নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতী আক্তার (৮), উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। এর মধ্যে লামিয়া স্থানী একটি মাদরাসা ও জান্নাতী একটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার বড়কান্দা ও ভেলুয়ারচরে পানিতে ডুবে ৬ শিশুর মৃত্যু হলো।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি ভেলুয়ারচরে বেড়াতে আসে শিশু লামিয়া আক্তার। পরে স্থানীয় শিশু জান্নাতীর সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতীর দাদা আবুল কালাম বলেন, ‘আমার নাতনি ও বেড়াতে আসা আরেকটি শিশু একসঙ্গে বিলে গোসল করতে নেমেছিল। সেখানেই তারা পানিতে ডুবে মারা যান।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শীলা বলেন, ‘আজ বেলা ১১টার দিকে ভেলুয়ারচর থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়।’ হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় কাঁকন নদীর একটি খালে গোসল করতে নেমে ৪ মাদরাসা শিক্ষার্থী তাবিয়া, জান্নাত, সুমাইয়া ও আয়েশা পানিতে ডুবে মারা যায়। সেই ঘটনার শোক কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে আরো দুই কন্যাশিশুর প্রাণহানির ঘটনায় পুরো রায়পুরাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার সকাল পর্যন্ত পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে মোট ৯ কন্যাশিশুর মৃত্যু হয়েছে।




