কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বদলির কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইউএনও রাফে মোহাম্মদ ছড়াকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওকে কেন্দ্র করে অভিযোগ ওঠে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার ঘটনায় সম্পৃক্ত ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
তবে ইউএনও রাফে মোহাম্মদ ছড়া অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ওই দিন তিনি দিনের বেলা নয়, রাতে দায়িত্ব পালন করেছিলেন এবং তখন কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি।
তিনি আরো দাবি করেন, অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেটের সঙ্গে জড়িত একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।




