• ই-পেপার

বগুড়ায় পানির ট্যাংকারের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

ঝালকাঠিতে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

দেশের বিখ্যাত ঝালকাঠির ভিমরুলী পেয়ারা বাগান সংলগ্ন ভাসমান বাজারের খালে গোসল করতে গিয়ে আম গাছ থেকে ঝাপ দিয়ে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর মো. সানি (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) পেয়ারা বাগান ঘুরতে গিয়ে ভাসমান বাজারের উত্তর পাশে দুপুর ২টার দিকে খালে লাফ দিয়ে নিখোঁজ হয় সানি। সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার লাশ উদ্ধার করে। সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, শনিবার সকালে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে পেয়ারা বাগান ও ভাসমান বাজার ভ্রমণ করতে ভিমরুলী এলাকায় যায়। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে ভিমরুলী বাজারের উত্তর পাশে ভাসমান বাজারের খালে গোসল করতে নামে।

একপর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আম গাছ থেকে খালে ঝাপ দেয়। সঙ্গীরা তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কোনোভাবেই তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় তাকে উদ্ধার করে। পরিবারের লোকজন তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম বন্দরে ক্রেনের রশি ছিঁড়ে নিচে পড়ল কনটেইনার

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বন্দরে ক্রেনের রশি ছিঁড়ে নিচে পড়ল কনটেইনার
ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম বন্দরের সিসিটিতে জাহাজ থেকে নামানোর সময় কোয়ে গ্যান্ট্রি ক্রেনের (কিউজিসি) রশি ছিঁড়ে একটি কনটেইনার নিচে পড়ে গেছে। শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর বার্থে এ ঘটনা ঘটে।

ক্রেন ও কনটেইনারটি ক্ষতিগ্রস্ত হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, চাং হাই নামে জাহাজ থেকে কিউজিসি-৪-এর মাধ্যমে একটি ৪০ ফুটের আমদানি কনটেইনার নামানোর সময় স্প্রেডারের লেসিং ছিঁড়ে কনটেইনারটি ওই ক্রেনের বিমের ওপর পড়ে যায়।

স্প্রেডার হল ক্রেনের একটি অংশ, যা কনটেইনারকে উপর থেকে শক্ত করে ধরে রাখে। আর ‘লেসিং’ বলতে বুঝায় স্প্রেডারের ‘ওয়্যার-রোপকে’ (তারের দড়ি)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিওতে দেখা যায়, স্প্রেডারটি বাতাসে ঝুলছে। কনটেইনারের অংশ বিশেষ নিচে রাখা একটি কনটেইনার ট্রেইলারের উপর পড়েছে। এতে ট্রেইলারটির পিছনের অংশ দুমড়ে গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব বলেন, এ ঘটনায় ক্রেন ও কনটেইনার, উভয়ই আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সর্বোচ্চ বন্দর নিরাপত্তা প্রোটোকল তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

যান্ত্রিক ত্রুটির মূল কারণ উদঘাটনে বন্দর একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করেছে জানিয়ে বন্দর কর্মকর্তা সৈয়দ রেফায়েত হামিম বলেন, আজ রাতেই দুর্ঘটনাকবলিত কনটেইনারটি নিরাপদ অপসারণ এবং ইকুইপমেন্ট উদ্ধারের কাজ শুরু হয়েছে। আগামীকাল সকাল থেকে কিউজিসি-৫-এর মেরামত কাজ শুরু হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটির ৩ নম্বর বার্থের ওই অংশটি ছাড়া বন্দরের অন্য সব বার্থে কনটেইনার ওঠানামা ও সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে।

প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

কক্সবাজারের টেকনাফ থেকে আসা একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে রামু থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক মো. হোসেন আলীকে (৪৫) আটক করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক গাড়ির চালক মো. হোসেন আলী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল গ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া কালের কণ্ঠকে জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী প্রাইভেট কারে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল মেরিন ড্রাইভ সড়কে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির এক পর্যায়ে গাড়ির পেছনে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালক মো. হোসেন আলীকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধারের টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ধারের টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা
ছবি: কালের কণ্ঠ

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা আনতে গিয়ে হত্যার শিকার হয়েছেন আলিনুর ফকির (৩০) নামের এক রাজমিস্ত্রি। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কুমারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আলিনুর ওই এলাকার বাসিন্দা আব্দুল হাই ফকিরের ছেলে।

নিহতের বড় ভাই আমিনুর ফকির জানান, গত রমজানে কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দিয়েছিল আলিনুর। দীর্ঘদিন পার হলেও রাজিব ওই টাকা না দিয়ে ঘুরাচ্ছিল। শনিবার রাতে টাকা দেওয়ার কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজিব ও তার লোকজন।

জানা গেছে, টাকা আনতে রাত ১০টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে (রাজিবের বাড়ির পাশে) গেলে আগে থেকে ওঁত পেতে থাকা রাজিব ও তার লোকজন আলিনুর ও তার ভাই আমিনুরের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা আলিনুরকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিৎ কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।