• ই-পেপার

টিটিইর ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত, কুষ্টিয়ায় ট্রেন আটকে বিক্ষোভ

রাতের আঁধারে ৯ নারীকে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
রাতের আঁধারে ৯ নারীকে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তেদ গভীর রাতে নয়জন ভারতীয় নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের কঠোর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের বাড়তি টহল এবং সদস্য উপস্থিতি বাড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির ২৯১ নম্বর মেইন পিলারের ২০-এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার ভোরে ভারতের শ্রীরামপুর সীমান্ত এলাকা দিয়ে ৯ জন নারীকে জোরপূর্বক সীমানা অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। ওই সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের চোখে বিষয়টি ধরা পড়লে তারা বিএসএফকে বাধা দেন। বিজিবির বাঁশির শব্দ ও সতর্ক অবস্থানে সাড়া দিয়ে স্থানীয় বাসিন্দারাও দ্রুত সীমান্তে একত্র হন। বিজিবি ও স্থানীয়দের তোপের মুখে পড়ে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

পরবর্তীকালে সকাল সাড়ে সাতটার দিকে সীমানার ওপারে আবারও অতিরিক্ত বিএসএফ সদস্য জড়ো হতে থাকেন। এতে করে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। তবে বিজিবির শক্ত অবস্থান এবং বিজিবি-গ্রামবাসীর যৌথ প্রতিরোধের কারণে শেষ পর্যন্ত বিএসএফ তাদের পুশ ইনের চেষ্টা পুরোপুরি বাতিল করে ওই নারীদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

ঘটনার বিবরণ দিয়ে সীমান্তের ষাটোর্ধ্ব বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠি। বাইরে এসে দেখি নয়জন নারীকে জোর করে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা চলছে। আমরা পুরো গ্রামের মানুষ এক হয়ে বিজিবির সঙ্গে তাদের আটকে দিই। সকাল থেকেই ওপারে বিএসএফের আনাগোনা বাড়ায় আমরা সতর্ক অবস্থানে আছি ‘

বিষয়টি নিশ্চিত করে কাটলা ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য শুকুর আলী জানান, ভোরে বিএসএফের এই অন্যায় অনুপ্রবেশের চেষ্টা গ্রামবাসী ও বিজিবির যৌথ প্রতিরোধে নস্যাৎ হয়ে যায়। এরপর থেকেই সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম জানান, ভারত থেকে অবৈধ উপায়ে নয়জন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছিল বিএসএফ। বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়েছে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

জামালপুরে নকলের দায়ে ১২ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
জামালপুরে নকলের দায়ে ১২ পরীক্ষার্থী বহিষ্কার
সংগৃহীত ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষায় নকলের দায়ে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার একে মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃতদের মধ্যে সানন্দবাড়ী ডিগ্রি কলেজের ছয়জন এবং মোফাজ্জল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছয়জন শিক্ষার্থী রয়েছেন।

কেন্দ্র সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও বইয়ের কাটা অংশ (কাটিং) পাওয়া যায়। পরে পরীক্ষার বিধিমালা লঙ্ঘনের দায়ে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্র পরিদর্শনের সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও বইয়ের কাটিং পাওয়া গেছে। পরীক্ষার নিয়ম ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে।’

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তার কোনো ভিত্তি নেই। আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের নানা পরিবেশনা উপভোগ করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। আগে যে শুল্ক নীতি ছিল তাদের আইন অনুসারে সময় অতিক্রম করায় নতুন করে একই মাত্রার শুল্ক থাকবে, তবে তা ভিন্ন নামে।’

তীব্র খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশে ইউরিয়াসহ সব সারের যথেষ্ট মজুদ রয়েছে। ফলে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

সমাবর্তন অনুষ্ঠানে ওই বিদ্যালয় দুটির পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক ও সিলেট জেলা ও মাহনগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোথাও গর্ত, কোথাও ফাটল, আলগা পিচ-খোয়া

১৫ দিনেই উঠে গেল ৮৭ লাখ টাকার কার্পেটিং

রংপুর অফিস
১৫ দিনেই উঠে গেল ৮৭ লাখ টাকার কার্পেটিং
৮৭ লাখ টাকার কাজ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে উঠে যাচ্ছে কর্পেটিং। ছবি : কালের কণ্ঠ

সরকারি অর্থে সড়ক সংস্কারের কাজ শেষ হয়েছে মাত্র দুই সপ্তাহ আগে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন স্থানে উঠে যেতে শুরু করেছে কার্পেটিং। কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও দেখা দিয়েছে ফাটল, আবার কোথাও সামান্য হাত দিলেই উঠে আসছে পিচ ও খোয়া। প্রায় ৮৭ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত সড়কের এমন বেহাল অবস্থায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের কিশামত শেরপুর এলাকার। অভিযোগ উঠেছে—কাজে মারাত্মক নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতেই ১৫ দিনও টিকেনি নবনির্মিত এই সড়ক।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে সওজ-এর পর্যায়বৃত্ত রক্ষণাবেক্ষণ কর্মসূচির (পিএমপি) আওতায় কিশামত শেরপুর এলাকায় ২ হাজার ৬০০ বর্গমিটার সড়কের কার্পেটিং কাজ করা হয়। এতে ব্যয় ধরা হয় ৮৭ লাখ ৫৩ হাজার টাকা। কাজটি বাস্তবায়ন করে ‘হোসাইন ট্রেডার্স অ্যান্ড করপোরেশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা গেছে, সড়কের একাধিক অংশে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিটুমিন ও পাথরের বাঁধন আলগা হয়ে পড়ে আছে। এ ছাড়া সড়কের দুই পাশের এজিংয়ের (প্রান্তিক অংশ) ইট মূল কার্পেটিংয়ের চেয়ে উঁচু করে বসানো হয়েছে। এতে কয়েক দিনের বৃষ্টির পানি সড়কের মাঝখানে জমে গিয়ে কার্পেটিং আরও দ্রুত নষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মজনু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘লাখ লাখ টাকা খরচ করে রাস্তা বানাল, অথচ ১৫ দিনও টিকল না! হাত দিয়ে একটু ঘষা দিলেই পিচ উঠে আসছে। এমন হরিলুটের কাজের সঙ্গে জড়িতদের কড়া শাস্তি হওয়া দরকার।’

আরেক বাসিন্দা আব্দুল কাদের প্রশ্ন তুলে বলেন, ‘রাস্তার দুই ধারের ইট এত উঁচু যে পানি নামার কোনো পথ নেই। সাধারণ মানুষ যা খালি চোখে বুঝতে পারছে, সওজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা তদারককারীরা তা কিভাবে পাস করলেন?’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম বলেন, ‘কাজের মান নিশ্চিত করতে আমি একাধিকবার ঠিকাদারকে সতর্ক করেছিলাম। কিন্তু তিনি আমার কোনো পরামর্শই কানে তোলেননি।’

তবে নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন ট্রেডার্স অ্যান্ড কর্পোরেশনের প্রতিনিধি রেদোয়ান ইকবাল। তিনি বলেন, ‘কাজ চলাকালে অতিবৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে। নিম্নমানের কাজ করার প্রশ্নই ওঠে না। যেসব জায়গায় ত্রুটি দেখা দিয়েছে, সেগুলো আমরা নিজ খরচে আবার ঠিক করে দিচ্ছি।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে রংপুর সওজের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘এজিংয়ের ইট উঁচু থাকার কারণে পানি জমে কার্পেটিং ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদারকিতে কোনো গাফিলতি কিংবা কাজে অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’