক ফন বোমেল। বেলজিয়াম জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়াকে তিনি ‘বড় সম্মান’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য রয়্যাল বেলজিয়ান ফুটবল এসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। বেলজিয়াম দলে অসাধারণ মানের খেলোয়াড় রয়েছে এবং তাদের সম্ভাবনাও অনেক। আমার কোচিং স্টাফদের নিয়ে আমরা এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা হবে শৃঙ্খলাবদ্ধ, উচ্চাভিলাষী এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহসী। সাফল্যের কোনো নিশ্চয়তা নেই, তবে কঠোর পরিশ্রম, সততা এবং অঙ্গীকারের বিকল্পও নেই।’

২০১৩ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর ফন বোমেল কোচ হিসেবে পিএসভি এইন্ডোভেন, উল্ফসবার্গ এবং রয়্যাল অ্যান্টওয়ার্পেও দায়িত্ব পালন করে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন।

২০২৩ সালে অ্যান্টওয়ার্পকে ৬৬ বছরের মধ্যে প্রথমবারের মতো বেলজিয়ান লিগ শিরোপা জেতানোর এক বছর পর, ২০২৪ সালের জুনে ক্লাবটি ছাড়েন তিনি। এর পর থেকে কোনো দলের দায়িত্বে ছিলেন না।

মন্ট্রিয়ল থেকে সরে দাঁড়ালেন সিনার ও জোকোভিচ

ক্রীড়া ডেস্ক
মন্ট্রিয়ল থেকে সরে দাঁড়ালেন সিনার ও জোকোভিচ
বাঁয়ে সিনার, ডানে জোকোভিচ। ছবি : টিএসএন

আগস্টে অনুষ্ঠিতব্য এটিপি মন্ট্রিয়াল মাস্টার্স থেকে স্বাস্থ্যগত কারণে নাম প্রত্যাহার নিয়েছেন সদ্য উইম্বলডন জয়ী নাম্বার ওয়ান ইতালির টেনিস রাজা ইয়ানিক সিনার। সেই সঙ্গে উইম্বলডনের সদ্য সেমিফাইনালিস্ট এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচও কানাডার ন্যাশনাল ব্যাংক ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

শেষ মুহূর্তে দুই টেনিশ তারকার নাম প্রত্যাহারে হতাশা প্রকাশ করেছেন আয়োজকরা। তারা জানিয়েছেন, গত বছর টরন্টোতে অনুষ্ঠিত আসর থেকেও এই দুই তারকা সরে দাঁড়িয়েছিলেন। 

এক বিবৃতিতে সিনার বলেন, ‘সব দিক বিবেচনা করেই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। মন্ট্রিয়ল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করব। এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট মিস করা কখনোই সহজ নয়। তবে আমাদের বিশ্বাস, স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’

আগামী ১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরটি। ইউএস ওপেনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আসর ছিল এটি।

একই সময়ে নারীদের ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হবে টরন্টোতে। দুটি প্রতিযোগিতা প্রতিবছর পালাক্রমে মন্ট্রিয়ল ও টরন্টো শহরে আয়োজন করা হয়।

টুর্নামেন্ট পরিচালক ভ্যালেরি তেত্রো এক বিবৃতিতে বলেন, ‘আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং বুঝতে পারি যে এত ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। তবে গত কয়েক বছরে এ ধরনের শেষ মুহূর্তের প্রত্যাহারের ঘটনা যেভাবে বাড়ছে, তা আমাদের টুর্নামেন্টের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করছে।’

‘মাস্টার্স ১০০০ টুর্নামেন্টগুলো টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আসর। তাই সমর্থকদেরও প্রত্যাশা থাকে, বিশ্বের সেরা খেলোয়াড়দের এখানে প্রতিদ্বন্দ্বীতা করতে দেখবেন।’

এ অবস্থায় ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও উইম্বলডন রানার্সআপ বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আলেকজান্ডার জেভরেভই এখন মন্ট্রিয়ল টুর্নামেন্টের শীর্ষ বাছাই হওয়ার কথা। তার পরেই থাকবেন কুইবেকের স্থানীয় খেলোয়াড় ফেলিক্স অগার ও আলিয়াসিম।

এর আগেই বিশ্বের তিন নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজ চোটের কারণে মন্ট্রিয়াল থেকে নাম প্রত্যাহার করেছেন। 

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আগামী ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু হবে।

পেলের রেকর্ড ভাঙা তারকার জন্য নেইমারের দাম ছাড়াতে চায় রিয়াল!

ক্রীড়া ডেস্ক
পেলের রেকর্ড ভাঙা তারকার জন্য নেইমারের দাম ছাড়াতে চায় রিয়াল!
ছবি : এআই

২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে মহাকাব্যিক পারফরম্যান্সের পর দলবদলের বাজারের সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছেন মাইকেল ওলিসে। বায়ার্ন মিউনিখের এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ বিশাল অঙ্কের প্রস্তাব সাজাচ্ছে বলে জোর গুঞ্জন উঠেছে। এমনকি জাতীয় দল সতীর্থ ও গ্যালাকটিকো তারকা কিলিয়ান এমবাপ্পেও সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে ওলিসেকে বার্নাবেউতে আনার জন্য তদবির করছেন বলে জানা গেছে। তবে পর্দার আড়ালে চুক্তির বাস্তবতা কতটা, তা নিয়ে চলছে জোর আলোচনা। বিখ্যাত ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘গোল ডট কম’-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ফ্রি-রোমিং রোলে দুর্দান্ত পারফর্ম করেছেন ওলিসে। পুরো টুর্নামেন্টে একাই করেছেন ৭টি অ্যাসিস্ট, যার ৫টিতেই গোল করেছেন এমবাপ্পে। এর মাধ্যমে পেলে ৫৬ বছর আগে গড়ে রাখা এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে নিজের ঝুলিতে পুরেছেন তিনি। ফ্রান্স সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিলেও ওলিসের চাহিদা এখন তুঙ্গে।

ইউরোপীয় গণমাধ্যমের মতে, রিয়াল মাদ্রিদ এই তরুণ তুর্কিকে কিনতে ২০ কোটি ইউরো (প্রায় ১৭৩ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত খরচ করতে প্রস্তুত। এটি বাস্তবায়িত হলে সব খরচ মিলিয়ে নেইমারকে টপকে ওলিসেই হয়ে উঠবেন বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পুনর্নির্বাচনী প্রচারণার সময় কোনো এক বড় ক্লাবের সেরা তারকাকে ১৫ কোটি ইউরোয় কেনার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছিলেন। স্প্যানিশ টিভি শো ‘হরাইজন্টে’-তে তিনি অবশ্য ওলিসের নাম সরাসরি অস্বীকার করেন। পরে দেখা যায়, বার্সেলোনাকে ধোঁকা দিতে অ্যাটলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজের জন্য ১৫ কোটি ইউরোর বিড করে রিয়াল, যা সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে অ্যাতলেতিকো।

গুঞ্জন তীব্র হতে থাকলে বায়ার্ন মিউনিখের সঙ্গে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক বজায় রাখতে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে তারা জানায়, ওলিসে বা তার এজেন্টের সঙ্গে রিয়ালের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ হয়নি।

বিবৃতির পর জলঘোলা কিছুটা কমলেও ফ্রান্স টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরপরই ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো দাবি করে, ক্রিস্টাল প্যালেস থেকে বায়ার্নে যাওয়া ওলিসে নিজের ক্যারিয়ারের পরবর্তী ধাপ হিসেবে রিয়াল মাদ্রিদকেই বেছে নিতে চান।

জার্মান ও স্প্যানিশ গণমাধ্যমের দাবি, এতে অনুঘটক হিসেবে কাজ করেছেন খোদ এমবাপ্পে। বিশ্বকাপে দুজনে মিলে রেকর্ড গড়ে গোল বানানোর পর এমবাপ্পে নাকি ক্লাব প্রেসিডেন্ট পেরেজকে সরাসরি ফোন করেন। নতুন কোচ হোসে মরিনহোর ট্যাকটিক্সে ওলিসেই হবেন নিখুঁত সংযোজনএমনটা বুঝিয়ে পেরেজকে দলবদলের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন তিনি। 

সৌদি ডলার ফিরিয়ে তুর্কিতে ‘ইজিপশিয়ান কিং’ সালাহ

ক্রীড়া ডেস্ক
সৌদি ডলার ফিরিয়ে তুর্কিতে ‘ইজিপশিয়ান কিং’ সালাহ
ছবি : রয়টার্স

ইউরোপীয় ফুটবলে নিজের মহাকাব্যিক ক্যারিয়ারের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। তুর্কি পরাশক্তি বেসিকতাসের সঙ্গে ইজিপশিয়ান কিংয়ের আলোচনা এখন শেষ মুহূর্তে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমেই ক্লাবের ঐতিহ্যবাহী সাদা-কালো জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে লিভারপুলের এই সাবেক ফরোয়ার্ডকে।

অ্যানফিল্ডের দুর্গ অলংকৃত করে দীর্ঘ ৯ মৌসুমের সোনালি যাত্রা শেষে সম্প্রতি লিভারপুলকে বিদায় জানিয়েছেন সালাহ। অল রেডসদের হয়ে ঘরোয়া ও মহাদেশীয় সব শিরোপা জেতার পাশাপাশি একের পর এক রেকর্ড ভেঙে অ্যানফিল্ডের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। 

খ্যাতিমান ইতালিয়ান ট্রান্সফার সাংবাদিক নিকোলো স্কিরার বরাত দিয়ে জানা গেছে, সালাহ ও তার এজেন্টের সঙ্গে ব্যক্তিগত চুক্তির শর্তাবলীতে পুরোপুরি সম্মত হয়েছে বেসিকতাস। প্রাথমিক চুক্তির মেয়াদ হবে এক বছরের, যেখানে সালাহর পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ ইউরো। চুক্তিতে আরো এক বছর (২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত) মেয়াদ বাড়ানোর অপশন রাখা হচ্ছে। 

বেসিকতাসের ইতালিয়ান কোচ ভিনসেঞ্জো ইতালিয়ানো মূলত ক্লাবের ভবিষ্যৎ প্রজেক্ট সালাহর সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরে তাকে রাজি করাতে মুখ্য ভূমিকা পালন করেন।

বর্তমানে ক্লাবের পরিচালনা পর্ষদ চুক্তির আনুষঙ্গিক নথিপত্র চূড়ান্ত করছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই ক্লাব থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

উল্লেখ্য, সালাহকে পেতে সৌদি লিগের একাধিক শীর্ষ ক্লাব পানির মতো অর্থ ঢালতে প্রস্তুত ছিল। তবে মধ্যপ্রাচ্যের অঢেল অর্থের মোহ ত্যাগ করে ইউরোপের শীর্ষ ফুটবলেই নিজের অবস্থান ধরে রাখার সিদ্ধান্ত নেন সালাহ। আর তার সেই ইচ্ছাই শেষ পর্যন্ত তুর্কি জায়ান্ট বেসিকতাসের দিকেই পাল্লা ভারী করে দিল।